খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম ডলুছড়ি গ্রামের যতীন বিকাশ চাকমার (৬৫) সহায়-সম্বল, জায়গাজমি কিছুই নেই। ঝিরি-ঝরনা ও পাহাড় থেকে মাছ, শামুক, সবজি ও ফলমূল সংগ্রহ করে কোনোমতে সংসার চালান। ঘরে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ-পথ্য কেনারও সামর্থ্য নেই। তবু যতীন স্বপ্ন দেখেন। কারণ, শত প্রতিকূলতা ও বাধা ডিঙিয়ে একমাত্র ছেলেটিকে পড়ালেখা করিয়েছেন তিনি। অদম্য মেধাবী ছেলেটিই তাঁর শেষ ভরসা।এলাকায় সবাই যতীনকে চেনে সাজেক্যা চাকমা নামে। ১৯৮৬ সালে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে উঠলে যতীন আশ্রয় নিয়েছিলেন ভারতের মিজোরামে। পরে দেশে ফিরে এলেও শরণার্থীর তালিকায় নাম ওঠেনি। দুর্গম সাজেকভ্যালি থেকে শুরু করে পার্বত্য এলাকার নানা জায়গায় ঘুরেছেন ভাগ্যান্বেষণে। বৃদ্ধ বয়সেও পাননি কোনো স্থায়ী ঠিকানা। অন্যের জমিতে ঘর তুলে থাকতে হয় তাঁকে। জায়গার মালিক চলে যেতে বললে নতুন কোনো জায়গায় গিয়ে ঘর বাঁধেন তিনি। জরাজীর্ণ একটি মাচাংঘরে কোনোক্রমে বসবাস করছেন যতীন ও তাঁর অসুস্থ স্ত্রী। সম্প্রতি ডলুছড়িতে গেলে কথা হয় তাঁর সঙ্গে। যতীন জানালেন, কোনো বেলা খাওয়া হয়, কোনো বেলা না খেয়ে থাকতে হয়। পাহাড়ের জুমে জন্মানো সবজি বেঁচে যা আয় হয় তার বড় একটা অংশ রেখে দেন সন্তানের লেখাপড়ার খরচের জন্য। ১৫-১৬ বছর ধরে এভাবেই ছেলের লেখাপড়ার খরচ চালিয়েছেন। দুই সন্তানের জনক যতীন চাকমা মেয়ে সাধনা দেবীকে বিয়ে দিয়েছেন। লেখাপড়া করিয়েছেন ছেলেকে। অভাব, দারিদ্র্যের মধ্যে থেকেও ছেলেটি পড়ালেখায় বরাবর ভালো করেছে। ২০০৯ সালে এসএসসিতে জিপিএ ৪ দশমিক ১৯ ও এইচএসসিতে জিপিএ-৪ পেয়েছেন শান্তি। দীঘিনালা ডিগ্রি কলেজে বিএসএস প্রথম বর্ষে ভর্তি হয়ে ইতিমধ্যে শিক্ষকদের নজরও কেড়েছেন তিনি। অভাবের ভারী বোঝাটা বরাবরই হালকা করে দিয়েছে ছেলের সাফল্যের সংবাদ। ‘এই তো আর কিছুদিন পর ছেলেটা একটা চাকরি করবে, সংসারের হাল ধরবে’—এমন আশাবাদ নিয়ে এখন বেঁচে আছেন যতীন। স্বপ্নের কথা বলতে বলতে চোখের জলও বাঁধ মানে না। বলেন, ‘ছেলেকে দুই বেলা পেট ভরে খাবার দিতে পারিনি। পাহাড় থেকে আলু, ছড়া থেকে মাছ, শামুকসহ নানা ধরনের তরিতরকারি সংগ্রহ করে সেগুলো বিক্রি করে ওর পড়ালেখার খরচ ও সংসার চালিয়েছি। নিজের জায়গা নেই। জায়গার মালিক চলে যেতে বললে ঘর ভেঙে চলে যাই। স্ত্রী স্নেহপুদীর চিকিৎসা করাতে পারি না টাকার অভাবে। তবু ছেলেটা লেখাপড়া করছে এটা ভেবে মনে সান্ত্বনা পাই।’দীঘিনালা ডিগ্রি কলেজে গেলে কথা হয় যতীন চাকমার ছেলে শান্তি জীবন চাকমার সঙ্গে। তিনি বলেন, ‘আমার বাবা অনেক কষ্ট করে আমাকে পড়ালেখা শেখাচ্ছেন। বর্তমানে আমি ছাত্র পড়িয়ে কোনো রকমে পড়ালেখার খরচ মেটানোর চেষ্টা করছি।’