বয়ঃসন্ধিকালে বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তনের প্রভাবে অল্প বয়সী তরুণ-তরুণীদের মধ্যে আত্মসচেতন প্রবণতা গড়ে ওঠে। এ ছাড়া তারা সন্দেহ করে যে কেউ না কেউ সব সময় তাদের দেখছে। আর বিপরীত লিঙ্গের কেউ লক্ষ করলে তারা নিজের সম্পর্কে তুলনামূলক বেশি সচেতন হয়ে ওঠে। মার্কিন গবেষকেরা এমনটিই দাবি করছেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী লি সামারভিলের নেতৃত্বে একদল গবেষক আট থেকে ২২ বছর বয়সী ৬৯ জনের ওপর জরিপ চালান। এতে অংশগ্রহণকারীদের মস্তিষ্কের গতিবিধি পর্যবেক্ষণের জন্য বিশেষায়িত এমআরআই যন্ত্র ব্যবহার করা হয়। কিন্তু তাঁদের বলা হয়, এই প্রক্রিয়ায় একটি নতুন ভিডিও ক্যামেরা পরীক্ষা করা হচ্ছে। আর ক্যামেরায় তোলা ভিডিওচিত্র ভিন্ন কক্ষ থেকে বিপরীত লিঙ্গের সমবয়সী কেউ একজন দেখছে। জরিপে তরুণ-তরুণীদের সামনে রাখা একটি পর্দার মাধ্যমে জানানো হয় ক্যামেরাটি চালু রয়েছে নাকি বন্ধ আছে বা চালু হতে যাচ্ছে। কিন্তু আসলে সেখানে কোনো ক্যামেরা ছিল না। এমআরআইয়ের মাধ্যমে তাদের আত্মসচেতন আবেগ, মানসিক প্রতিক্রিয়া ও মস্তিষ্কের বিভিন্ন পরিবর্তন শনাক্ত করা হয়। লাইভসায়েন্স।