তবু শ্রীমঙ্গলে চায়ের নিলাম?
সমুদ্রবন্দরকে কেন্দ্র করে প্রায় ৬০ বছর আগে চায়ের নিলাম কেন্দ্র গড়ে উঠেছিল চট্টগ্রামে। এরপর তো এই কেন্দ্র ঘিরে মহাযজ্ঞ! গড়ে উঠেছে চায়ের পরীক্ষা কেন্দ্র, গুদাম, চা প্যাকেটিং ও ব্ল্যান্ডিং কারখানা। চা বেচাকেনায় জড়িত ব্রোকার হাউসের সংখ্যাও কম নয়। এ ছাড়া চায়ের ব্যবসায় জড়িত প্রতিষ্ঠানের সংখ্যাও চট্টগ্রামে বেশি। এর পরও সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদরে দ্বিতীয় নিলাম কেন্দ্র করার প্রক্রিয়া চলছে।
সিলেটের ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের জন্য সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি পরীক্ষামূলকভাবে এ বছর থেকে প্রতি মাসে শ্রীমঙ্গলে একটি নিলাম কার্যক্রম পরিচালনার সুপারিশ করে। এতে আপত্তি তোলেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।
কিন্তু চট্টগ্রামের ব্যবসায়ী সংগঠনগুলোর আপত্তি উপেক্ষা করে শ্রীমঙ্গলে নিলাম কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদীয় কমিটির সুপারিশের পর গত বুধবার ‘টি সেলস কো-অর্ডিনেশন কমিটি’র বিশেষ সভায়সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৭ নভেম্বর একটি কমিটির পরিদর্শনের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। চা ব্যবসায়ী, চা সংসদ ও ব্রোকার হাউসের প্রতিনিধিদের নিয়ে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, মূলত সিলেটের চা উৎপাদক ও ব্যবসায়ীরা শ্রীমঙ্গলে চায়ের নিলাম কেন্দ্র স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন। তাঁদের যুক্তি, সিংহভাগ চা সিলেটে উৎপাদন হওয়ায় সেখানেই নতুন করে অবকাঠামো গড়ে তোলা উচিত। এ ক্ষেত্রে সিলেট থেকে চট্টগ্রামে চা পরিবহন করতে হবে না। তবে চট্টগ্রামের ব্যবসায়ীদের যুক্তি—রপ্তানি ও বিপণনসহ অবকাঠামোগত দিক থেকে সব সুবিধা রয়েছে চট্টগ্রামে। চা পরিবহন ও বেচাকেনা করতে ব্যবসায়ীদের জন্য সুবিধা এখানে।
শ্রীমঙ্গলে নিলাম কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে চা ব্যবসায়ীরা সরকারের এ সিদ্ধান্ত মানতে নারাজ। এ ব্যাপারে ১১ সেপ্টেম্বর চা ব্যবসায়ী সমিতির সভাপতি মির্জা সালমান ইস্পাহানী চিঠি দিয়েছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আবদুস সালাম খানকে। চিঠিতে তিনি ১২টি যুক্তি তুলে ধরে সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তিনি মনে করেন, দেশে চা উৎপাদন হচ্ছে ৬০ মিলিয়ন কেজি। চট্টগ্রামে নিলামে চা বিক্রির ক্ষমতা রয়েছে ৮৫ থেকে ৯৫ মিলিয়ন কেজি। চট্টগ্রামের নিলামে বিক্রয়ক্ষমতার বেশি চা উৎপাদন হলেই দ্বিতীয় নিলাম কেন্দ্র স্থাপনের কথা চিন্তা করা যেতে পারে।
চট্টগ্রাম চেম্বারও একাধিকবার সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, চা-বাগানের সিংহভাগ সিলেটে হলেও সমুদ্রবন্দর ঘিরে চায়ের বিপণন এবং রপ্তানিসুবিধা কাজে লাগিয়ে ৬০ বছর ধরে হাজার কোটি টাকার অবকাঠামো গড়ে উঠেছে এখানে। নতুন করে শ্রীমঙ্গলে চায়ের নিলাম কেন্দ্র স্থাপনের গুরুত্ব অনিবার্য হয়ে ওঠেনি। এই চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত চট্টগ্রামকে গুরুত্বহীন করার চেষ্টা বলে মনে করেন তিনি।
বাংলাদেশ চা ব্যবসায়ী সমিতির তথ্যানুযায়ী, নিলামে বিক্রি হওয়া চায়ের ৮৫ শতাংশের ক্রেতা চট্টগ্রামের ব্যবসায়ীরা। গত বছর চট্টগ্রামের নিলামে মোট ১০ লাখ ৭৯ হাজার ৫৫৯ বস্তা চা বিক্রি হয়। এর মধ্যে চট্টগ্রামের ব্যবসায়ীরা কিনেছেন নয় লাখ ২০ হাজার ৮৮৪ বস্তা। নিলাম বাজারে এ পরিমাণ চায়ের মূল্য আনুমানিক এক হাজার ২০০ কোটি টাকা। প্রতি বস্তায় কম-বেশি ৫৫ কেজি চা থাকে।
চা ব্যবসায়ী সমিতির হিসাবে, চায়ের ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে ছোট-বড় প্রতিষ্ঠান রয়েছে প্রায় ২৩৬টি।এসব প্রতিষ্ঠানের সিংহভাগই চট্টগ্রামে। ইস্পাহানী গ্রুপ ও আবুল খায়ের গ্রুপের মতো বড় প্রতিষ্ঠান ছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ীরা ছড়িয়ে-ছিটিয়ে আছেন এ চট্টগ্রামেই।
চা ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবদুল হাই চৌধুরী বলেন, চা বোর্ডের কমিটি সরেজমিন পরিদর্শনের পর যে প্রতিবেদন পেশ করবে সেটির ওপর ভিত্তি করে বাণিজ্য মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কমিটিতে আমাদের সংগঠনের তিনজন প্রতিনিধি থাকবেন। তিনি বলেন, এখন আমরাও কমিটির প্রতিবেদনের অপেক্ষায় আছি।