তরমুজখেতের পোকা নিয়ন্ত্রণের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের পরামর্শে পোকা দমন ও ফলন বাড়ানোর জন্য তরমুজ খেতে অতিরিক্ত কীটনাশক, বালাইনাশক এবং বর্ধনশীল রাসায়নিক ব্যবহার করছেন চাষিরা। খেয়ালখুশি মতো খেতে রাসায়নিক ব্যবহারের কারণে পোকা ও ছত্রাক দমন কঠিন হয়ে পড়েছে। এতে পুষ্ট হওয়ার আগেই বোঁটা থেকে ঝরে পড়ছে ফল। কক্সবাজারের টেকনাফ ও চট্টগ্রামের ফটিকছড়ির তরমুজ খেতগুলো ঘুরে এই তথ্য জানিয়েছেন ওই সব এলাকার প্রথম আলোর প্রতিনিধিরা।কক্সবাজারের টেকনাফ উপজেলার অধিকাংশ তরমুজখেতেই পোকার আক্রমণ দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার সেন্ট মার্টিন, সাবরাং ও সদর ইউনিয়নের খেতগুলোতে তরমুজের ভালো ফলন হলেও হ্নীলা, হোয়াইক্যং ও বাহারছড়া ইউনিয়নের খেতগুলোতে পোকার আক্রমণ হয়েছে। এতে গাছের বোঁটা থেকে ফল ঝরে পড়ছে। পোকা দমনে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের পরামর্শে কীটনাশক ব্যবহার করছেন কৃষকেরা। কিন্তু কোনো ফল পাচ্ছেন না তাঁরা। পাশাপাশি অনেক খেতে ফলের বৃদ্ধিও আশানুরূপ হচ্ছে না।উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রায় ৫০০ চাষি এক হাজার ৪২৩ একর জমিতে তরমুজের চাষ করেছেন। গত বছরের তুলনায় ২০০ একর বেশি জমিতে এবার তরমুজের চাষ হয়েছে। উৎপাদন ভালো হওয়ায় প্রতিবছরই তরমুজচাষির সংখ্যা বাড়ছে।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফ প্রথম আলোকে জানান, চাষিরা বেশির ভাগ ক্ষেত্রেই নিজেদের মতো কীটনাশক ব্যবহার করায় পোকা দমন করা জটিল হয়ে পড়ে। পোকা দমনের জন্য আলোর ফাঁদ এবং সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।তিনি আরও জানান, সার, কীটনাশক এবং ওষুধ কোমপানিগুলোর বিক্রয় প্রতিনিধিদের খপ্পরে পড়ে এলাকার চাষিরা খেতে বেশি মাত্রায় ইউরিয়া সার এবং দ্রুতবর্ধক রাসায়নিক ব্যবহার করছেন। গাছ অল্প সময়ে দ্রুত বেড়ে ওঠায় গোড়া ফেটে গেছে। এতে মড়ক দেখা দিয়েছে। চাষিদের রাসায়নিক এবং ইউরিয়া সার ইচ্ছে মতো ব্যবহার না করতে বলা হচ্ছে।ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলার তরমুজের খেতগুলোতেও পোকা ও ছত্রাকের প্রকোপ দেখা দিয়েছে। কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করেও ফল পাচ্ছেন না চাষিরা। এতে আশানুরূপ ফলন হবে না বলে আশঙ্কা করছেন তাঁরা। কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৩৭ হেক্টর জমিতে তরমুজের চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার ২৯৫ মেট্রিক টন। চাষি মো. রাশেদ জানান, চলতি মৌসুমে তিন কানি জমিতে তরমুজ চাষ করেছেন। খেতে মড়ক লাগায় বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করেও ফল পাননি । সরেজমিনে রোসাংগিরী বিলে গিয়ে দেখা যায়, কৃষকেরা পোকার আক্রমণ থেকে তরমুজখেত রক্ষার জন্য ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের পরামর্শে কীটনাশক ছিটাচ্ছেন।একাধিক কৃষক অভিযোগ করেন, সরকারি কৃষি কর্মকর্তারা সময়মতো না আসায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পরামর্শ শুনতে বাধ্য হচ্ছেন তাঁরা। রোসাংগিরী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবছার বলেন, তরমুজখেতে সময়মতো ও সঠিক পরিমাণ সার ব্যবহার না করায় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। এ কারণে ছত্রাক ও পোকার আক্রমণ হচ্ছে। এখন কীটনাশক ব্যবহার করেও কৃষকেরা ভালো ফল পাচ্ছেন না।