বিশ্বের ৪২টি দেশের ৩০০ শিক্ষার্থী অংশ নেয় এশিয়া প্যাসিফিক মডেল জাতিসংঘ অধিবেশনে (মুন)। ভিন্ন দেশ, ভিন্ন মানুষ আর ভিন্ন সংস্কৃতির এই সম্মেলন অনুষ্ঠিত হলো সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। জাতিসংঘের আদলে এই সম্মেলনের সব কার্যক্রম ব্যাংককের কুইন্স সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে এই সম্মেলনে অংশ নিয়েছেন ছয়জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাহমুদ হাসান, শেহরীন আতাউর খান ও অনুপমা নিলয়া; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আহনাফ তাহমিদ ও জুনায়েদ নূর আর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল আলম।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেহরীন আতাউর খান এশিয়া প্যাসিফিক মুনের বিষয় স্পষ্ট করলেন। তিনি বলেন, ‘এশিয়া প্যাসিফিক ইউনাইটেড নেশনস বা সংক্ষেপে এপিমুন হলো প্রতীকী জাতিসংঘ সম্মেলন, যেখানে বিশ্বের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণ প্রজন্মের চিন্তার প্রকাশ ঘটে। যুক্তি, তর্ক আর বিতর্কের মধ্য দিয়ে কোনো সমস্যার সমাধান বের করার চেষ্টা করা হয়।’ সম্মেলনে শেহরীন আতাউর, অনুপমা নিলয়া সুইডেন, আহনাফ তাহমিদ ব্রাজিল ও মাহমুদ হাসান সিরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। চমকে ওঠার আগেই মাহমুদ হাসান বিষয়টি পরিষ্কার করে দেন। তিনি জানান, ‘সম্মেলনের নিয়ম হচ্ছে, প্রত্যেকেই তার নিজ দেশের বাইরে অন্য দেশের প্রতিনিধিত্ব করবে। এতে করে অন্য দেশ সম্পর্কে জানাও হয়। সংস্কৃতি আদান-প্রদান হয়। আর আমার মনে হয়, এটা নেতৃত্ব বিকাশের একটা প্রশিক্ষণও বটে।’ তিনি আরও বলেন, ‘আরেকটি ব্যাপার হলো, আমরা যে দেশেরই প্রতিনিধিত্ব করি না কেন, আমরা প্রত্যেকেই কয়েকটি কমিটিতে ছিলাম। আমি জেনারেল অ্যাসেম্বলি-২ কমিটিতে ছিলাম। সেখানে আমি “ফ্রেশ ওয়াটার ম্যানেজমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রি” বিষয়ের ওপর বক্তব্য দিয়েছি। আর অন্যদিকে জাপানের ইউশিমুরা মিকা ও অস্ট্রেলিয়ার ডিন মজ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে।’মাহমুদের কথা শেষ না হতেই তোফাজ্জল আলম বলেন, ‘জাপানের মিকা বাংলাদেশের ফ্রেশ ওয়াটার ম্যনেজমেন্ট বিষয়ে কথা বলেছেন। আমি দোয়েল পাখি আঁকা দুই টাকার নোট নিয়ে গিয়েছিলাম। অন্য দেশের বন্ধুদের উপহার দিয়েছিলাম সেগুলো। তারাও আমাদের দেয় তাদের দেশীয় উপহার।’আহনাফ তাহমিদ ও জুনায়েদ নূর আলম বললেন নতুন সম্ভাবনার কথা। আহনাফ বলেন, ‘আমাদের দেশ থেকে আরও বেশি অংশগ্রহণ প্রয়োজন। কারণ, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রভাব বিস্তার করতে হলে এ রকম প্ল্যাটফর্মের কোনো বিকল্প নেই।’ জুনায়েদ নূর সহমত প্রকাশ করেন। সম্মেলনে অংশ নিয়ে কি শুধুই বক্তব্য আর আলোচনা। নিশ্চয়ই নয়। সংস্কৃতি আদান-প্রদানের এই মিলন উৎসবে বাংলাদেশের এই ছয় তরুণ নেতা বিভিন্ন ঐতিহাসিক স্থান, মন্দির, জাদুঘরে ঘুরে বেড়িয়েছেন।