তরুণদের উদ্ভাবনী ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে তৃতীয়বারের মতো এবার হয়ে গেল মাইক্রোসফট ইমাজিন কাপ ২০১৩ প্রতিযোগিতা। গোটা পৃথিবীর তরুণদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনী ক্ষমতাকে অনুপ্রাণিত করতেই ইমাজিন কাপের আয়োজন করে মাইক্রোসফট করপোরেশন। বিশ্বের বিভিন্ন দেশে আঞ্চলিক বাছাই প্রতিযোগিতার পর হয় চূড়ান্ত প্রতিযোগিতা। এবার রাশিয়ায় বসবে এ আসর।এ বছরের জন্য ইমাজিন কাপের বাংলাদেশ পর্বের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ৬ এপ্রিল ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—বাংলাদেশ (এআইইউবি) মিলনায়তনে। এতে চ্যাম্পিয়ন হয়ে ‘বুয়েট ১০১’ দল টিকিট পেল রাশিয়ার। মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের টেকনিক্যাল ইভানজালিস্ট তানজিম সাকিব বলেন, ‘এ বছর ১৩৫টি দল নিবন্ধন করেছিল। দুই পর্ব শেষে চারটি দল আসে চূড়ান্ত লড়াইয়ের জন্য। আর চূড়ান্ত লড়াইয়ে অংশ নেওয়া চারটি দলের দুটি এআইইউবির, একটি করে দল বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)। চূড়ান্ত পর্বে চারটি দলের প্রতিযোগীরা নিজেদের উদ্ভাবন নিয়ে হাজির হন বিচারকদের সামনে।’ প্রতিযোগিতায় শীর্ষ তিনটি দলের উদ্ভাবনী প্রকল্পগুলো হচ্ছে—হ্যাপি ওয়াচবাড়িতে আপনার প্রিয়জন হয়তো অসুস্থ। হয়তো বৃদ্ধ মা-বাবা বার্ধক্যে নানা রোগে পড়ছেন হুটহাট। সারাক্ষণ পাশে বসে থাকতে ইচ্ছে করলেও পারছেন না। আবার নিজের কাজের কারণেই হয়তো আছেন দূরে বা দেশের বাইরে। মনটা ছটফট করছে সারাক্ষণ। প্রিয়জন সুস্থ আছে তো!আচ্ছা কেমন হতো, যদি তার শরীরের খরবটা আপনি জানতে পারতেন! সাধারণত একজন মানুষের অসুস্থতা বোঝা যায় তার শরীরের নানা লক্ষণ থেকে। শরীরের কোনো একটি অঙ্গ হয়তো অচল হয়ে এমনটা ঘটায়। তাই চূড়ান্তভাবে অসুস্থ হয়ে পড়ার আগেই খবরটা আপনার কাছে পৌঁছে গেলে হয়তো সতর্ক থাকতে পারেন। ব্যবস্থা নিতে পারেন আগে-ভাগে। আপনার প্রিয়জনের শারীরিক অবস্থা ঠিক না থাকলেই মুঠোফোনে পেয়ে যাবেন সে তথ্য।এমনই একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন বুয়েটের ‘বুয়েট ১০১’ দলের চার শিক্ষার্থী জাহীন মোস্তাকিন, বাসিমা ইসলাম, তামজীদ ইসলাম ও মো. মোর্শেদুল হক।এর নাম দিয়েছেন ‘হ্যাপি ওয়াচ’। আগামী জুলাই মাসে এই উদ্ভাবন নিয়ে দলটি যাচ্ছে রাশিয়ার মস্কোতে ইমাজিন কাপের বিশ্ব আসরে। জাহীন মোস্তাকিন বলেন, ‘আমাদের তৈরি যন্ত্রটি আসলে এক ধরনের রিচ ব্যান্ড, যা ঘড়ির মতো হাতে পরে থাকতে হয়।’ প্রযুক্তির বিষয়টা খোলাসা করলেন আরেক সদস্য বাসিমা ইসলাম। ‘আমাদের যন্ত্রটি হাতে পরে থাকার ফলে এটি আপনার শরীরের সব ধরনের তথ্য সংগ্রহ করবে। আপনার হূৎস্পন্দন মেপে নেবে। এরপর তা পাঠিয়ে দেবে নির্ধারিত সার্ভারে। আর সার্ভারই আপনার মুঠোফোনে জানিয়ে দেবে তার কুশল।’তামজীদ জানান বলেন, ‘অনেক দেশে সুবিধাটা চালু থাকলেও তা নির্ধারিত একটাি স্থানের বাইরে নয়। কিন্তু আমাদের এই হ্যাপি ওয়াচ আপনাকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে খবর দেবে ব্যান্ড পরে থাকা মানুষটির। তা ছাড়া এটি বাজারজাত করতে পারলে আমাদের দেশের অধিকাংশ মানুষই উপকৃত হবে।’ এই যন্ত্রের মাধ্যমে একজন গর্ভবতী মায়ের শারিরীক অবস্থাও জানা যাবে।উইন্ডোজ-চালিত ফোন ছাড়াও সাধারণ মুঠোফোনের জরুরি অবস্থার খবর পাওয়া যাবে এসএমএসের মাধ্যমে। বলছিলেন দলের আরেক সদস্য মোর্শেদুল ইসলাম। প্রজেক্ট সেন্সপ্রথম রানারআপ দল এআইইউবির টিম ব্লু। এই দলের চার সদস্য হচ্ছে শাহরিয়ার হোসেন, আসিফুর রহমান, জায়েদ তালুকদার ও তানবীন। তাঁদের মধ্যে তানবীন পড়ছেন তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিষয়ে, বাকিরা কম্পিউটার বিজ্ঞানে। এই দলের তৈরি অ্যাপটাও অভিনব। মোবাইল ফোনে বধির ও মূকদের কথা ভেবে দলটি তৈরি করে একটি অ্যাপ, যার মাধ্যমে তারা মুঠোফোনে অন্যদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবেন। দলের সদস্য শাহরিয়ার হোসেন বলেন, ‘আমরা আসলে তাদের কথা ভেবেছি, যারা আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না।আমাদের এই অ্যাপের মাধ্যমে যারা কথা বলতে পারে না, তারা মেসেজ লিখে একটা নির্ধারিত বাটন চাপলেই সেই বার্তা কথা হয়ে হয়ে জানিয়ে দেবে অপর প্রান্তের ব্যক্তিকে। আবার বধিরের শোনার জন্য তার মুঠোফোনের অন্য প্রান্তের লোকটির কথা অটো সফটওয়্যারের মাধ্যমে ইশারা ভাষার মাধ্যমে একটি ভিডিওতে রূপান্তর করে তার সামনে তুলে ধরবে।’ এমন ধারণা নিয়ে এর আগেও অনেকে কাজ করেছেন। তবে তাঁদের সঙ্গে এই দলের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। জায়েদ তালুকদার বলেন, ‘অন্যদের করা এই অ্যাপে মুঠোফোনে অতিরিক্ত যন্ত্রাংশ দরকার পড়ত। কিন্তু আমাদের অ্যাপটি শুধু একটা উইন্ডোজ মুঠোফোন হলেই চলবে।’চন্দ্রবিন্দুপ্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ দল হিসেবে পুরস্কার জিতেছে কুয়েটের দল নার্ড ক্যাটস। আর এই দলের চার সদস্য হচ্ছেন স্বাগত প্রতীক, তানবীন ইসলাম, দেব হালদার ও মোজাহিদুল ইসলাম। চারজনই পড়ছেন কম্পিউটার বিজ্ঞান বিষয়ে। তাঁরা উদ্ভাবন করেছেন উইন্ডোজ ফোনে বাংলা লেখার প্রযুক্তি। কেমন করে লেখা যাবে সেখানে, শোনা যাক তাঁদের মুখেই। শুরু করলেন স্বাগত প্রতীক, ‘আমরা আসলে মুঠোফোন ব্যবহারকারী ও বিভিন্ন অ্যাপ নির্মাতার কথা মাথায় রেখেই তৈরি করেছি এটি। আমাদের তৈরি কাস্টম কন্ট্রোল ব্যবহার করা যাবে যেকোনো উইন্ডোজ ফোনে।’ অ্যাপটি প্রত্যেকে নামিয়ে নিতে পারবেন বিনা মূল্যে। অ্যাপটি পাওয়া যাবে এই ঠিকানায়: http://chandrabindu.codeplex.comতানবীন বলেন, ‘এত দিন উইন্ডোজ ফোনে বাংলা পড়া যেত, কিন্তু লেখা যেত না। তাই আমাদের এই উদ্ভাবনের ফলে হয়তো কাজটা এখন অনেক সহজ হবে সবার জন্য। এখানে একটা ফোনেটিক কি-বোর্ড ও একটা ফিক্সড লে আউট কি-বোর্ড আছে। আর আমাদের সব কাজ একটা কাস্টম কন্ট্রোলের মাধ্যমে করা হচ্ছে।’তাঁদের এই চন্দ্রবিন্দুর বাইরেও আরেকটা নতুন প্রজেক্ট আসছে খুব দ্রুত। জানান, কাজও প্রায় শেষের দিকে। দেব হালদার বলেন, ‘আমাদের এই প্রকল্পের মাধ্যমে যেকোনো ইংরেজি বা অন্য ভাষার বই সহজেই বাংলায় অনুবাদ করা যাবে।’