তবুও তারা ফিরে যাবে পাহাড়েই

‘এই পাহাড় আমার ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছে। নিজের চোখে আমি ভাইকে মারা যেতে দেখেছি। সেই ঘটনা এখনো আমাকে তাড়িয়ে বেড়ায়। কিন্তু আমি জানি, আমাকে আবার সেই পাহাড়েই ফিরে যেতে হবে। আমার কাছে অর্থের মানে হচ্ছে পাহাড়। অর্থ আয়ের আর কোনো পথ আমার জানা নেই। জীবনের ঝঁুকি থাকা সত্ত্বেও অর্থ রোজগারের জন্য আমাকে আগামী মৌসুমেই পাহাড়ে ফিরে যেতে হবে।’ কথাগুলো বলছিলেন পেমা ছেপাল শেরপা।
গত এপ্রিল মাসে এভারেস্টের চূড়ায় ওঠার সময় তুষার ধসের ঘটনায় পেমা ছেপালের ভাইসহ ১৬ জন প্রাণ হারান। এভারেস্টের ইতিহাসে এটা সবচেয়ে বড় দুর্ঘটনা। এ ঘটনার পর নেপালের কয়েক শ শেরপা ভালো বেতন এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আন্দোলন করে আসছেন। শুধু তা-ই নয়, তাঁরা কাজও বন্ধ করে দিয়েছেন। শেরপাদের এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় কাজ বন্ধ করে দেওয়ার পরও তাঁদের দাবি পূরণের কোনো সম্ভাবনা তাঁরা দেখছেন না।
এপ্রিলের তুষারধসের ঘটনায় বেঁচে যাওয়া ডাওয়া শেরপা বলেন, আমি আশা করছি যে আমাদের কাজের পরিবেশের মান উন্নত হবে। কিন্তু আমি এ-ও জানি, কোনো কিছুই পরিবর্তন হবে না।
শেরপাদের অভিযোগ, সরকার এপ্রিলের ওই দুর্ঘটনাকে গুরুত্বের সঙ্গে নেয়নি। তাঁরা পর্বতারোহণ অভিযান পরিচালনাকারী সংস্থাগুলোর বিরুদ্ধেও দায়িত্বে অবহেলার অভিযোগ আনেন।
নেপাল সরকার প্রথমে এপ্রিলের দুর্ঘটনায় নিহত প্রতিটি ব্যক্তির পরিবারকে প্রথমে ৪০০ ডলার করে দেওয়ার পরিকল্পনা করেছিল। পরে সমালোচনার মুখে সরকার তা ১০ গুণ বাড়িয়ে দেয়। এ ছাড়া সরকার পর্বতারোহণ অভিযান পরিচালনাকারী সংস্থাগুলোকে শেরপাদের জন্য করা জীবনবিমার অর্থ ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার ডলার করার সুপারিশ করে।
এভারেস্টে পবর্তারোহীদের অভিযান নেপালের জন্য একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। ২০১২ সালে নেপাল সরকার পর্বতারোহণ অভিযান থেকে প্রায় ৩৫ লাখ ডলার আয় করে, যার ৮০ শতাংশ আসে এভারেস্ট অভিযান থেকে। আর এর মূলে রয়েছে শেরপারা। তাঁরা এভারেস্টে ওঠার জন্য অভিযাত্রীদের সঙ্গী হচ্ছেন। তাঁদের সাহায্য করছেন।
শেরপারা বলছেন, অধিকাংশ শেরপা হচ্ছেন বয়সে যুবক এবং নিরক্ষর। তাঁদের দারিদ্রে৵র সুযোগ নিয়ে অভিযান পরিচালনাকারী সংস্থাগুলো কম বেতনে খাটিয়ে নিচ্ছে। অভিযাত্রীদের কাছে থেকে অভিযান পরিচালনাকারী সংস্থাগুলো যে পরিমাণ অর্থ আয় করে তার ১০ শতাংশও শেরপাদের দেয় না। এক হিসাবে দেখা গেছে, এভারেস্টে ওঠার মৌসুমে একজন শেরপা প্রায় পাঁচ হাজার ডলার আয় করেন। এদিকে অভিযান পরিচালনাকারী সংস্থাগুলো শুধু একজন অভিযাত্রীর কাছ থেকে নেয় প্রায় ৮০ হাজার ডলার।
আন্তর্জাতিক অভিযান পরিচালনাকারী সংস্থাগুলো বলছে, তারা শেরপাদের বেশ ভালো মজুরি দিচ্ছে। কিন্তু সম্প্রতি এই ব্যবসায় এসেছে এ রকম নেপালি অনেক প্রতিষ্ঠান তা দিচ্ছে না। ফলে শেরপাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আন্তর্জাতিক অভিযান পরিচালনাকারী সংস্থাগুলোর অন্যতম ইন্টারন্যাশনাল ক্লাইম্বিং অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফেডারেশনের প্রেসিডেন্ট ফ্রিটস ভ্রিজলান্ট বলেন, এখন অভিযাত্রীরা সবাই এভারেস্টের চূড়ায় ওঠার জন্য শেরপাদের দিয়ে সব কাজ করিয়ে নিয়ে চান।
নেপালের অভিযান পরিচালনা সংস্থাগুলোর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দামবার পারাজুলি বলেন, ‘এখানে ব্যাপক প্রতিযোগিতা চলছে। তবুও আমরা একটি সাধারণ মান বজায় রাখার চেষ্টা করি। যদিও হয়তো অনেক সময় তা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সমান হয় না। আমরা সঠিক জানি না তারা অভিযাত্রীদের কাছ থেকে কী পরিমাণ অর্থ নেয়।’
এখন প্রায় নয় হাজার শেরপা পর্বতারোহণ পেশার সঙ্গে জড়িত। অভিযাত্রীদের পর্বতে ওঠার ক্ষেত্রে মূলত সব কাজ শেরপারাই করে থাকেন। শেরপারা বলেন, তারা প্রতি মৌসুমে যে পরিমাণ অর্থ পান, তা দিয়ে মাত্র কয়েক মাস পরিবারের ভরণপোষণ করতে পারেন। এর চেয়ে কৃষিকাজ করা অনেক বেশি লাভজনক।
শেরপারা জানে, নেপালের গোটা একটি শিল্প তাদের ওপর নির্ভরশীল। কিন্তু তাদের ক্ষমতা খুবই কম। এত বঞ্চনার পরও তাদের পাহাড়েই ফিরে যেতে হবে দুমুঠো অন্ন জোগাড়ের জন্য।
নওয়াজ ফারহিন