ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তাসনিম ফাইজের। কিন্তু উচ্চমাধ্যমিকের জীববিজ্ঞান বইয়ে ‘বংশগতি’ সম্পর্কে জানার পর তাঁর সেই সিদ্ধান্ত বদলে গেল। এবার মনস্থির করলেন বায়োটেকনোলজি নিয়ে পড়বেন। এ ক্ষেত্রে একজন চিকিৎসকেরও কৌতূহল থাকবে কীভাবে বায়োইনফরমেটিকস কাজে লাগিয়ে ওষুধের নকশা করা হয় তা জানার। কর্মশালায় এ সত্যটার প্রমাণ পেয়েছেন হাতে-কলমে। একইভাবে ইভানের চিন্তার জগতেও নাড়া দেয় কর্মশালা। তাঁর আর বুঝতে বাকি রইল না, বায়োইনফরমেটিকসই হতে পারে আউটসোর্সিংয়ের সাম্প্রতিক সময়ের অন্যতম ক্ষেত্র। কম্পিউটার ব্যবহার করে বদলে দেওয়া যাবে সব বংশগত রোগ। কম্পিউটার আর বায়োলজি নিয়ে একসঙ্গে কাজ করার প্রচণ্ড ঝোঁকই তাঁকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ার তাগিদ দেয়। এখন পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।তাসনিম ও ইভানের মতো এ রকম অসংখ্য তরুণ গবেষকদের মিলনমেলায় পরিণত হয়েছিল চট্টগ্রামে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় আন্তর্জাতিক বায়োইনফরমেটিকস ও কম্পিউটেশনাল বায়োলজি কর্মশালা। দুই দিনের এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান হয় চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি) ক্যাম্পাসে। আর সমাপনী অনুষ্ঠান হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।কর্মশালা আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, ইউএসটিসি ও চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়। সহযোগিতায় ছিল ইতালির থার্ড ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস ও দ্য ডেইলি স্টার।গত ২৫ সেপ্টেম্বর ইউএসটিসিতে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি, প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞানের তিন শতাধিক তরুণ শিক্ষক ও শিক্ষার্থী । ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। কর্মশালায় শতাধিক তরুণ শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও অংশ নিয়েছেন জাপানের কাগোশিমা বিশ্ববিদ্যালয়, চাইনিজ ন্যাশনাল ইউনিভার্সিটি, ভারতের আসাম বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় ও ইন্ডিয়ান ভেটেরিনারি ইনস্টিটিউটের বিজ্ঞানী।কর্মশালার সমন্বয়কারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তরুণ শিক্ষক আদনান মান্নান বলেন, ‘আমাদের দেশে বায়োইনফরমেটিকস ও কম্পিউটেশনাল বায়োলজি গবেষণা ও চাকরির একটা বিরাট সম্ভাবনা রয়েছে। সে রকম জনবল তৈরি করাই এ কর্মশালার লক্ষ্য।কর্মশালা আয়োজক কমিটির সদস্যসচিব চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুনায়িদ সিদ্দিকী বলেন, এই আয়োজন বাংলাদেশের সঙ্গে বাইরের গবেষকদের সেতুবন্ধ তৈরি করেছে। কর্মশালায় ঢাকা থেকে আসা শিক্ষার্থী আফরিন সুলতানা বলেন, ‘আমি সব সময়ই ভাবতাম একদিন তরুণদের হাতে চলে আসবে প্রযুক্তির নেতৃত্ব, যেখানে বিচরণ কেবলই তরুণদের। চট্টগ্রামের মেহজাবিন, সালমা, তোহা আর জিবরান কর্মশালায় আসার প্রস্তুতির জন্য গড়ে তোলেন স্টাডি গ্রুপ বায়োসার্কেল। কর্মশালায় প্রথম দিনে ছিল তরুণ বিজ্ঞানীদের গবেষণাকাজের পোস্টার প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তরুণ জৈব প্রযুক্তিবিদেরা এখানে তাঁদের গবেষণাকর্ম তুলে ধরেন।