তবুও গরাইয়া নৃত্য দীঘিনালায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীঘিনালায় আদিবাসী পল্লিতে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হলো বৈসাবি। তবে অনেকের মধ্যে চাপা আতঙ্ক ছিল এ সময়। কয়েকটি সংগঠন উৎসব বর্জন করে। বৈসাবি পালন করায় বাবুছড়া নোয়াপাড়া গ্রামে তিন যুবককে বেঁধে গ্রামে ঘুরিয়েছে বর্জনকারী একটি সংগঠন। এরপরও বৈসাবিতে ছিল ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গরাইয়া নৃত্যসহ নানা আয়োজন। নতুন বর্ষকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করা হয়। দর্শকদের মধ্যে পরিবেশন করা হয় পান্তা ইলিশ ও ভর্তা। চাপ্পাপাড়া থেকে আসা গরাইয়া দলের ঐতিহ্যবাহী গরাইয়া নৃত্য দারুণ উপভোগ করেন দর্শকেরা। সারা দিন চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় আসা কুসুম বালা ত্রিপুরা বৈসু কীভাবে পালন করছেন জানতে চাইলে বলেন, ‘বৈসু পালন করছি সে কথা বলতে পারব না। কারণ বড় বাবুরা বৈসাবি বর্জন করেছেন।’পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমীর চাকমা জানান, ‘আমরা বৈসাবি বর্জন করিনি, যাঁরা বর্জন করেছেন তাঁরা অন্য সংগঠনের। তবে নোয়াপাড়া গ্রামে বৈসাবি পালন করায় তিন যুবককে বেঁধে গ্রামে ঘোরানো হয়েছে বলে শুনেছি।’ উপজেলা চেয়ারম্যান ধম্মবীর চাকমা বলেন, ‘সংস্কৃতি বর্জন প্রতিবাদের ভাষা হতে পারে না। উৎসব বর্জন করে আনন্দ উল্লাস থেকে বঞ্চিত করা যুক্তিসংগত কি না সেটা আদিবাসীরাই মূল্যায়ন করবেন।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষচন্দ্র পাল জানান, বাধা দেওয়ার অভিযোগ নিয়ে কেউ আসেননি।