
নীলফামারীর ডিমলা উপজেলার কোরানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা খাতুন। স্বামী আবু বেলাল সরকারও শিক্ষক। তিনি ডিমলা আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তাঁদের দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে মেহেদী হাসান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে পাশ করে কিছুদিন আগে চাকরিতে ঢুকেছেন। আর মেয়ে বনিয়াতুল মুছাইয়াদা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সবে পাশ করে চাকরি খুঁজছেন। ছোট ছেলে মেহেবুব জাহেদী বাবার স্কুলেই পড়ে। এক সুখী পরিবারের চিত্র এটা। তিন সন্তানের শিক্ষক মা-বাবার দিন কাটছিল ভালোই। মাজেদা খাতুন ডিমলা উপজেলায় দুবার শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতিও পেয়েছিলেন।
হঠাৎ করেই সেই সুখের সংসারে দেখা দেয় মেঘের ছায়া। বছরটা ২০১০। মেহেবুব জাহেদী তখন ষষ্ঠ শ্রেণির ছাত্র। কিডনির রোগ ধরা পড়ল। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো তার চিকিৎসা। পাঁচ মাস চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকের পরামর্শে ২০১১ সালের ৫ আগস্ট ভারতের ভেলোরে খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে কিডনি সংযোজনের জন্য ভর্তি করা হয় মেহেবুবকে।
শিক্ষক দম্পতির সংগ্রাম শুরু হলো। একদিকে তখন ছেলেমেয়ের লেখাপড়ার খরচ, অন্যদিকে চিকিৎসা। বাড়তি সঞ্চয় না থাকার কারণে প্রথমে হাত পড়ে সোনার গয়নার ওপর। সে টাকা দেশে চিকিৎসা করাতেই শেষ হয়ে যায়। ভারতে যাওয়ার জন্য বিক্রি করতে হয় উত্তরাধিকার সূত্রে পাওয়া স্বামীর জমি। পাশাপাশি হাতও পাততে হয় কাছের মানুষদের কাছে।
২০১১ সালের ১ ডিসেম্বর মেহেবুবের দেহে সফলভাবে কিডনি সংযোজন হয়, কিডনি দেন তার বাবা। এর আগে মা কিডনি দেওয়ার যাবতীয় প্রস্তুতি নিলেও দেখা যায় মাজেদা খাতুনের নিজেরই একটি কিডনি ত্রুটিপূর্ণ। মেহেবুব জাহেদীর অস্ত্রোপচারের পর সেখানে আরও ছয় মাস থাকতে হয়। ভারতে সব মিলিয়ে খরচ হয় ৪৩ লাখ টাকা। জমি বিক্রির টাকাতেও কুলায় না এ খরচ। এ জন্য বাড়িভিটার ওপর নেওয়া হয় ব্যাংক, কয়েকটি এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ, যা পরিশোধে স্বামী-স্ত্রীর বেতনের টাকাতেও সাপ্তাহিক ও মাসিক কিস্তি পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
২০১২ সালের ১ জুন ছেলেকে নিয়ে দেশে ফিরলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন মাস পর প্রথম চেকআপে এবং ছয় মাস অন্তর দ্বিতীয়, তৃতীয় ও ২০১৪ জুনে চতুর্থবার চেকআপে যেতে হয় সিএমসি হাসপাতালে। প্রতিবার যাওয়া-আসা ও চেকআপে খরচ হয় প্রায় দুই লাখ টাকা। এর বাইরেও মেহেবুব জাহেদীকে প্রতি মাসে খেতে হচ্ছে প্রায় ২০ হাজার টাকার ওষুধ।
এক দিকে ঋণের বোঝা, অন্যদিকে ছেলের চিকিৎসার খরচ নিয়ে উদ্বিগ্ন মাজেদা খাতুন। তার পরেও হাল ছাড়তে নারাজ তিনি। কিছুদিন আগে ডিমলার হাসপাতাল সড়কে মাজেদা খাতুনের বাড়িতে গেলে তিনি বলেন, ‘আমি প্রথম থেকেই সন্তানদের জন্য কষ্ট করেছি। সবকিছু শেষ করে ছেলের চিকিৎসা করাচ্ছি। এখনো প্রতিবছরে একবার করে তার চেকআপের জন্য ভেলোরে যেতে হবে।’ আগামী এপ্রিল মাসে যাওয়ার তারিখ আছে তাঁদের। মেহেবুবের স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ কিনতে লাগবে প্রায় তিন লাখ টাকা। কিন্তু বিক্রি করার মতো আর কোনো জমিও নেই তার শিক্ষক মা-বাবার।
মেহেবুব জাহেদীও বোঝে মা-বাবার কষ্টের কথা। বলে, ‘আমার জন্য সবাই কষ্ট করছেন, কিন্তু তাঁরা আমাকে বুঝতে দিতে চান না। আমার ইচ্ছা আমি বড় হয়ে বিজ্ঞানী হব। কিন্তু আমি সুস্থ থাকতে পারব তো?’
এ প্রশ্নই এখন মাজেদা খাতুনদের সামনে। মাথা না নুয়ে এতটা পথে এসেছেন, এখন আরও সামনে এগোতে পারবেন তো?