তবুও ত্বকের যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্বকের শুষ্কতা দূর করতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। মডেল: সুস্মি। ছবি: অধুনা
ত্বকের শুষ্কতা দূর করতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। মডেল: সুস্মি। ছবি: অধুনা

ডায়াবেটিস হলে সব সময় বাড়তি যত্নের দরকার হয়। শুধু খাদ্যাভাস বা ব্যায়ামই নয়, এ ধরনের রোগীর ত্বকের ক্ষেত্রেও আলাদাভাবে যত্নের প্রয়োজন। এ সময় ত্বক শুষ্ক হয়ে যায়।
শুষ্ক ত্বকের বিরুদ্ধে স্বাস্থ্যকর আহার ও রক্তের সুগার নিয়ন্ত্রণই শেষ কথা নয়। সুবাসহীন সাবান ও শ্যাম্পু মেখে স্নান, শুষ্ক ত্বক ঠেকানোর একমাত্র উপায়ও নয়। চাই ত্বকের আরাম ও সতেজ ভাবের জন্য আরও ব্যবস্থা।
১.
খাদ্যে যেন থাকে পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত চর্বি, ওমেগা-৩ তো বটেই। তৈলাক্ত মাছ, টফু, ওয়ালনাট, ফ্ল্যাক্সিড, পালংশাক।
২.
ত্বককে ময়েশ্চারাইজ করার উৎকৃষ্টতম সময় গোসলের পর, যখন ত্বক ভেজা থাকে। আছে নানা ধরনের লোশন যেমন লুব্রিডার্ম, কেটাফিল, গোল্ড বন্ড, কিউরেল। খুব শুষ্ক ত্বকের জন্য গাঢ় তেলতেলে উপশমক ভালো, এগুলোর মধ্যে আছে অ্যাকোয়াফর, ভেসেরিন, ক্রিমকো। যেসব ময়েশ্চারাইজার ল্যাকটিক অ্যাসিডসমৃদ্ধ, যেমন এমলাকটিন, ল্যাকহাইড্রিন এবং ইউরিয়াসমৃদ্ধ ইউবিক্স, সিয়ারমল—সেগুলো ভালো।
৩.
জলপাই তেল শুষ্ক ত্বক নরম করে, আর্দ্র করে। ত্বকে ময়েশ্চারাইজার দেওয়ার আগে জলপাই তেলের পাতলা একটি প্রলেপ দিতে পারেন। গোসল করার আগে জলপাই তেল দিয়ে শরীর মালিশ করতে পারেন ৩০ মিনিট। গোসলের পর ব্যবহার করুন ময়েশ্চারাইজার। জলপাই তেলের পরিবর্তে বাদাম তেলও ব্যবহার করতে পারেন।
৪.
দুধের রয়েছে প্রদাহরোধী গুণ। দুধে আছে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি মৃত কোষও ঝরাবে। ঠান্ডা দুধে ভিজিয়ে নেওয়া একটি ছোট ও নরম তোয়ালে শুষ্ক ত্বকে রাখুন ৫-১০ মিনিট। এরপর কম গরমজলে ভেজা তোয়ালে দিয়ে ধুয়ে ফেলুন স্থানটি।
৫.
চার টেবিল চামচ দুধে কয়েক ফোটা লেবুরস ও গোলাপজল যোগ করুন। ত্বকে আলতোভাবে ঘষুন। এরপর ১০ মিনিট অপেক্ষা করুন, শীতল পানি দিয়ে ধুয়ে নিন। দিনে দুবার করুন।
৬.
গোসলের পর ভেজা ত্বকে ব্যবহার করুন বাদাম তেল বা নারকেল তেল। প্রতিদিন ব্যবহার করুন, বেশ কার্যকর। ঘুমাতে যাওয়ার আগে শরীরে গরম নারকেল তেল মেখে নিলেও ভালো, সকালে ধুয়ে ফেলুন।
৭.
অ্যাভোকাডো স্মুদি খেতে পারেন প্রতিদিন। এর স্বাস্থ্যকর চর্বি ত্বককে রাখে ভেজা ও সজল। অ্যাভোকাডো পেস্ট মাখতে পারেন শরীরে, ধুয়ে ফেলুন। ১৫ মিনিট পর।
৮.
ডায়াবেটিসের রোগীকে দীর্ঘ সময় ধরে স্নান করতে বারণ করা হয়। হালকা গরমজলে বাদাম তেল, জলপাই, নারকেল বা এসেনশিয়াল তেল মিশিয়ে গোসল করলে ত্বক শুষ্ক হবে না।
৯.
ঘুমাতে যাওয়ার আগে এক চামচ বাদাম তেল এক গ্লাস গরম দুধে দিয়ে পান করুন। এতে সতেজ অনুভব করবেন।
লেখক: পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল।­