তরুণ-তরুণীদের আগ্রহ বিদেশি পণ্যে
রংধনু সাত কালার চা-ঘর—নামটাই এমন যে একটু দাঁড়াতে হয়। দোকানের সামনেই সাত রঙের চা পান করছিলেন দুই বোন—অরিন দত্ত ও অদ্রিতা দত্ত। মেলায় এসে কী কিনলেন? উত্তরে দুই বোন তাঁদের হাতভর্তি প্যাকেট দেখালেন। অরিন বলেন, বিদেশি দোকানগুলোতে কানের দুল, চুড়ি, জুতা—এসব এবার বেশ ভালো এসেছে আর দামও হাতের নাগালে। তাই ঝটপট কিনে ফেললাম।’ ছোট বোন অদ্রিতা যোগ করেন, ‘আমরা তো অপেক্ষা করি বাণিজ্য মেলার জন্য, কারণ এখান থেকে সস্তায় অনেক ভালো এবং আধুনিক জিনিস পাওয়া যায়।’ প্রতিবারের মতো এবারও নিজেদের পণ্য নিয়ে মেলায় এসেছে থাইল্যান্ড, পাকিস্তান, ইরান, আরব আমিরাত ও কোরিয়া। এসব প্যাভিলিয়নে তরুণ-তরুণীদের ভিড় লেগেই আছে। ভিন্নধর্মী পোশাক, গহনা, থলে (ব্যাগ)—এসবের মূল ক্রেতা তরুণীরাই। তবে এবার শুরু থেকে মেলার চিত্র ছিল ভিন্ন। বিশ্বকাপের উন্মাদনা ভাটা ফেলে মেলার দর্শক-সংখ্যায়। আর সেই ভাটায় এখন জোয়ার। প্রতিদিন প্রচুর দর্শক-ক্রেতার সমাগম হচ্ছে।থাই প্যাভিলিয়নের বিক্রয়কর্মী মোহাম্মদ জসিম বলেন, ‘ভেবেছিলাম এবার বিক্রি তেমন হবে না। আর এখন বিক্রি এত বেড়ে গেছে, কথা বলার সময় পাচ্ছি না। তরুণ-তরুণীদের বিভিন্ন জিনিস ও গয়না বিক্রি হচ্ছে বেশি। তরুণেরা ব্রেসলেট, লকেট ও টি-শার্ট এবং তরুণীরা থলে, কানের দুল, ব্রেসলেট, মালা—এসব কিনছে।’ পাকিস্তানি প্যাভিলিয়নের ‘ফরেন জোনে’ নাগরা জুতা দেখছিলেন কলেজছাত্রী হোসনে আরা। তিনি বললেন, ‘মেলায় সবচেয়ে আকর্ষণীয় লেগেছে এই নাগরা ও ব্যালেরিনা সু। নাগরার নকশা চমৎকার, পরতেও আরামদায়ক। তবে দাম একটু বেশি।’ থাই প্যাভিলিয়ন থেকে কানের দুল কিনছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মনীষা বিশ্বাস। তিনি বলেন, ‘মেলার স্টলগুলোতে বেশির ভাগ পণ্যই পুরোনো। বিশেষ করে থলে ও জুতার স্টলগুলো এখন সব ধরনের মেলাতে দেখা যায়। তবে বিদেশি স্টলে ভিন্নধর্মী কিছু গয়না ও ব্যাগ এসেছে।’ তমা এন্টারপ্রাইজের এক বিক্রেতা জানান, ‘তরুণীরা এখন ঝলমলে গয়নার চেয়ে মাটি, কাঠ, ধাতুর তৈরি গয়না বেশি পছন্দ করছেন। সেগুলো বিক্রিও হচ্ছে বেশি।’ মায়ের সঙ্গে মেলায় আসা সেন্ট স্কলাস্টিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী লিজা ক্ষোভের সঙ্গে বলল, ‘পছন্দসই জিনিস মেলায় অনেক আছে। কিন্তু কিনতে গেলেই দাম শুনে পিছিয়ে আসতে হয়। ৫০ টাকার জিনিস এরা চায় ২০০ টাকায়। এভাবে কি কিছু কেনা যায়?’ মেলায় তরুণদের জন্যও আকর্ষণের কমতি নেই। টি-শার্ট, শার্ট, ফতুয়ার স্টলগুলোতে বেশ ভিড় দেখা যায় তরুণদের। দাম কম হওয়াতে নান্দনিক এসব টি-শার্ট এখন তরুণদের পছন্দের শীর্ষে। কথা হয় চট্টগ্রাম কলেজের পরিসংখ্যান বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র রায়হান মাসুমের সঙ্গে। ইতিমধ্যে মেলায় এসে দুটি টি-শার্ট ও ব্রেসলেট কিনেছেন তিনি। তিনি বলেন, ‘কিছু নতুন স্টল এসেছে এবং আমাদের কেনার মতো অনেক পণ্যও এসেছে।’ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাঈদ হাসান বলেন, ‘বিদেশি স্টলগুলোতে কিছু ভালো জিনিস আসলেও দামের কারণে কেনা সম্ভব নয়। আর বাইরের স্টলগুলোর পণ্যের মান তেমন ভালো নয়।’ পণ্যের দাম বেশি—ক্রেতাদের এমন মন্তব্যে বিক্রেতারা বলেন ভিন্ন কথা। পাকিস্তানি প্যাভিলিয়নের মো. শাহিন বলেন, ‘আমরা সব দিক ভেবেই দাম রেখেছি। যাতে সবাই কিনতে পারে এবং আমাদেরও কিছু লাভ থাকে।’