তবুও মাঠে থাকবেন নারী প্রার্থীরা
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুপ্রতীক্ষিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। এবার ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে মেয়র পদে কোনো নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন না। ঢাকা উত্তর ও দক্ষিণে কাউন্সিলর পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ জন নারী এবং সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৭ জন নারী। এই নারী প্রার্থীদের নিয়ে এই আয়োজন।

আওয়ামী লীগের শিরিন রুখসানা ও বিএনপির রুনু আক্তার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড থেকে তাঁরা কাউন্সিলর পদে নির্বাচন করছেন। দুই নারীর রাজনৈতিক আদর্শে মিল নেই, রাজনীতিতে যুক্ত হওয়ার ইতিহাস আলাদা। শুধু এক জায়গায় মিল। দুই নারীই নির্বাচনী মাঠে নেমে অসহযোগিতার মুখে পড়েছেন।
এ বছর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেন ১৮ জন। তাঁদের কমপক্ষে ১২ জন বলেছেন, তাঁরা শেষ দেখে ছাড়বেন। নির্বাচনী মাঠ থেকে তাঁদের সরানো শুধু সহজ নয়, অসম্ভব।
তবু কারও কারও মতে, এই দুই নারী ভাগ্যবান। তাঁরা সেই ছয় নারীর দুজন, যাঁরা কিনা অন্তত দলের সমর্থন পেয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ, শোভাযাত্রা, মিছিল, হরতালে পিকেটিংয়ের সময় নারীদের জোরালো উপস্থিতি চোখে পড়লেও নির্বাচনে দল দুটির পছন্দ পুরুষ প্রার্থী।
জানতে চাইলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, নারীরা সেভাবে সরাসরি নির্বাচনে অংশ নিতে চাননি। সে কারণে আগে সংরক্ষিত ওয়ার্ডে কমিশনার ছিলেন—এমন দুই নারীকে এবার সমর্থন দেওয়া হয়েছে।
দলের সহযোগিতা পাচ্ছেন না এমন প্রার্থীরা বলেছেন, দলের শীর্ষ নেতৃত্ব নারীর ক্ষমতায়নে যতটা আগ্রহী, তাঁর পুরুষ সহকর্মীদের বড় অংশই ততটা অনাগ্রহী।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ২৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করছেন খোন্দকার রোমানা হাসান। রোমানা প্রথম আলোকে বলেন, ‘কে কোন বিবেচনায় মনোনয়ন পেয়েছেন, জানতেও পারলাম না। দেশটা প্রতিযোগিতার। আমি কেন পিছিয়ে থাকব?’
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘দল মনোনয়ন দেয়নি, বিষয়টি এমন নয়। আমরাও চাই নারীদের অংশগ্রহণ বাড়ুক। কিন্তু জয়-পরাজয়ের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে।’
অসহযোগিতার ধরন: যে দুই নারীকে দিয়ে এই প্রতিবেদনের শুরু, তাঁরা বাধা পাচ্ছেন নিজ দলের ভেতর থেকে। শিরিন রুখসানা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। ২৫ বছর ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত। সংরক্ষিত আসনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপির সময়ে। দলে তাঁর অবদান, শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় আওয়ামী লীগ সমর্থন দিয়েছে শিরিনকে। কিন্তু মাঠে নেমেই তিনি বুঝতে পারলেন, আসলে দলের একটি অংশ তাঁর বিপক্ষে অবস্থান নিয়েছে। আর এতে মদদ দিচ্ছেন স্থানীয় সাংসদ আসলামুল হক।
শিরিন প্রথম আলোকে বলেন, ‘আসলামুল হক বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন। ফারুক ভাইকে বললাম, হানিফ ভাইকে বললাম। কোনো কাজ হয়নি। কেউ কিছু করেন না।’
আসলামুল হক প্রথম আলোকে বলেছেন, ‘আপনারা তো অনেক কিছুই লিখছেন। আসলে দলের প্রার্থীই আমার প্রার্থী। তাঁর জন্যই কাজ করছি।’
শিরিন তাঁর পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন। তবে এবারের নির্বাচনী যুদ্ধে শিরিন তাঁর দলের কর্মীদের পাশাপাশি নিজের সন্তানদেরও সঙ্গে পেয়েছেন। তিন সন্তানের মা শিরিনকে এবার সহযোগিতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ছেলে ও প্রকৌশলী মেয়ে।
বিএনপির প্রার্থী রুনু আক্তারের নির্বাচন পরিচালনা করছেন তাঁর চার্টার্ড অ্যাকাউনট্যান্টে পড়া মেয়ে অনি। রুনু আক্তার প্রথম আলোকে বলেন, শুরুতে তিনি বিএনপির সমর্থন পাননি। সমর্থন পেয়েছিলেন বাবুল আক্তার। পরে যখন দল তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এল, তখন বাবুলই হয়ে উঠলেন রুনুর প্রধান প্রতিদ্বন্দ্বী। বাবুল আক্তারের প্রধান পৃষ্ঠপোষক বিএনপিদলীয় সাবেক সাংসদ এস এ খালেক।
