তরুণ চোখে একাত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একাত্তর আমাদের বেদনা ও গৌরবের ইতিহাস...প্রশ্ন হলো, আমরা তরুণ প্রজন্ম সেই বেদনাময় ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কতটুকুই বা জানি? যা জানি তা হয়তো কারও মুখে গল্প শুনে কিংবা ইতিহাস পড়ে। কিন্তু সেখানেও তো বিভ্রান্তি এসেছে বহুবার। তাহলে কোন দৃষ্টিতে দেখব ১৯৭১? নাকি অন্য অনেকের মতো পাশ কাটিয়ে চলে যেতে চাইব ২০৭১-এর দিকে? সময় এখন সিদ্ধান্ত নেবার...’—এভাবেই লেখা হয়েছিল মুভিভ্যান ফিল্ম সার্কেল আয়োজিত ‘তরুণ চোখে একাত্তর’ শীর্ষক মুক্তিযুদ্ধের ছবি নির্মাণ প্রতিযোগিতার পোস্টারে। অনূর্ধ্ব ৩০ বছর বয়সী তরুণদের মুক্তিযুদ্ধ নিয়ে নিজের লেখা গল্পের কাহিনি সংক্ষেপ ও চিত্রনাট্য পাঠানোর আহ্বান জানানো হয় গত বছর ডিসেম্বর মাসে। ডিসেম্বরের ৭ তারিখে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার তিন বিচারক—মোরশেদুল ইসলাম, তারেক মাসুদ ও শামীম আখতার তরুণদের কাছে তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন।প্রশ্নোত্তর পর্বে একসময় অর্থ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন আসে যে স্পনসর সহযোগিতা না পেলে উদ্যোগটি থেমে যাবে কি না। মোরশেদুল ইসলাম কিছুটা আশ্বস্ত করেন, উদাহরণ হিসেবে উল্লেখ করেন চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির ২৫ বছর পূর্তিতে কোনো স্পনসর ছাড়াই চলচ্চিত্র উৎসব আয়োজনের কথা। শুধু টিকিট বিক্রি করেই সফলভাবে সম্পন্ন হয় চলচ্চিত্রমের উৎসব। কিন্তু এটাও সত্যি, বড় ধরনের আর্থিক সহযোগিতা কিংবা স্পনসর ছাড়া ১১টি ছবি নির্মাণ করে দেশব্যাপী চলচ্চিত্র উৎসব আয়োজন করা যথেষ্ট কষ্টসাধ্য, হয়তো অসম্ভবও। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে তুলতে আমাদের চেষ্টার যেমন কমতি নেই, সেই সঙ্গে কাজটিকে সফল করে তুলতে আমাদের শুভাকাঙ্ক্ষীরও অভাব নেই—এ প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি।সংবাদ সম্মেলন শেষে টেলিভিশন চ্যানেলের কয়েকজন তরুণ ক্যামেরাম্যান বিনা পারিশ্রমিকে শুটিংয়ে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলেন। পেশাগত প্রয়োজনে যেসব হাউসের ক্যামেরা ভাড়া নিই, তাদের কেউ কেউ বিনা ভাড়ায় কয়েক দিন ক্যামেরা দিতে চাইল। বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী শিল্পী সম্মানী ছাড়াই ছবিগুলোতে অভিনয়ের কথা জানালেন। একসময় শুরু হলো চিত্রনাট্যের জন্য অপেক্ষার পালা। পোস্টারের শেষ লাইনে লেখা ছিল ‘আমাদের সহযোগিতায় রুপালি পর্দায়-তোমার নির্দেশনায়, তোমার চোখে দেখবে সবাই ১৯৭১’। মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের অসংখ্য তরুণ নিজের লেখা গল্পকে চলচ্চিত্রায়নের স্বপ্নে একের পর এক পাঠাতে লাগল চিত্রনাট্য। সেগুলোর মধ্যে কিছু বৈচিত্র্যময় চিত্রনাট্যও পাওয়া গেছে। এর মধ্যে একটা চিত্রনাট্য তৈরি হয়েছে একজন কাঠমিস্ত্রির ওপর। একাত্তরের হাজার হাজার ছোট ছোট অজানা ঘটনাগুলোর মধ্য থেকে শুধু এক একটি বিষয়ের ওপর নির্ভর করেই নির্মিত হতে পারে এক একটি চলচ্চিত্র। আমরা তরুণ বন্ধুদের সেই সব বিষয়ের ওপর প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে গল্প শুনে এবং নিজের চিন্তাশক্তির প্রয়োগ ঘটিয়ে চিত্রনাট্য লেখার বিষয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। কেউ কেউ আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে চিত্রনাট্য লেখার জন্য আরও কিছুদিন সময় চেয়েছেন। আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিষয়টি বিবেচনায় নিয়েছি এবং আশা করছি আগামী তিন মাসের মধ্যে আবারও অসংখ্য তরুণ বন্ধুর চিত্রনাট্যে ভরে যাবে ঢাকা জিপিওর বক্স নং: ২২১২।