বাদুড়ের কী বাহাদুরি বাবা! সারা দিন গাছের ডালে ডালে ঝুলে থাকে। আর রাতের ঘোর অন্ধকারে উড়ে বেড়ায় ফলে ফলে, গাছে গাছে—কোথাও এতটুকু ধাক্কাও লাগে না। কিন্তু আলোক উৎস থেকে কোনো বস্তুতে প্রতিফলিত হয়ে আলো চোখে এসে না পড়লে তো কিছুই দেখা যাবে না। বাদুড় তবে কী করে নিশ্চিন্তে পথ চলে রাতের নিকষ অন্ধকারে? আঠারো শতকের এক ইতালীয় বিজ্ঞানী, লাজারো স্পালাঞ্জানির মনে জেগেছিল এই জিজ্ঞাসা। জবাবটাও তিনি নিজেই দিয়েছিলেন। কয়েকটা বাদুড় ধরে নিয়ে এসে নিজ ঘরে রাতের বেলা চালালেন পরীক্ষা-নিরীক্ষা। তারপর আবিষ্কার করলেন, বাদুড়ের কান বেঁধে দিলে সে আর আগের মতো উড়তে পারে না! বাদুড়ের কানের এই কৃতিত্বের কথা পাঁচকান হতেই সবাই সেদিন ওই তরুণ বিজ্ঞানীকে হাসি-ঠাট্টা করেছিল। কিন্তু পরে ঠিকই প্রমাণ হয়েছে যে নিজের তৈরি শব্দের প্রতিফলন শুনেই বাদুড় রাতের আঁধারে পথ চলে। হ্যাঁ, একটি জিজ্ঞাসাই খুলে দিতে পারে অবারিত জ্ঞানের অজানা দোয়ার। সে জ্ঞান পাল্টে দিতে পারে পুরো সভ্যতাকেই। আর তাই দেশবদলের জন্য ‘তরুণ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিবছর বিজ্ঞান মেলার আয়োজন করে থাকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। বিজ্ঞান মেলা বসেছিল এ বছরও। ২৪ থেকে ২৬ জানুয়ারি একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জয়পুরহাটে। ঢাকায় বিসিএসআইআরের নিজস্ব ক্যাম্পাসে এবার মোট ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক বিজ্ঞান প্রকল্প প্রদর্শিত হয়। কলেজ পর্যায়ে সেরা প্রকল্প নির্বাচিত হয়েছে ‘কপিকলের ব্যবহার’। কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর চার ‘তরুণ বিজ্ঞানী’ বানিয়েছিল এই প্রকল্প। তারা হলো নূর আসাদুজ্জামান, আহমদ উল্লাহ, আশরাফুল আলম ও সুমন চাকমা। ‘কপিকলের ব্যবহার সম্পর্কে আমরা কম-বেশি সবাই জানি। আমাদের দেশে এখনো বহুতল ভবন নির্মাণের সময় রড, সিমেন্ট ইত্যাদি ভারোত্তোলনের জন্য মাত্র একটি কপিকল ব্যবহার করা হয়। কিন্তু আমরা গবেষণা করে দেখেছি, জোড়া কপিকল ব্যবহার করলে একই ভারোত্তোলনে আগের চেয়ে অর্ধেক বল দরকার হয়।’ বলছিল বিসিএসআইআরের তরুণ বিজ্ঞানী আসাদুজ্জামান নূর। একই দলের বিজ্ঞানী আহমদ উল্লাহ জানায়, ‘মেলায় আমরা চারটি কপিকলকে আদর্শ হিসেবে নিয়েছিলাম। আমরা এর মাধ্যমে সমপরিমাণ ভারোত্তোলনে বলের ব্যবহার চার গুণ কমিয়েছি। কম বলে বেশি ভারোত্তোলনে প্রকল্প সফল হওয়ায় আমরা “তরুণ বিজ্ঞানী” বিবেচিত হয়েছি।’আশরাফুল বলল, ‘সবই সম্ভব হয়েছে আমাদের বিজ্ঞান ক্লাব কদমতলা পূর্ব বাসাবো বিজ্ঞান ক্লাবের জন্য। প্রতি বৃহস্পতিবার ক্লাসের পর বিজ্ঞানের নানা বিষয় নিয়ে আলোচনায় বসি আমরা। নতুন কিছু আবিষ্কারের আশায় অনেকেই প্রকল্প তৈরি করে। কপিকল নিয়ে এই প্রকল্পও সেখান থেকেই শুরু।’ প্রকল্পে প্রথম হওয়ার জন্য বিসিএসআইআর থেকে তারা পেয়েছে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ ২৫ হাজার টাকা। কী করবে তারা এই টাকা দিয়ে? তরুণ বিজ্ঞানী সুমন চাকমা বলল, ‘পুরো ২৫ হাজার টাকাই বিজ্ঞানের উন্নয়নে আমরা বিজ্ঞান ক্লাবকে দিয়ে দিচ্ছি। আমরা চাই বিজ্ঞানের আরও উন্নয়ন হোক। বিজ্ঞান দিয়েই দেশ বদলের স্বপ্ন দেখি আমরা।’ কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. এ কে নেওয়াজ বলেন, ‘আমি খুবই গর্বিত যে আমার কলেজের শিক্ষার্থীরা বিসিএসআইআরের স্বীকৃতি পেয়েছে। ওরা নিজেদের, পাশাপাশি কলেজের গৌরব বাড়িয়েছে। ওদের মধ্যে মেধা আছে, ওরা সৃজনশীল। দেশমাতৃকার উন্নয়নে বিজ্ঞানে ওরা নিবেদিতপ্রাণ হোক—এই শুভকামনাই করি।’বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক এস এম ইমানুল হক বলেন, ‘বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশে তাকালে, নানা ধরনের প্রশ্ন মনে জাগে। অদম্য কৌতূহলীরা সেসব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আপন মনে কাজ করে যায়। নূর, আহমদ, আশরাফুল, সুমন—ওরাও অদম্য কৌতূহলী। আমি বিশ্বাস করি, দেশ বদলের স্বপ্ন ওদের সত্যি হবেই।’