তরমুজ রাখে তরতাজা কমায় স্ট্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন তরমুজের মৌসুম। বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে। তরমুজের মনকাড়া রং আর রসালো মিষ্টি স্বাদের জন্য ছোট-বড় সবাই তরমুজ খেতে ভালোবাসে। বিশেষ করে গরম যত বাড়ে, তরমুজের চাহিদাও তত বাড়তে থাকে। তরমুজ গরমে পানিশূন্যতা দূর করে শরীরকে সতেজ রাখে। এ ছাড়ার প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট থাকায় এটি স্ট্রেস কমাতে ভূমিকা রাখে।
তরমুজ কেবল গরমে তৃপ্তিই দেয় না, এটির নানা পুষ্টিগুণ শরীর সুস্থ রাখে। আসুন গ্রীষ্মের এই রসালো ফলের গুণাগুণ জেনে নেওয়া যাক।
তরমুজের গুণাগুণ: প্রতি ১০০ গ্রাম পাকা তরমুজে রয়েছে ৯২ থেকে ৯৫ গ্রাম পানি, আঁশ শূন্য দশমিক ২ গ্রাম, আমিষ শূন্য দশমিক ৫ গ্রাম, চর্বি শূন্য দশমিক ২ গ্রাম, ক্যালরি ১৫ থেকে ১৬ মিলিগ্রাম। এ ছাড়াও তরমুজে ক্যালসিয়াম রয়েছে ১০ মিলিগ্রাম, লোহা ৭ দশমিক ৯ মিলিগ্রাম, কার্বোহাইড্রেট ৩ দশমিক ৫ গ্রাম, খনিজ পদার্থ শূন্য দশমিক ২ গ্রাম, ফসফরাস ১২ মিলিগ্রাম ও নিয়াসিন শূন্য দশমিক ২ মিলিগ্রাম। এ ছাড়া ফলটিতে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি ও ভিটামিন বি-২।
স্ট্রেস দূর করে: তরমুজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি–অক্সিডেন্ট, যা শরীরের জন্য খুবই উপকারী। অ্যান্টি–অক্সিডেন্ট সমৃদ্ধ তরমুজ খেলে অক্সিডেটিভ স্ট্রেসজনিত অসুস্থতা কমে যায়।
চোখ ভালো রাখে : তরমুজে আছে ক্যারটিনয়েড। তাই নিয়মিত তরমুজ খেলে চোখ ভালো থাকে এবং চোখের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ক্যারটিনয়েড রাতকানা প্রতিরোধেও কার্যকরী ভূমিকা রাখে।
ওজন কমাতে সহায়তা করে: তরমুজে আছে প্রচুর পরিমাণে পানি এবং খুব কম পরিমাণে ক্যালরি। তাই তরমুজ খেলে পেট ভরে যায়, কিন্তু সে অনুযায়ী তেমন কোনো ক্যালরি শরীরে প্রবেশ করে না। ফলে তরমুজ খেয়ে পেট পুরে খেলে ওজন বাড়ার আশঙ্কা কম থাকে।
দুর্বলতা দূর করে: টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা দুর্বল, তাদের জন্য তরমুজ প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। একটি তরমুজে প্রচুর পরিমাণে সিট্রোলিন নামের অ্যামাইনো অ্যাসিড থাকে, যা শরীরকে প্রতি মুহূর্তে সতেজ রাখতে সহায়তা করে।
হাড়ের জন্য ভালো: তরমুজ লিকোপেন সমৃদ্ধ ফল। এ জন্য এটি হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো। এটি হাড়ের অক্সিডেটিভ উপাদান দূর করে, যা হাড়ের ব্যথার জন্য দায়ী।
রক্ত চলাচল বাড়ায়: তরমুজ সিটরুলিনের প্রাকৃতিক উৎস। এটি ব্যায়াম করার সময় শরীরকে বাড়তি শক্তি জোগায়। শরীরের রক্ত চলাচল বাড়ায়। শরীরের হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে তরমুজের জুড়ি নেই।
সতর্কতা: রাস্তায় যে কাটা তরমুজ পাওয়া যায়, তাতে মাছি বসে। ফলে রাস্তার খোলা তরমুজ কোনোভাবেই খাওয়া ঠিক নয়। তরমুজ ঘরে নিয়ে ঠান্ডা করে কেটে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হবে।
লেখক: প্রধান পুষ্টি কর্মকর্তা
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল