তরুণ নেতৃত্ব তৈরি করছে এয়ারটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ারটেলে কাজ করছেন প্রায় পাঁচ শ তরুণ কর্মী, যাঁদের গড় বয়স ৩২ বছর। এই তরুণদের মধ্য থেকেই ভবিষ্যতের নেতৃত্ব তুলে আনতে কাজ করছে এয়ারটেল। ছবি এয়ারটেলের সৌজন্যে
এয়ারটেলে কাজ করছেন প্রায় পাঁচ শ তরুণ কর্মী, যাঁদের গড় বয়স ৩২ বছর। এই তরুণদের মধ্য থেকেই ভবিষ্যতের নেতৃত্ব তুলে আনতে কাজ করছে এয়ারটেল। ছবি এয়ারটেলের সৌজন্যে

মুঠোফোন অপারেটর এয়ারটেল বাংলাদেশে বর্তমানে কর্মরত আছেন প্রায় পাঁচ শ কর্মী, যাঁদের গড় বয়স ৩২ বছর। শুধু কাজের সুযোগ করে দেওয়া নয়, এই তরুণদের মধ্য থেকেই ভবিষ্যতের নেতৃত্ব তুলে আনতে কাজ করছে এয়ারটেল বাংলাদেশ। এয়ারটেল বাংলাদেশে তরুণদের কাজের সুযোগ কেমন-এমন প্রশ্নের জবাবে এ কথাগুলোই বলছিলেন প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা নূর মোহাম্মদ। দেশের মুঠোফোন বাজারে এয়ারটেলের পথচলা মাত্র চার বছরের কিছু বেশি সময়। এ অল্প সময়ে দেশের টেলিযোগাযোগ খাতের কর্মসংস্থানের ক্ষেত্রে বেশ কিছু নতুন বিষয়ের সূচনা করেছে মুঠোফোন অপারেটরটি। এমনই একটি কার্যক্রম হলো ‘ইয়াং লিডার’।
২০১১ সাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে গত চার বছরে ৩৫ জন নতুন ছেলে-মেয়ে নিয়োগ দিয়েছে এয়ারটেল। নিয়োগ পাওয়া এ তরুণেরা ইতিমধ্যেই নিজেদের যোগ্যতা প্রমাণ করে বেশ গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন বলে জানালেন নূর মোহাম্মদ।
ব্যবসায় প্রশাসন বা অন্য বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করা তরুণদের নিয়োগ দেওয়া হয়। ছয়টি ধাপের মাধ্যমে বাছাই করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়। কর্মী নিয়োগের ক্ষেত্রে শুধু একাডেমিক যোগ্যতা নয়, সৃজনশীলতা, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মতো অনেক বিষয়কে বিবেচনায় নেওয়া হয়। এভাবে বিশ্ববিদ্যালয় পাস করা সবচেয়ে মেধাবী তরুণদের নিয়োগ দেওয়া হয়।
ইয়াং লিডার কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে নূর মোহাম্মদ বলেন, ‘টেলিযোগাযোগ এমন একটি খাত, যেখানে সব সময়ই নতুন নতুন বিষয় ও প্রযুক্তি নিয়ে কাজ করতে হয়। পরিবর্তনের এ চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ তরুণ মানবসম্পদই সবচেয়ে বড় শক্তি।’ ইয়াং লিডার কার্যক্রমের মাধ্যমে নিয়োগ পাওয়াদের কাজের ক্ষেত্র ও সুযোগ-সুবিধার ব্যাপারে তিনি জানান, প্রথমে ইয়াং লিডারদের এক বছরের জন্য এয়ারটেলের প্রায় সব বিভাগেই কিছুদিনের জন্য কাজ করানো হয়। এতে তাঁরা প্রতিষ্ঠান সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা লাভ করেন। তাঁদের দেখভালের জন্য সার্বক্ষণিক কয়েকজন থাকেন, যাঁদের বলা হয় ‘বাডি বা বন্ধু’। যোগ দেওয়ার সময়েই ইয়াং লিডারদের বেতন হয় আনুষঙ্গিক সুযোগ-সুবিধাসহ ৬৫ হাজার টাকার বেশি। সর্বোপরি তাঁদের পেশাগত উন্নতির ধাপগুলো খুব দ্রুত হয়ে থাকে।
শুধু কর্মী নিয়োগ নয়, এয়ারটেলে কাজের পরিবেশ কেমন সেটা দেখাতে কর্মীর অভিভাবককেও ডেকে এনে ঘুরিয়ে দেখানো হয়। এর কারণ সম্পর্কে নূর মোহাম্মদ বলেন, ‘অভিভাবকেরা যাতে বুঝতে পারেন, তাঁর সন্তান একটি ভালো পরিবেশের প্রতিষ্ঠানে কাজ করছে।’
শুধু ইয়াং লিডার নন, এয়ারটেলের সব কর্মীর পেশাগত উন্নতি তাঁদের কাজের মানের ওপর নির্ভরশীল। অর্থাৎ যিনি ভালো কাজ করবেন, তাঁর উন্নতি হবে খুব দ্রুত। ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দেওয়া একজন কর্মী তাঁর কাজের মাধ্যমে মাত্র পাঁচ বছরেই সিদ্ধান্ত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ পদে চলে যেতে পারেন।
দক্ষ কর্মীদের জন্য দেশের বাইরে কাজের সুযোগও আছে এয়ারটেলে। এশিয়া, আফ্রিকাসহ বিশ্বের ২১টির দেশে ৩০ কোটির বেশি গ্রাহক নিয়ে এটি বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম মোবাইল অপারেটর।
এখানে মোট কর্মরত জনবলের সংখ্যা ২৫ হাজারের বেশি। নূর মোহাম্মদ জানালেন, যাঁরা বাংলাদেশে ভালো কাজ করছেন, তাঁদের সব সময়ই সুযোগ আছে বৈশ্বিক পর্যায়ে কাজ করার।
প্রতিষ্ঠানটিতে নারীদের কাজের সুযোগ করে দেওয়াকেও বেশ গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে এয়ারটেলের গ্রাহকসেবা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং জনসংযোগ বিভাগের প্রধান নারী। কর্মীদের চিকিৎসা ভাতার পাশাপাশি কর্মীর পিতা-মাতার চিকিৎসা ব্যয়ও বহন করে থাকে এয়ারটেল। মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান আইবিএমের মানবসম্পদবিষয়ক অঙ্গপ্রতিষ্ঠান কেনেক্সার একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে নূর মোহাম্মদ জানান, এয়ারটেলে কাজ করে সন্তুষ্ট কর্মীর সংখ্যা ৭৮ শতাংশ।
নিয়মিত ইন্টার্নশিপ কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের টেলিযোগাযোগ খাতে কাজের ব্যাপারে আগ্রহী করতেও বেশ কিছু কার্যক্রম আছে এয়ারটেলে। এমনই একটি কার্যক্রম হলো ‘সামার ইন্টার্নশিপ’। এ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থী এয়ারটেলে দুই মাসের জন্য একটি প্রকল্প নিয়ে কাজ করার সুযোগ পান। এ কার্যক্রমের জন্য শিক্ষার্থী বাছাইয়ে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোকেও সুযোগ দেওয়া হয়।