তরুণদের ঐক্যবদ্ধ করা ছাড়া বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ ডিসেম্বর দক্ষিণ এশীয় যুব সম্মেলন ২০১৫-এ তরুণদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপ্রধান চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা।

চন্দ্রিকা কুমারাতুঙ্গা। ছবি: এএফপি
চন্দ্রিকা কুমারাতুঙ্গা। ছবি: এএফপি

দক্ষিণ এশিয়া থেকে আগত বন্ধুরা, তোমরা আজ সমবেত হয়েছ সমাজ ও রাষ্ট্রের ব্যাপারে তোমাদের লক্ষ্য-নির্ধারণী একটি সভায়। তোমাদের সঙ্গী হতে পেরে আজ আমি সত্যিই খুব আনন্দিত!
শিশু ও তরুণেরাই জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ—আজ আমি এ কথা বলার প্রয়োজন বোধ করছি না। কিংবা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের মানুষের ভূমিকা রাখা জরুরি—এটাও বোধ করি বলার মতো কিছু নয়। আমি বলতে চাই, রাষ্ট্র তার যুবশক্তিকে অবহেলা করছে এবং তরুণদের আগ্রহকে সঠিকভাবে কাজে লাগাতে পারছে না।
বিশ্বায়নের এই যুগে এ কথা আমরা সবাই জানি যে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে অবহেলা করলে তারা ভীষণভাবে হতাশায় ডুবে যায়। আর এই হতাশাই রাষ্ট্রের মধ্যে সংঘাতের জন্ম দেয়।
কেউ একজন বলেছিলেন, তরুণদের আশা ধূলিসাৎ হয়ে গেলে তারা বন্দুক আর বোমায় পরিণত হয়। তারা নানা ধরনের সন্ত্রাস আর নৃশংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। চারপাশে তো আমরা এখন এসবই দেখছি।
সত্তরের দশকে শ্রীলঙ্কা এ রকম একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে এবং আশির দশকে দেশটির উত্তর-পূর্ব দিকে একই ঘটনা ঘটেছিল। শুধু তা-ই নয়, দক্ষিণ এশিয়ার অনেক দেশ এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মকে অবহেলা করার কারণে আমরা আজ নানা সংঘাত-সন্ত্রাসে ভুগছি।
আমি তাই বিশ্বাস করি, দেশের উন্নয়নের জন্য এবং বিশ্বের উন্নয়নের জন্য আমাদের তরুণদের ভূমিকা অনুধাবন করতে হবে।
সারা পৃথিবীর জনসংখ্যার এক-চতুর্থাংশ মানুষ আমাদের এ অঞ্চলে বাস করে। পৃথিবীর বেশির ভাগ গরিব মানুষেরও বাস আমাদের এ অঞ্চলে। দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য ক্রমেই বেড়ে চলেছে। এখন দারিদ্র্য দূরীকরণে দরকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন।
আমরা দেখছি, দেশে উন্নয়ন হচ্ছে। কিন্তু এই উন্নয়নের সুফল সবাই ভোগ করতে পারছে না। উন্নয়নের সুফল ভোগ করছেন মুষ্টিমেয় কয়েকজন মানুষ, যাঁদের পরিচয় ‘উচ্চবিত্ত’। সিংহভাগ মানুষ রয়েছে এই উন্নয়ন-প্রক্রিয়ার বাইরে। এখন তাই সামগ্রিক উন্নয়ন-ভাবনা জরুরি।
বেশ কয়েক বছর আগে থেকেই আমরা এই সামগ্রিক উন্নয়নের কথা বলে আসছি। আমরা বলছি, দেশের সমস্ত শ্রেণি-পেশা-গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সমানভাবে উন্নয়নকে অন্তর্ভুক্ত করতে হবে। এই সামগ্রিক উন্নয়ন বাস্তবায়নের জন্য গ্রাম ও শহরের সব মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে সবাই সমানভাবে উন্নয়নের সুফল ভোগ করতে পারে।
আমার বিশ্বাস, সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের দেশের তরুণেরা সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারবে। এ জন্য সরকার তরুণ প্রজন্ম ও দেশের সুশীল সমাজের সঙ্গে সংলাপে বসতে পারে।
একটি উদাহরণ দিতে চাই। ১৯৯৪ থেকে ২০০৫ সাল—এই ১১ বছর আমাদের সরকারের শক্তি কী ছিল? শক্তি ছিল তারুণ্য। আমরা উন্নয়ন-প্রক্রিয়ার সঙ্গে তরুণদের কর্মকাণ্ডকে যুক্ত করেছিলাম।
