তরমুজের বাম্পার ফলন, তবু দাম চড়া

কক্সবাজার সমুদ্র উপকূলে এবারও তরমুজের বাম্পার ফলন হয়েছে। শহরের শতাধিক ফলের দোকান ছাড়াও সড়কের পাশে স্তূপ করে চলছে তরমুজের বিক্রি। তবে দাম চড়া।
গত ২৭ মার্চ দুপুরে শহরের পূবালী ব্যাংকের সামনে সড়কের পাশে স্তূপ করে তরমুজ বিক্রি করছিলেন ব্যবসায়ী আবুল কালাম। প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২৫০ টাকায়। তিনি জানান, টেকনাফের বাহারছড়া, মনখালী, হিমছড়ি, বড়ছড়া এবং মহেশখালীর সোনাদিয়া উপকূলে এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। আকারে বড় এবং স্বাদে মিষ্টি হওয়ায় এই তরমুজের দামও বেশি। প্রতি শ তরমুজ তাঁরা খেত থেকে ১০ থেকে ১৫ হাজার টাকায় কিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকায় বিক্রি করছেন।
শহরের লালদীঘির পাড়, বন বিভাগ কার্যালয়ের সামনে, বাজারঘাটা, হাসপাতাল সড়ক, ঝাউতলা, পানবাজার, এন্ডারসন সড়ক, বড়বাজার, আইবিপি সড়ক, লিংক রোড এলাকার শতাধিক ফলের দোকানে দেদারসে বিক্রি হচ্ছে তরমুজ।
কক্সবাজার ফল দোকান মালিক সমিতির সভাপতি নওশা মিয়া জানান, শহরের শতাধিক দোকানে দৈনিক পাঁচ হাজারের বেশি তরমুজ বিক্রি হচ্ছে। ১৫ এপ্রিল পর্যন্ত সমুদ্র উপকূলের এই তরমুজ বাজারে পাওয়া যাবে। এরপর নাটোরসহ বিভিন্ন অঞ্চল থেকে তরমুজ এনে এখানকার চাহিদা পূরণ করা হবে।
টেকনাফের বাহারছড়া এলাকার চাষি দিলদার হোসেন জানান, সমুদ্র উপকূলে তরমুজের চাষ অন্যান্য এলাকার তুলনায় দুই মাস আগে হয়। এই তরমুজের চাহিদা বেশি এবং দামও ভালো পাওয়া যায়। তরমুজের চাষ করে প্রতিটি খেতের মালিক এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার জানান, চলতি মৌসুমে টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদরে সমুদ্রসৈকতসংলগ্ন প্রায় আট হাজার একর জমিতে তরমুজের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলনও ভালো হয়েছে। তরমুজের দাম পাওয়ায় চাষিরা উৎসাহ পাচ্ছেন। তাই আগামী বছর উপকূলে তরমুজের চাষ আরও বাড়বে।