তবুও পাহাড় ছাড়ছে না ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের কুমিরায় একটি বিয়ে বাড়িতে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করছিলেন নেছারুল বেগম। গত শুক্রবার সকালে খবর পান, বাটালি হিলের পাদদেশে দেয়ালের নিচে চাপা পড়েছে কয়েকটি পরিবার। ছোট তিন ছেলের কথা ভেবে ছুটে আসেন নেছারুল। এসেই জানতে পারেন তাঁর পরিবারের কেউ হতাহত না হলেও শুক্রবার বিকেল পর্যন্ত ১২ জন প্রতিবেশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাটালি হিলের দুর্ঘটনাস্থল থেকে যে পথ দিয়ে মরদেহ নিয়ে যাচ্ছিলেন সেনা ও দমকলবাহিনীর কর্মীরা, সেখানেই দাঁড়িয়ে ছিলেন নেছারুল। মুখে ভাষা নেই, শূন্যদৃষ্টিতে প্রতিবেশীদের মরদেহ নিয়ে যেতে দেখছিলেন তিনি। এসব দেখে তিনি কী নিজেদের ঝুঁকির কথা ভাবছিলেন? ভাবছিলেন কত বিপদ মাথায় নিয়ে পাহাড়ের পাদদেশে বাস করছিলেন তাঁরা?এরপরও এখানেই থাকবেন? এমন প্রশ্নে অসহায়ের ভঙ্গিতে নেছারুল বেগম বলেন, ‘বাবা, আমরা কই যাব? বাবুর্চির সহকারী হিসেবে যে কয় টাকা উপার্জন করি, তাতে পাহাড়ের নিচে ছাড়া কই জায়গা মিলবে?’ নেছারুল বেগম তিন ছেলেকে নিয়ে বাটালি হিলের পাদদেশে ছোট্ট একটি ঘরে বসবাস করছেন। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। স্বামী গ্রামেই কাজ করেন। নিজের উপার্জন দিয়ে অন্য এলাকায় থাকার মতো অবস্থা নেই তাঁর। তাই মাসিক ৭০০ টাকা ভাড়ায় পাহাড়সম ঝুঁকি নিয়ে থাকছেন পাহাড়ের পাদদেশেই। বাটালি হিলে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে কাছাকাছি পাহাড়ের নিচে থাকেন আমির আলী। তিনি বলেন, ‘এখানে আমরা ৫০০ পরিবার থাকি। সবাই স্বল্প আয়ের লোকজন। আমরা তো আর পাঁচ হাজার টাকায় ঘর ভাড়া নিতে পারব না। তাই ঝুঁকি নিয়েই এখানে থাকতে হচ্ছে।’প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের মৃত্যু দেখে অনেকেই হতবিহ্বল হয়েছেন। তাই খাট, বালিশসহ ঘরের সরঞ্জাম নিয়ে বেশ কয়েকজনকে দুর্ঘটনাস্থল ছেড়ে যেতে দেখা গেল গত শুক্রবার বিকেলে।এঁদেরই একজন সালাউদ্দিন। জানতে চাইলাম, ‘কোথায় যাচ্ছেন?’ সালাউদ্দিন বলেন, ‘মতি ঝরনায় যাচ্ছি।’ ‘আবার পাহাড়ের পাদদেশে?’ তিনি বলেন, সেখানে আত্মীয়-স্বজনেরা থাকেন। এ মুহূর্তে সেখানে যাওয়া ছাড়া বিকল্প নেই বলে এলাকা ছেড়ে বেরিয়ে পড়ছিলেন তিনি। আরেকজন কাঠের খাট মাথায় নিয়ে ছাড়ছিলেন বাটালি হিল। সাদ্দাম নামের ওই যুবক জানালেন, ‘আপাতত এখানে থাকা সম্ভব হচ্ছে না বলে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরে আসতে হবে।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছর বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে লোকজন সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। মাইকযোগে প্রচার করে কিংবা কিছু পরিবারকে সরিয়ে নেওয়া হলেও তাঁরা আবার ফিরে আসে। গত বৃহস্পতিবারও বাটালি হিল এলাকায় উচ্ছেদ চালালেও রাতে কিছু পরিবার ফিরে এসে আশ্রয় নেয় পাহাড়ের পাদদেশে। তারাই চাপা পড়ে দেয়াল ও মাটির নিচে। এ প্রসঙ্গে জেলা প্রশাসক ফয়েজ আহমদ বলেন, বার বার উচ্ছেদ করলেও এঁরা পাহাড়ের পাদদেশে চলে আসেন। এখন স্থায়ীভাবে উচ্ছেদ করার বিকল্প নেই। না হলে প্রতি বছর লোক মারা যাওয়ার আশঙ্কা থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীতে অন্তত পাঁচ লাখ স্বল্প আয়ের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাস করছেন। এসব পাহাড়ের মালিকানা বিভিন্ন সরকারি সংস্থার। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ঘর তৈরি করে স্বল্প আয়ের মানুষজনের কাছে ভাড়া দেন। অন্যান্য জায়গার তুলনায় পাহাড়ের পাদদেশে ঘরভাড়া কম। এ কারণে ঝুঁকি সত্ত্বেও নিরুপায় মানুষজন পাহাড়ের পাদদেশ বেছে নিচ্ছেন।