তরুণ প্রজন্মকে প্রীতিলতার আদর্শ ধারণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তরুণ প্রজন্মকে প্রীতিলতার আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে। এ জন্য পাঠ্যপুস্তকে প্রীতিলতাসহ ব্রিটিশবিরোধী সংগ্রামীদের জীবনী অন্তর্ভুক্ত করা উচিত। যাতে নতুন প্রজন্ম দেশমাতৃকার জন্য নিবেদিতপ্রাণ বিপ্লবীদের জীবন এবং তাঁদের আদর্শের কথা ভুলে না যায়। এ ছাড়া অচিরেই ইউরোপিয়ান ক্লাবসহ ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ করতে হবে।’ ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮০তম আত্মাহুতি দিবস পালন উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। গত সোমবার সন্ধ্যায় নগরের স্টুডিও থিয়েটারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বীরকন্যা প্রীতিলতার ৮০তম আত্মাহুতি দিবস পালন কমিটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে আলোচক ছিলেন কমিটির আহ্বায়ক মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবীর ও আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম। বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী বলেন, ‘তরুণ প্রজন্মকে ভোগবিলাসের দিকে ধাবিত না হয়ে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো বিপ্লবীদের আদর্শ ধারণ করতে হবে।’ অধ্যাপক হোসাইন কবীর বলেন, যে আদর্শ নিয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রীতিলতা ওয়াদ্দেদার লড়াই করেছেন, সে লড়াই এখন আমাদের করতে হবে। রাষ্ট্রের শাসকগোষ্ঠী জনগণের জন্য নয়। প্রীতিলতা যে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে আত্মাহুতি দিয়েছেন, তরুণ প্রজন্ম আজ সেরূপ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যাচ্ছে না। কেননা অগ্রজেরা তরুণদের সামনে কোনো সঠিক আদর্শ নিয়ে যেতে পারেননি।আনোয়ারা আলম বলেন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে নৈতিক আদর্শ নিয়ে মেধাবী শিক্ষার্থীরা আসবে না, ততক্ষণ রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে না। রাজনীতিতে বিভাজনের সংস্কৃতি থেকে উত্তরণ ঘটাতে হবে। সেমিনার পরিচালনা করেন বীরকন্যা প্রীতিলতার ৮০তম আত্মাহুতি দিবস পালন কমিটির সদস্যসচিব ও ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস। প্রীতিলতার বিপ্লবী জীবন নিয়ে প্রবন্ধ পাঠ করেন ফোরামের সদস্য পপি চাকমা। আলোচনা অনুষ্ঠান ছাড়াও পাহাড়তলীতে অবস্থিত প্রীতিলতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, চট্টগ্রামের অন্তত ২০টি বিদ্যালয়ে প্রীতিলতার ব্যাচ ধারণ, সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতাসহ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগামী ২ অক্টোবর সোমবার দিবসটি উপলক্ষে প্রীতিলতার স্মৃতিকে অম্লান করে রাখতে পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবের সামনে একটি আবক্ষ মূর্তি উদ্বোধন করা হবে বলে ঘোষণা করেন কমিটির সদস্যরা।