তবুও ভালোবাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল দুয়ার খুলে দিনের আলো দেখতে ইচ্ছা হয় না। শেষ বিকেলের নিস্তেজ সূর্যের মিষ্টি আলো গায়ে মেখে বারান্দায় দাঁড়াতেও মন চায় না। মন চায় না জ্যোৎস্না রাতে স্বপ্নিল জগতে হারিয়ে গুনগুনিয়ে গান গাইতে। এখন মধ্যরাতে বৃষ্টি হলে আমার কাঁদতে ইচ্ছা করে, আর তোমাকে ভীষণ মনে পড়ে। মনে পড়ে, আমি বলেছিলাম, একদিন তোমাকে নিয়ে বৃষ্টিতে ঠিকই ভিজব। তাও রাতের বেলা। শুনে তুমি শুধু হেসেছিলে। আমি কিন্তু সেই কথা আজও ভুলিনি। আচ্ছা, এখন ফাল্গুনের উষ্ণ হাওয়া আমাকে ছুঁয়ে গেলে পুরোনো সুখস্মৃতিগুলো মনে পড়ে না কেন, বলতে পার? কেন সবকিছু থাকা সত্ত্বেও নিজেকে আজ এতটা নিঃস্ব মনে হয়? কার চেতনা, কার বেদনা, কার অনন্ত স্মৃতি আমাকে এতটা অনুভূতিহীন করে গেছে, তা কি তুমি জান?আচ্ছা, তুমি কি কখনো আমার চোখে অভিমানে ছলছল করে ওঠা জল দেখেছ? কখনো টের পেয়েছ, আমার অপলক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থাকা? কখনো কি অনুভব করেছ আমার কপালের ছোট্ট কালো টিপটা কার জন্য? মনে হয় না। যদি তুমি এত কিছু বুঝতে, তাহলে আমার এলোমেলো জগৎটাকে আরও বেশি এলোমেলো করে দিয়ে এতদূরে চলে যেতে পারতে না। পারতে না এত দিন কথা না বলে থাকতে। পারতে না আমাকে এত অপেক্ষা করাতে। আমার পোড়া কপাল। তবুও তোমায় ভালোবাসি।লীলা আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঢাকা