তরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মুহূর্তে আমি বসে আছি শহীদ শামসুল হক হলের ছাদে। অনেকক্ষণ থেকে লাফ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সাহসে কুলাচ্ছে না। না, না, আত্মহত্যা করার কোনো ইচ্ছা আমার নেই। তরু বলেছে, চারতলা থেকে লাফ দিতে পারলে ও আমাকে অ্যালপেনলিবে চকলেট খাওয়াবে। অ্যালপেনলিবে আমার খুবই পছন্দের চকলেট হলেও ওর খুশিটাই আমার কাছে বড়। খুশি হলে তরু অনেক সুন্দর করে হাসে। তার সেই ভুবন ভোলানো হাসি দেখলেই আমার বুকের বাঁ পাশে কেমন জানি এক দারুণ অনুভূতি হয়। সেই অনুভূতির কথা বলে বোঝানো যাবে না। তার হাসি দেখার জন্য হাজার ভাঁড় সাজতেও আমার এতটুকু খারাপ লাগে না। উল্টাপাল্টা কথা বলা, মজার মজার কৌতুক সংগ্রহ করা, হাজার পাগলামি করে ওকে হাসানো একসময় হলো আমার নিত্যকর্ম। ওর আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, ও যখন আমাকে শাসন করে। আমি কেন নিয়মিত শেভ করি না, কেন বাঁকা হয়ে হাঁটি, কেন ঠিকমতো পড়াশোনা করি না, কেন ঠিকমতো খাওয়াদাওয়া করি না, ঝাড়ি দেওয়ার ওর এক শ একটা বাহানা। আমার কিন্তু ভালোই লাগে। তখন আমি বাধ্য ছেলের মতো বলি, কাল থেকে তোর সব কথা শুনব। সেই কাল আর কোনো দিন আসে না। আচ্ছা, আমি কি ওর প্রেমে পড়েছি? না, না, আমি আসলে ওর হাসির প্রেমে পড়েছি। ওকে জিজ্ঞেস করলে কেমন হয়, এত সুন্দর হাসি ও কোথায় পেল। মুঠোফোনে ওর নম্বর ডায়াল করলাম, একটা যান্ত্রিক কণ্ঠ বলছে, ‘আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে।’ পাঁচ মিনিট, ১০ মিনিট, এক ঘণ্টা, দুই ঘণ্টা...কখন ঘুমিয়ে পড়েছি, জানি না। পরদিন বিকেলে ক্লাস শেষ করে গেলাম নদীর পাড়ে। ওই তো, তরু বসে আছে তালতলায়। ওর পাশে সুন্দর একটা ছেলে। ছেলেটা কী যেন বলছে, আর তরুর মুখে সেই ভুবন ভোলানো হাসি। আমার বুকের বাঁ পাশে আবার কেমন জানি করছে। আমি আলগোছে বুকের বাঁ পাশে হাত রাখলাম।রোদবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ময়মনসিংহ।