তবু স্বপ্ন বোনেন মর্জিনারা

বুধবার বেলা একটা। মাথার ওপরে গনগনে সূর্য। গ্রীষ্মের খরতাপে প্রাণ ওষ্ঠাগত। এর মধ্যেই নগরের সদরঘাট স্ট্যান্ড রোডে রাস্তা সংস্কারের কাজ করছিলেন একদল শ্রমিক, যাঁদের অর্ধেকই নারী। পুরুষ শ্রমিকেরা ভাঙা রাস্তা খুঁড়ছিলেন। খোঁড়া পিচ আর ইট-পাথরের টুকরো মাথায় করে অনেকখানি দূরে স্তূপ করছিলেন নারী শ্রমিকেরা।
মাথা থেকে দরদর করে ঘাম ঝরছিল শ্রমিকদের। ধুলো-ময়লা লেগে নারীদের পরনের মলিন শাড়ি তখন আরও মলিন। বেশ দক্ষতার সঙ্গেই কাজ করছিলেন এই শ্রমিকেরা। কাজের ফাঁকে কথা হয় মর্জিনা বেগম (৩৮) নামের এক নারী শ্রমিকের সঙ্গে।
গাইবান্ধা জেলার হাটগারিয়াপুরের গ্রামে মর্জিনাদের ভিটা লাগোয়া সামান্য কিছু জমি আছে। প্রতি মৌসুমে যে ফসল হয়, তা দিয়ে ছয়জনের সংসার চলত না। গ্রামেও কোনো কাজ নেই। তিন বেলার খাবার নিশ্চিত করতে তাই এক দশক আগে গ্রাম ছাড়েন মর্জিনা। স্বামী জামাত আলীর সঙ্গে আসেন চট্টগ্রাম শহরে। তিন সন্তানকে রেখে আসেন গ্রামে শাশুড়ির কাছে। চট্টগ্রামে এসে স্বামী-স্ত্রী মিলে শুরু করেন দিনমজুরির কাজ।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদয়াস্ত খাটেন। বিনিময়ে বেলা শেষে হাতে আসে ৩০০ টাকা। স্বামী পান ৪০০ টাকা। প্রতি মাসেই রোজগারের অর্ধেকটা বাড়ি পাঠাতে হয়। বড় মেয়ের বিয়ে দিয়েছেন, ছোট সন্তানেরা বিদ্যালয়ে যাচ্ছে। সন্তানদের নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন মর্জিনা। প্রথম আলোকে বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী পড়াশোনা শিখতে পারি নাই। কিন্তু ছেলেমেয়েদের পড়াশোনা করাব। মেয়েকে ভালো বিয়ে দেব। ছেলেকে অফিসার বানাব। ছেলে আর মেয়ের নামে আলাদা ডিপিএস (ব্যাংকে মাসিক সঞ্চয়) খুলেছি। প্রতি মাসে এক হাজার টাকা জমা করি।’
বর্ষার মৌসুমে বড় কষ্টে পড়েন মর্জিনা ও তাঁর স্বামী। নির্মাণকাজ কম থাকে বলে রোজগারও কমে যায়। সে কারণে শুকনো মৌসুমে অসুস্থ না হলে কাজে কামাই করেন না দুজনেই। সকালে ভাত খেয়ে কাজে বেরিয়ে পড়েন। সঙ্গে থাকে দুপুরের জন্য ভাত, নয়তো চিড়া।
মর্জিনার মতো প্রায় একই গল্প আফরোজা (৩৬) আর মুরশিদা বেগমের (৪০)। খেয়ে–পরে বাঁচার স্বপ্ন নিয়ে তাঁরাও গাইবান্ধা থেকে চট্টগ্রামে এসেছেন। তাঁদের স্বামীরাও দিনমজুর। আফরোজা বলেন, ‘যত দিন গায়ে শক্তি থাকবে, রোজগার করে যাব। স্বামীর একার রোজগারে ঠিকমতো তো ভাত জুটবে না। ছেলেমেয়েদেরও ভবিষ্যৎ আছে।’
প্রতিদিনই মর্জিনা, আফরোজাদের মতো নারীরা দেশের শ্রমশক্তিতে যুক্ত হচ্ছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৩ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের ৫ কোটি ৮০ লাখ মানুষ নানাভাবে শ্রমবাজারের সঙ্গে যুক্ত। এর মধ্যে নারী ১ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার। কিন্তু এঁদের বেশির ভাগই অনানুষ্ঠানিক খাতের শ্রমিক হিসেবে কাজ করছেন, যার সংখ্যা ১ কোটি ৫২ লাখ। অনানুষ্ঠানিক নির্মাণ খাতে নারী শ্রমিকের সংখ্যা ১৫ লাখ ৩ হাজার। কৃষি, বনায়ন ও মৎস্য খাতে নারীর অংশগ্রহণ সবচেয়ে বেশি। অনানুষ্ঠানিক খাতের শ্রমিক হওয়ায় তাঁদের কর্মঘণ্টা বা মজুরি নিয়েও খুব একটা উচ্চবাচ্য দেখা যায় না।
নানা সীমাবদ্ধতার মধ্যেও তৈরি পোশাকশিল্পে তো বটেই, পুরুষের পাশাপাশি কৃষি, শিল্প ও নির্মাণ খাতেও অবদান রেখে চলেছেন নারী শ্রমিকেরা। একদিকে সংসার, সন্তান লালন–পালন; অন্যদিকে বাইরে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করছেন। কর্মক্ষেত্রে মজুরিসহ নানা বৈষম্যের শিকার হয়েও সেগুলোকে মেনে নিচ্ছেন বেশির ভাগ নারী। একই ধরনের কাজ করার পরও মজুরি কম পাচ্ছেন কেন এই প্রশ্নে মর্জিনা যেমন প্রথম আলোকে বলেন, ‘পুরুষেরা তো একটু বেশিই পায়।’
বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি লতিফা কবির প্রথম আলোকে বলেন, শ্রমিকদের মধ্যে নারী ও শিশু শ্রমিকেরা সবচেয়ে দুরবস্থায় আছেন। মজুরি–বৈষম্য এখানে সাধারণ সমস্যা। তবে পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে ওঠা এই নারী শ্রমিকেরা নিজেদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন নন। এই বৈষম্য দূর করতে সরকারকে প্রধান ভূমিকা নিতে হবে। একই সঙ্গে যাঁরা মানবাধিকার ও নারী অধিকার নিয়ে কাজ করছেন, তাঁদেরও উচিত সরকারের ওপর চাপ তৈরি করা।