তরুণ উদ্যোক্তাদের মেলা
পড়ালেখা আনুষ্ঠানিকভাবে শেষ। হাতে এসে গেছে বেশ কিছু সনদ। এবার আপনার কাজ কী? নিশ্চয় হন্যে হয়ে চাকরির পেছনে ছোটা? এ রকম নিয়মই চলে আসছে বহুদিন ধরে। তবে ইদানীং এই নিয়মের বাইরেও কেউ কেউ পা ফেলতে শুরু করেছেন। তাঁরা চাকরির পেছনে না ছুটে নিজেই হচ্ছেন উদ্যোক্তা। এ রকম উদ্যোক্তাদের নিয়েই দুই দিনব্যাপী সম্মেলন হয়ে গেল ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে। ৫ ও ৬ জুলাইয়ের সেই সম্মেলনে জড়ো হয়েছিলেন হাজারও তরুণ। তাঁরা ১২টি সেমিনার, নতুন উদ্যোক্তাদের ৩৫টি উদ্ভাবনী পণ্যের প্রদর্শনী নিয়ে ‘হাটবাজার’ ও উদ্যোক্তারা ব্যবসায়িক ক্ষেত্রে যেসব সমস্যার মুখোমুখি হন, সেসব সমস্যার তাৎক্ষণিক বিশেষজ্ঞ সমাধানের আয়োজন ‘এন্টারপ্রেনার্স ক্লিনিক’ থেকে নানাভাবে অভিজ্ঞতা অর্জন করেছেন।উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী চলছিল মিলনায়তনের দোতলায়। নিজ নিজ পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন তরুণ উদ্যোক্তারা। আর উদ্যোক্তা হতে ইচ্ছুক তরুণেরা ভিড় করে দেখছেন সেসব। এখানে কথা হলো নবীন উদ্যোক্তা আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি দৃষ্টিনন্দন ‘ল্যাম্প শেড’ উদ্ভাবন করেছেন। কিন্তু তাঁর কোনো নিজস্ব বিক্রয়কেন্দ্র নেই। কী আশ্চর্য! এই পণ্যের বিকিকিনি তবে চলে কীভাবে? ‘ফেসবুকে ক্রাফট অল বিডি নামে আমার একটি পেজ আছে। সেখানেই চলে আমার পণ্যের প্রদর্শনী ও বেচাকেনা।’ একগাল হেসে উত্তর দিলেন ভদ্রলোক।একটু সামনে এগিয়ে দেখা গেল বাঁশ ও বেতের নানা পণ্য সাজিয়ে বসে আছেন এক তরুণ। তাঁর থেকে আর একটু সামনে পাটের ব্যাগ, পাটের স্যান্ডেল, পাটের মানিব্যাগ, পাটের পাপোশ ইত্যাদি পাটজাত পণ্য নিয়ে বসে আছেন এক তরুণী। তাঁকে পাশ কাটিয়ে সামনে এগোলে দেখা মিলল সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে বসে আছেন এক তরুণ। আরিফুল ইসলাম নামের সেই তরুণ এখনো পড়াশোনার পাঠ চুকাননি। প্রকৌশলে স্নাতক পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার। তাই তো পড়াশোনা শেষ হওয়ার আগেই শুরু করেছেন সেই পথে হাঁটতে।এই উদ্যোক্তাদের দেখে নিজেদের মধ্যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বুনছেন অনেকে। এমনই একজন রিপন ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, ‘চাকরি খোঁজার দিন শেষ। এখন চাকরি দেওয়ার দিন। আমি এমন উদ্যোগ নিতে চাই, যেখানে অনেক বেকার তরুণের কর্মসংস্থান হবে।’ চট্টগ্রাম থেকে সম্মেলনে যোগ দিতে এসেছেন ইকরামুল ইসলাম। তিনি বলেন, ‘অনেক অভিজ্ঞতা অর্জন করলাম। এবার এই অভিজ্ঞতা কর্মক্ষেত্রে কাজে লাগাতে চাই।’খুলনার উদ্যোক্তা শামিম আহমেদের চোখেও খুশির ঝিলিক। তিনি বলেন, ‘সহজ শর্তে আর্থিক সহায়তার যে আশ্বাস পেয়েছি, তা আমার ব্যবসাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। এ সম্মেলন আমাকে আশার আলো দেখিয়েছে।’সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিও ছিল উদ্যোক্তাদের জন্য স্মরণীয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নেসার মাকসুদ খান, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের সিইও মজিবুর রহমান, অতিরিক্ত কর কমিশনার এম এম ফজলুল হক আরিফ, এক্সিম ব্যাংক বোর্ড অব অডিটের চেয়ারম্যান নুরুল ফজল বুলবুল প্রমুখ।সম্মেলন উপলক্ষে আয়োজিত ‘নতুন ব্যবসা পরিকল্পনা ও বাস্তবায়ন’ এবং ‘ব্যবসায় উন্নয়ন’ নামে দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নতুন ব্যবসা পরিকল্পনা ও বাস্তবায়ন ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন গাজী মো. ঈব্রাহিম খলিল ও নূর বাশার ইয়েশা। অপর দিকে ব্যবসায় উন্নয়ন বিভাগে বিজয়ীরা হলেন মোহাম্মদ নাওয়াত আশেকিন চিশতি ও মন্টু প্রামাণিক।সম্মেলন শেষ হয়েছে। তাতে অবশ্য ক্ষতি নেই। এই সম্মেলন থেকে অনেক অনেক আশার আলো ও স্বপ্ন নিয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে গেছেন নতুন প্রজন্মের হাজারও উদ্যমী তরুণ উদ্যোক্তা। তাঁরাই বদলে দেবেন ভবিষ্যতের বাংলাদেশকে।