তরমুজ খেতে রোগ হতাশ চাষিরা

মরে যাচ্ছে তরমুজের চারা, দেখা দিয়েছে পাতা ঝরা, লতা ফাটা ও পাতা পচা রোগ। ফলন আসতে শুরু করলেও গত কয়েক বছরের তুলনায় তা কম। পাশাপাশি ফলের আকারও ছোট। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তরমুজ খেতজুড়েই দেখা যাচ্ছে এই দৃশ্য। ফলে তরমুজের ফলন নিয়ে দুশ্চিন্তায় আছেন চাষিরা।
আনোয়ারা উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ফুলতলী এলাকার ছয় হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। এলাকার প্রায় দুই শ চাষি তরমুজ চাষের সঙ্গে যুক্ত। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত খেত থেকে তরমুজ তোলা হয়।
চাষিদের ধারণা খাল দিয়ে ঢোকা লোনা পানির কারণে মাটি লবণাক্ত হয়ে পড়ায় তরমুজ চাষের এই হাল হয়েছে। কৃষি বিভাগ বলছে দীর্ঘদিন ধরে একই জমিতে একই ফসলের চাষ, সময় মতো সেচ দিতে না পারায় ও যথযথ নিয়ম অনুসরণ করে সার প্রয়োগ না করায় তরমুজ খেতে রোগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে লাভের আশা বাদ দিয়েছেন অনেক কৃষক। চাষের খরচ তুলে আনতে পারবেন কিনা, এমন চিন্তায় কাটছে তাঁদের দিন।
সম্প্রতি ফুলতলী এলাকায় গিয়ে দেখা যায়, খেতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। মরা পাতা ও রোগাক্রান্ত তরমুজ তুলে ফেলে দিচ্ছেন তাঁরা। এ সময় কথা হয় চাষি মো. আমিরের (৪৩) সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি ৫০ শতক জমিতে তরমুজের চাষ করেছি। প্রথম দিকে চারা ঠিকমতো বড় হয়েছিল। তবে এখন চারা মরে যাচ্ছে। আর কিছু কিছু ফলন এলেও ফল ছোট।’
তিনি আরও বলেন, ফুলতলী এলাকায় দুই শ জন চাষি তরমুজ চাষ করে জীবিকা নির্বাহ করেন। তরমুজ উৎপাদনের জন্য এ জায়গা সেরা হলেও এখন খারাপ সময় যাচ্ছে।
রায়পুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সুভাস চন্দ্র ধর বলেন, ‘২৩ ফেব্রুয়ারি সরেজমিনে রায়পুর ইউনিয়নের ফুলতরীতে গিয়ে তরমুজ খেতে রোগের প্রকোপ দেখেছি। সার ও সেচের সমস্যার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে একই জিমতে তরমুজ চাষ করার কারণেও জমির উর্বরতা কমে গেছে।’
তবে অনেক চাষির ধারণা জমিতে লোনা পানি প্রবেশ করায় উর্বরতা কমেছে বলে তরমুজের ফলন হয়নি ঠিক মতো। আহমদ ছফা (৪৯) নামের এক চাষি বলেন, গেল বছর বন্যার সময় বেড়িবাঁধ দিয়ে জমিতে লোনা পানি প্রবেশ করায় মাটির গুণাগুণ নষ্ট হয়েছে। তাই এবার তরমুজের ফলন ভালো হয়নি।
চাষিরা জানান, এক কানি জমিতে তরমুজ চাষ করতে খরচ হয় ৩০ হাজার টাকা। লাভ থাকে এক লাখ টাকার মতো। কিন্তু এ বছর লাভ দূরে থাক খরচ তুলতে পারবেন কিনা সেই আশঙ্কা করছেন তাঁরা।
আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, আনোয়ারা উপকূলে উৎপাদিত তরমুজ খুব সুস্বাদু। কেন ফলন কম হচ্ছে এ ব্যাপারে খতিয়ে দেখা হবে। ফলন বাড়াতে কৃষকদের পরামর্শও দেওয়া হবে।