এ বিষয়ে জানতে চাইলে বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, রুনু আক্তার মিথ্যাচার করছেন। তিনি বিএনপির সমর্থন পাননি। তিনি তাঁর নির্বাচন করছেন। কাউকে বিরক্ত করছেন না।
অসহযোগিতার মুখে পড়েছেন ১৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদা বেগম। তাঁর বিরুদ্ধে সবচেয়ে শক্ত অবস্থান নিয়েছেন মতিউর রহমান মোল্লা। স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার তাঁর বিপক্ষে অবস্থান নিয়েছেন।
মাহমুদা বলেন, ‘কতজনকে বললাম। কোনো কাজ হলো না। কেউ কথা শুনছেন না।’ এলাকার লোকজন তাঁর সঙ্গে আছেন বলে দাবি করলেন মাহমুদা।
দলীয় অসহযোগিতার মুখে পড়েছেন ঢাকা দক্ষিণের কাউন্সিলর প্রার্থী কোহিনূর বেগম। তিনি কদমতলী মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। কোহিনূরের মেয়ে মর্জিনা বেগম বিদেশ থেকে চলে এসেছেন মায়ের প্রচারে যুক্ত হতে। মর্জিনা প্রথম আলোকে বলেন, ‘৫৩ নম্বর ওয়ার্ড থেকে আমার বাবা মোহাম্মদউল্লাহ দলের সমর্থন পেতে পারেন, এই আশঙ্কা থেকে তাঁকে খুন করেছিল দলের লোকজন। এর পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমাদের দেখাশোনা করছেন। কিন্তু যারা আমার বাবাকে খুন করেছিল, তারাও দলের কোনো কোনো নেতার পৃষ্ঠপোষকতা পেয়েছে। এখনো পাচ্ছে। তারা ভয়ভীতিও দেখাচ্ছে।’
কোহিনূর জানান, ভয়ভীতি দেখানোর প্রক্রিয়াটি অভিনব। স্টিকারে তাঁর যে ছবি, সেখানে গলা কেটে অন্যের ছবি লাগিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের নমুনা তাঁরা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। কথা বলতে বলতে একপর্যায়ে কোহিনূর কেঁদে ফেলেন। তিনি। বলেন, ‘আমার হারানোর কিছু নেই। স্বজন হারিয়ে শেখ হাসিনার মনোবল ভাঙেনি। আমি, আমার সন্তানেরাও তাঁকে দেখে অনুপ্রাণিত হয়েছি।’
হামলা-মামলা: যাঁরা বিএনপির সমর্থন পেয়েছেন, তাঁদের প্রায় প্রত্যেকে পুলিশি হয়রানির অভিযোগ করেছেন। ঢাকা উত্তরে ৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করছেন ফেরদৌসী আহমেদ। গত বছরের মে মাসে একটি এবং এ বছরের মার্চে তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, মিরপুর ১ নম্বরে একটিমাত্র ফটক আছে—এমন একটি কলোনিতে তিনি ভোট চাইতে গিয়েছিলেন। পুলিশ বাড়ি বাড়ি ঢুকে তাঁর খোঁজ করেছে। এরপর এলাকার নারীরা তাঁকে কৌশল করে বের করে দেন।
খুন-ধর্ষণসহ এক ডজন মামলার আসামি স্বামী ছায়েদুর রহমান নিউটন খুন হওয়ার পর তিনি স্বামীর ওয়ার্ড থেকে কমিশনার নির্বাচিত হন।
ঢাকা উত্তরে ১২ নম্বর ওয়ার্ডে রুনু আক্তার, নীলুফা ইয়াসমীন নীলুর বিরুদ্ধেও এই সরকারের আমলে মামলা হয়েছে। রুনু আক্তার নিজের বাড়িতে থাকেন না বলে জানিয়েছেন এই প্রতিবেদককে।
পুরুষ প্রার্থীরা চাপে: ঢাকা উত্তরের ১৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করছেন রাবেয়া আলম। হাসতে হাসতে বলছিলেন, ‘নির্বাচন কৌশলের খেলা। এ খেলায় যে এগিয়ে থাকবে, সে-ই নির্বাচনে জিতবে। এলাকায় আমার দুর্নাম নেই। পুরুষ প্রার্থীরাই চাপে পড়েছে।’
ঢাকা উত্তরের ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী নীলুফা ইয়াসমীন নীলু। দলের সমর্থন না পেয়েও নির্বাচন করছেন তিনি। প্রথম আলোকে তিনি বলেন, একতরফা প্রহসনের নির্বাচনটা যেন নিয়মে পরিণত না হয়, সে জন্য নির্বাচন করা আমার দায়িত্ব।’ নীলুফা বলছিলেন, নারী হওয়ায় অসুবিধার পাশাপাশি সুবিধাও আছে। তিনি ঘরে ঘরে গণসংযোগ করতে পারছেন, পুলিশ খুব একটা হয়রানি করছে না।
ঢাকা দক্ষিণে ২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করছেন হাবিবা চৌধুরী। দল সমর্থন দিয়েছে। তাঁর দলেরই অন্য দুজন প্রার্থী ছিলেন। দলের নির্দেশে বসে গেছেন। তাঁরা মাঠে নামছেন না। এতে একটুও বিচলিত নন তিনি। প্রথম আলোকে বললেন, ‘আমি আছি, থাকব। খুব ভালোভাবেই নির্বাচনী দৌড়টা শেষ করতে চাই।’
আরও পড়ুন