তরমুজের বিকল্প ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

জন্মদিনে তরমুজ কাটুন
জন্মদিকে কেক কাটা অনেক পুরোনো রীতি। এই গরমে সব পুরোনো রীতি ফেলে দোকান থেকে একটা বড়সড় তরমুজ কিনে আনুন। তরমুজের গায়ের ওপরে মনের মাধুরী মিশিয়ে লিখুন ‘হ্যাপি বার্থডে’। এরপর বিশাল একটা ছুরি দিয়ে কেটে অপেক্ষারতদের মাঝে পরিবেশন করুন।

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

হেলমেট হিসেবে ব্যবহার করুন তরমুজ
এই গরমে যাঁরা রাস্তায় বাইসাইকেল বা মোটরসাইকেল চালান, তাঁদের মাথার ওপর ডিম রাখলে ভাজি হয়ে যাবে দুই মিনিটের মধ্যেই। হেলমেট পরলে গরম লাগে আরও বেশি। কাজেই যেখানে তরমুজ আছে, সেখানে আর চিন্তা কিসের! একটা প্রমাণ সাইজের তরমুজ আধাআধি কেটে মাঝখান থেকে ভেতরের লাল অংশটুকু বের করে ফেলুন। এরপর হেলমেটের আদলে মাথায় বসিয়ে দিন। মাথা ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

অলংকার হিসেবে তরমুজ
আজকাল বিভিন্ন ধরনের অলংকার পাওয়া যায় বাজারে। এত দামি অলংকারের ভিড়ে বৈচিত্র্য নিয়ে আসতে পারে তরমুজের সঙ্গে বিনা পয়সায় পাওয়া বিচিগুলো। গলার মালা, হাতের ব্রেসলেট কিংবা কপালের টিপ হিসেবে অনায়াসেই ব্যবহার করা যেতে পারে এগুলো। এতে করে সৌন্দর্যে আসবে নতুন মাত্রা, এ ছাড়া বাইরে সোনার গয়না পরে বেরোনোর মতো ঝুঁকিও থাকবে না।

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

বাটখারা হিসেবে তরমুজ
যেকোনো মুদি দোকানে ওজন মাপার যন্ত্র বা বাটখারা হিসেবে তরমুজ ব্যবহার করা যেতে পারে। দাঁড়িপাল্লার এক পাশে মাছ, মাংস হাবিজাবি, আর অন্য পাশে তরমুজ।

.
.

যুদ্ধক্ষেত্রে অস্ত্র হিসেবে তরমুজ
যুদ্ধক্ষেত্রে কামানের বিশাল বিশাল গোলার বদলে তরমুজ ব্যবহার করা যেতে পারে। কামানের পেছনে আগুন লাগানো হবে, আর সামনে দিয়ে বিপুল বিক্রমে ছুটে যাবে একেকটা তরমুজ। বিপক্ষ দলের যারা ঘায়েল হলো, তারা তো হলোই। আর যারা বেঁচে যাবে তারা আরামসে সারা দিন পেট পুরে খেতে পারবে।

মোড়া হিসেবে তরমুজ
যাঁদের বাসায় বসার জন্য চেয়ার, সোফা, মোড়া বা পিঁড়িও নেই, তাঁরা তরমুজ ব্যবহার করতে পারেন মোড়া হিসেবে। তরমুজের দুই মাথা কেটে ফেলে দিলেই খুব সুন্দর একটা মোড়া হয়ে যাবে। তার ওপরে বসে অনায়াসেই গাঁয়ের মোড়লগিরিও করতে পারবেন। চেয়ারম্যানের চেয়ার, তরমুজের চেয়ার!