সেটা ছিল ‘সমুর্ধি প্রকল্প’ নামে একটি কার্যক্রম। সেই কার্যক্রমে ৩০ হাজার তরুণকে সম্পৃক্ত করেছিলাম আমরা। তাদের প্রশিক্ষণ দিয়ে গ্রামে পাঠিয়েছিলাম। প্রশিক্ষিত তরুণেরা গ্রামে গিয়ে ছোট ছোট ব্যবসা, ছোট খামার এবং কৃষিকাজ শুরু করেছিল। তাদের অনেকেই এখনো সেখানে রয়ে গেছে। তারা হাজার হাজার পরিবারকে দারিদ্র্যের কবল থেকে বের হয়ে আসার পথ দেখাচ্ছে।
এই উদাহরণ এ জন্য দিলাম যে আমাদের দেশের তরুণদের ঐক্যবদ্ধ করা খুবই জরুরি। দেশে এখন নানা ধরনের সংঘাত চলছে। আদিবাসীদের মধ্যে সংঘাত, সংখ্যালঘু সংঘাত, ধর্মীয় সংঘাত ইত্যাদি লেগেই আছে। আমাদের প্রয়োজন পারস্পরিক সম্প্রীতি ও শান্তি। এ জন্য তরুণদের ঐক্যবদ্ধ করা ছাড়া বিকল্প নেই।
জাতীয় ঐক্য ও সমন্বয় পরিষদের প্রধান হিসেবে আমি তোমাদের বলতে চাই, আমরা ভয়াবহ রকমের নাগরিক সংঘাতের মধ্যে রয়েছি। প্রায় সাত বছর ধরে দেশের এক প্রান্তে আমাদের সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। যদিও সম্প্রতি তারা এ যুদ্ধে জয়লাভ করেছে, কিন্তু শ্রীলঙ্কায় পুরোপুরি শান্তি প্রতিষ্ঠিত হয়নি। একটিমাত্র যুদ্ধে জয়লাভ করাই শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। বিভক্ত সম্প্রদায়কে একীভূত করতে হবে, তাদের মধ্যে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে। এ জন্য প্রতিটি সম্প্রদায়ের সঙ্গে কথা বলতে হবে, তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বিশ্বাস বাড়াতে হবে। তাদের বলতে হবে, ‘তুমি সীমানার বাইরের কেউ নও, তুমিও এ জাতিরই অংশ।’
তাদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করতে হবে। তাদের সম্প্রদায়গত পরিচয়, জাতিগত পরিচয়, ধর্মীয় পরিচয়, ভাষা ইত্যাদি এক না হলেও তাদের এক দেশ ও এক জাতির পরিচয়ের অধীনে আনতে হবে।
এটা মোটেও কোনো সহজ কাজ নয়। শান্তি প্রতিষ্ঠার চেয়ে যুদ্ধ জয় করা অনেক সহজ। সংঘাতে বিভক্ত জাতির মধ্যে সম্প্রীতির সেতু তৈরি করা আরও কঠিন।
আগামী এক বছরের মধ্যে আমরা দৃশ্যত পরিবর্তন দেখতে চাই। এ জন্য সরকারের তরফে শিক্ষাক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে এবং স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে গ্রাম, শহর ও জেলা পর্যায়েও নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব কর্মসূচির সঙ্গে তরুণেরা অনায়াসে যুক্ত হতে পারে।
আমি জানি, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও বিভিন্ন ধরনের সংঘাত-সমস্যা বিদ্যমান। তোমরা তরুণেরা এসব ক্ষেত্রে ত্রাণকর্তার ভূমিকা পালন করতে পারো। প্রথমেই তোমাদের সংঘাত দূর করার চেষ্টা করতে হবে। তবে সেটা একা নয়, সম্মিলিতভাবে। বিভিন্ন ধরনের সংগঠন, সরকার, সুশীল সমাজকে সঙ্গে নিয়ে এ সংকট মোকাবিলা করতে হবে।
আমি সব সময় বিশ্বাস করি, সরকারের হাতে সবকিছু ছেড়ে দেওয়া উচিত নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা রাষ্ট্রের হাতে সবকিছু ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকি।
তোমাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, তোমরা রাষ্ট্রকে বলো, ‘হে রাষ্ট্র, তোমার একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। আমরা তোমার কাজের সহযোগী হতে চাই। দেশের উন্নয়নে আমরা নেতৃত্ব দিতে চাই।’
যদি এভাবে ভাবতে পারো, আমার বিশ্বাস, তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে।
সংক্ষেপিত। ইংরেজি থেকে অনুবাদ: মারুফ ইসলাম।