তবুও এগিয়ে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের বাড়ির সমেলা চাচিকে ভিক্ষাবৃত্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবই আনব—প্রথম আলোর শপথ অভিযানে আমি এই শপথটি করেছিলাম।সে এক অসাধারণ অভিজ্ঞতা আমার। আমি খুব প্রস্তুতি নিয়ে শপথটা করিনি। অনেকটা ঝোঁকের বশে এই শপথবাক্যটা ব্যানারে লিখেছিলাম। কিন্তু শপথ করার পর বারবার মনে হলো, এটা আমার ওপর যেন একটা বোঝা, একটা বিরাট দায়িত্ব। সত্যি বলতে কি, আমি ঠিক বুঝতে পারছিলাম না কী করে সমেলা চাচির দীর্ঘদিনের পেশা ভিক্ষাবৃত্তি থেকে তাঁকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। আমি মাঝেমধ্যে হতাশ হয়ে যেতাম। সমেলা চাচি একসময় আমাদের বাড়িতে কাজ করতেন। বয়সের কারণে তিনি কাজ ছেড়ে দিয়ে ভিক্ষা শুরু করেন।এদিকে আমার ছোট বোন আমাকে প্রায়ই বলে, ‘ভাইয়া, শপথ করে তা রাখতে না পারলে কিন্তু তোমাকে কিরায় খাবে।’ আমি একটু ভয় পেয়ে যেতাম। আমি বিষয়টা নিয়ে আব্বা ও আম্মার সঙ্গে আলাপ করলাম। তাঁদের কাছ থেকে বুদ্ধি, সাহস পেলাম। তাঁরা আমার হাতে কিছু টাকা-পয়সাও দিলেন শপথ রক্ষার জন্য। এরপর বাড়ি গেলাম। সমেলা চাচির সঙ্গে আলাপ হলো। জানালেন, তিনি পুঁজি পেলে ব্যবসা করবেন; ভিক্ষা করবেন না। আমি এক চাচাকে সঙ্গে নিয়ে বাজার থেকে টুকরি, পান, সুপারি, সাদাপাতা, জর্দা, খয়ের, তিন পদের চেপাশুঁটকি, এক বয়াম চকলেট কিনে চাচিকে দামদর বুঝিয়ে দিলাম। পরের দিন তিনি হাসিমুখে আমার দাদুর কাছে পান-সুপারি বিক্রির মধ্য দিয়ে ব্যবসা শুরু করলেন। তিনি মানুষের ঘরে ঘরে ভিক্ষার পরিবর্তে এসব জিনিসপত্র ফেরি করতে লাগলেন।আশ্চর্যের বিষয় হলো, যার ঘরে গেলেন, সে-ই বাহবা দিল আর কিছু না কিছু কিনল। সমেলা চাচি এক বেলায় সব পণ্য বিক্রি করে টাকার পুঁটলিসহ আমার কাছে এলেন। এক বেলায় তাঁর লাভ হয়েছে ৬২ টাকা। আমি এখন মোবাইল ফোনে প্রায়ই চাচির ব্যবসার খবর নিই।গত পরশু একজন আমাকে জানাল, চাচি এখন ব্যবসাও করেন, আবার মাঝেমধ্যে গোপনে দূরের গ্রামে গিয়ে নাকি ভিক্ষাও করেন। শুনে খুব কষ্ট পেয়েছিলাম। কিন্তু আব্বার কথায় হতাশা একটু কাটল। বাবা বলেছিলেন, ‘হতাশার কিছু নেই। একসময় সমেলা নিশ্চয়ই নিজেকে পুরোপুরি শুধরে নেবে। তুমি এখন অর্ধেক সফল হয়েছ। তোমাকে আরও এগিয়ে যেতে হবে।’ আল শামস মুহাম্মদ গালিবমণিপুর ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।