তবুও সফল তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য কেড়ে নিতে পারেনি তাদের সাহস। ইচ্ছাশক্তি দিয়ে জিইয়ে রেখেছে স্বপ্ন। বাধা-বিপত্তির মধ্যেও তারা পড়াশোনা চালিয়ে গেছে। সফলও হয়েছে। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে পেয়েছে জিপিএ-৫। মাছ ধরে মোক্তারের পড়ার খরচভোরের আলো ফুটতেই ছুটতে হয় নাফ নদীতে। রোদ তাতিয়ে ওঠার আগেই মাছ ধরা শেষ করতে হবে। নয়টার পর বাড়ি গিয়ে কাপড় বদলে আবার বিদ্যালয়ে ছুট। বই ছিল না। বন্ধুদের বই ধার নিয়ে চলেছে পড়ালেখা। তারপরও দমে যায়নি মোক্তার। সব প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে এগিয়ে গেছে তার লক্ষ্যে। এবারের এসএসসি পরীক্ষায় কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াবাজার উচ্চবিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে মোক্তার আহমদ। ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছে মোক্তার। অবলম্বন বলতে মেজো ভাই শফিক। কোলেপিঠে করে ভাইকে বড় করেছেন। কিন্তু কী করবে ভাইয়ের অভাবের সংসার। তাই ভাইয়ের সঙ্গে মাছ ধরতে যায় সেও। বড় হয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে মোক্তার।মোক্তারের ভাই শফিক বলেন, বাবা-মাকে হারানোর পরে অপর ভাইয়েরা নিজের সংসার নিয়ে আলাদা হয়ে যায়। কিন্তু আমি মোক্তারকে ছাড়িনি। তাকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করতে চাই।মায়ের চেষ্টায় এত দূর আলীমবাবা দিনমজুর। তাঁর আয়ে সংসারের খরচ চলে না। আলীমের পড়ালেখার জন্য দ্বারে দ্বারে হাত পাতেন মা। জাকাত, ফিতরার টাকা তুলে ছেলের হাতে দেন, যেন পড়ালেখা বন্ধ না হয়। বসে ছিল না আলীমও। পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করত। দিন-রাত কঠোর পরিশ্রমের পর পড়াশোনা ঠিকই চলছিল। এবারের এসএসসিতে টেকনাফের নয়া বাজার উচ্চবিদ্যালয়ে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে আবদুল আলীম। মা নুরজাহান জানান, নিজের জমি না থাকায় সরকারি বন ভূমির পাদদেশে মাটির ঘরের একটি কক্ষে গাদাগাদি করে বসবাস করছি। আলীমের এসএসসির ফরম পূরণের সময় এলাকার লোকজনের কাছ থেকে জাকাত, ফিতরার টাকা নেওয়ার পরও একটি ছাগল বিক্রি করতে হয়েছিল। আবদুল আলীম জানায়, সহপাঠীদের কাছ থেকে বই-খাতা ও শিক্ষকদের সহায়তা নিয়ে পড়াশোনা করেছে সে। মাঝখানে দশম শ্রেণীতে ওঠার পর পাঁচ মাস পড়তে পারেনি। পরে আবার বিদ্যালয়ে ভর্তি হয়েছে। ভবিষ্যতে বিসিএস দিয়ে প্রশাসনিক কর্মকর্তা হওয়ার স্বপ্ন তার।মজুরি খেটে সাইফুলের পড়া বাবা ফজল আহমদের সঙ্গে অন্যের জমিতে কাজ করত সাইফুল। বিদ্যালয়ের ছুটিতে পুরোদিন মজুরি খাটত। এরপরও সন্ধ্যায় বাড়িতে ফিরে বসে যেত বই নিয়ে। এভাবেই চালিয়ে গেছে পড়ালেখা। এবারের এসএসসি পরীক্ষায় হ্নীলা উচ্চবিদ্যালয়ে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে মো. সাইফুল ইসলাম। ফজল আহমদ জানান, অভাবের কারণে অষ্টম শ্রেণী পাস করার পরে তার লেখাপড়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু ছেলে অন্যের জমিতে শ্রম দিয়ে আয়-রোজগার করে লেখাপড়া করেছে। সাইফুল বলে, ‘ফরম পূরণের সময় তিন হাজার ২০০ টাকা জোগাড় করতে দিন-রাত লাগামহীন মজুরি কাজ করেছি। কিন্তু এখন শঙ্কা ভবিষ্যতের দিনগুলো নিয়ে। কলেজে ভর্তি হওয়ার টাকা কীভাবে জোগাড় করব।’হ্নীলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতার আহমদ বলেন, ছোটবেলা থেকেই সাইফুলের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল। সে নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করে পড়াশুনা করেছে।ছলিমার রোজগারে পরিবার ও পড়া দুই-ই চলতবাবা নুরুল হাকিম দিনমজুর। পড়ার খরচ দেওয়ার সামর্থ্য নেই। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় নিজের পড়ার পাশপাশি নিচের ক্লাসের শিক্ষার্থীদের পড়াত ছলিমা। আশপাশের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের পড়িয়ে নিজের লেখাপড়ার খরচ চালাত সে। পাশাপাশি পরিবারকেও সাহায্য করত। এভাবে পড়াশোনা করে ছলিমা আকতার মলকাবানু উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। ছলিমা জানায়, ভবিষ্যতে সে উচ্চতর শিক্ষা গ্রহণ করে ম্যাজিস্ট্রেট হতে চায়। মা খালেদা বেগম বলেন, মেয়ের লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তিনি হতবাক হয়ে যেতেন। আশপাশের ছেলেমেয়েদের পড়িয়ে নিজে অনেক রাত পর্যন্ত পড়ত। পরীক্ষার সময় তো চোখে ঘুম থাকে না, শুধু পড়া আর পড়া।