মাধ্যমিক পর্যায়ে জিপিএ-৫ পাওয়া যে ৫০ জনকে বৃত্তি দেওয়া হয়েছিল, তাঁদের ৩৪ জন এবার উচ্চমাধ্যমিকেও জিপিএ-৫ পেয়েছেন। স্নাতক পর্যায়ে তাঁদের লেখাপড়ার খরচ বহন করবে ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট’ ‘আমি পেরেছি...আবারও জিপিএ-৫ পেয়েছি!’—সিলেট নগরের আম্বরখানা এলাকার নাজমিন বেগম উচ্চমাধ্যমিক ফল ঘোষণার পর প্রথম আলোর সিলেট কার্যালয়ে এসে যখন কথাগুলো বলছিলেন, তখন তাঁর চোখেমুখে খেলা করছিল বিজয়ের আনন্দ আর মাথা না-নোয়ানোর সুখ। নাজমিন এ বছর সিলেট সরকারি মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন। অদম্য এই মেধাবীর চোখে এখন চিকিৎসক হওয়ার স্বপ্ন।শুধু নাজমিন নন, ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি পাওয়া সবার চোখেই এখন বর্ণিল স্বপ্নের ফুলঝুরি। কোনো অভাব, কোনো বাধা দমাতে পারেনি তাঁদের।মাধ্যমিকের পর দরিদ্র মেধাবী ৫০ জনকে বাছাই করে শিক্ষাবৃত্তি দেয় ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট’ অদম্য মেধাবী তহবিল। দুই বছর পর আবার সাফল্য। ৫০ জনের মধ্যে একজন গুরুতর অসুস্থ থাকায় পরীক্ষা শুরু করেও শেষ করতে পারেননি। আরেকজন পড়ছেন পলিটেকনিক ইনস্টিটিউটে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া এই ৪৮ জনের মধ্যে ৩৪ জনই এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন। বাকিদের ফলাফলও জিপিএ-৫-এর কাছাকাছি।উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া এই ৩৪ জন অদম্য মেধাবীকে আবারও উচ্চশিক্ষা বৃত্তি দেবে ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী’ তহবিল। তবে শর্ত একটাই, প্রত্যেককেই লড়াই করে টিকতে হবে উচ্চশিক্ষার বিদ্যাপীঠে।এরই মধ্যে শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, ব্যাংকার, কৃষিবিদসহ নানা পেশায় যাওয়ার স্বপ্নে বিভোর এসব অদম্য মেধাবী। স্বপ্নের খেয়ায় ভর করে কত কত কথা তাঁদের! যেমন সাতক্ষীরার আশাশুনির উত্তম কুমার সরদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়তে চান। ‘আমি প্রথম আলোকে দেওয়া কথা রেখেছি। সবাইকে জানিয়ে দেবেন, আমি জিপিএ-৫ পেয়েছি!’ ১৮ জুলাই ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মুঠোফোনে উত্তমের উচ্ছ্বাস ছিল এমনই।আবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার আবদুর রাজ্জাকের কথাতেও উচ্ছ্বাস আছে, একই সঙ্গে আছে এক করুণ কাহিনি। তাঁর দৃষ্টিশক্তি নেই। দিনমজুর বাবার নেই পড়ানোর সামর্থ্য। তার পরও সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন তিনি। রাজ্জাক বলেন, ‘আমার চোখের আলো নেই। প্রথম আলো পাশে দাঁড়িয়েছিল বলেই আমার জ্ঞানের আলো লাভের পথ খুলে গেছে।’ ভবিষ্যতে আইনজীবী বা আইন বিষয়ের শিক্ষক হওয়ার ইচ্ছা তাঁর।উত্তম বা রাজ্জাকের স্বপ্ন যখন আইনবিদ হওয়া, তখন ময়মনসিংহের নান্দাইল উপজেলার রোজিনা আক্তার, গাইবান্ধার চন্দ্রশেখর চৌহান, নীলফামারী সৈয়দপুরের জয়ন্তী রায়, নাটোরের মামুন হেসেন, সুনামগঞ্জের আওলাদ হোসেন, কিশোরগঞ্জের লিটন মিয়াসহ অনেকেই স্বপ্ন দেখছেন চিকিৎসক হয়ে গরিব-দুঃখীর সেবা করার।দুই বছর আগে যখন এসএসসিতে তাঁর জিপিএ-৫ পাওয়ার খবরটি জানা গেল, তখন অন্যের জমিতে ধান কাটছিলেন হাজিগঞ্জের অদম্য মেধাবী সাব্বির হোসেন। এইচএসসিতে এবারও তিনি বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়েছেন। বললেন, ‘যদি প্রকৌশলী হতে পারি, তবে অনেক দিনের স্বপ্ন পূরণ হবে।’ অন্যদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইকরা সুলতানা ও কুমিল্লার সুমী আক্তার হতে চান ব্যাংকার।শুধু এঁরাই নন, ৩৪ জনের সবাই যেমন অদম্য মেধাবী, তেমনই অদম্য সংগ্রামী। তাঁদের সবার স্বপ্নই যেন আজ নতুন দিগন্তের খোঁজে। সেই দিগন্তযাত্রায় সবারই রয়েছে হার না-মানা, মাথা না-নোয়ানো জীবনসংগ্রামের গল্প।