তরুণদের কাঁধে ভবিষ্যতের নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই মিলে অল্প অল্প কাজ করা, ছোট ছোট পরিবর্তন আনা, যে যার অবস্থান থেকেই সমাজের কাজে এগিয়ে আসা—এভাবেই একদিন বড় একটা কাজ হবে। অনেক দূর এগিয়ে যাবে আমাদের দেশটা, এমন স্বপ্ন দেখেন তাঁরা। বাংলাদেশের ৪২ জন ঝকঝকে তরুণ-তরুণী বিভিন্ন মাধ্যমে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে পড়ছেন। তাঁদের এক করেছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)।আজকের তরুণদের কাঁধে ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। তবে সে জন্য তাঁদের প্রস্তুতি চাই। বিওয়াইএলসির আয়োজনে তরুণদের দেওয়া হচ্ছে নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ। আর এই কাজে অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। তাঁদের উদ্ভাবনী অনুদানের আওতায় এক লাখ ২০ হাজার ডলার দেওয়া হয়েছে বিওয়াইএলসিকে। ঢাকা ও চট্টগ্রামে তরুণদের নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণের ছয়টি কর্মসূচি বাস্তবায়নের জন্য এই অর্থ ব্যয় করা হবে। ৪ নভেম্বর ঢাকায় হয়ে গেল ‘বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং’ শিরোনামে তাঁদের প্রথম কর্মসূচির উদ্বোধন। এ দিন উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টাইন। বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা ইজাজ আহমেদ জানান, ৮১১ জন আবেদনকারীর মধ্য থেকে এই প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয় ৪২ জনকে। এখন চলছে তাঁদের প্রশিক্ষণ। চার মাসব্যাপী এই প্রশিক্ষণের পরবর্তী ধাপ শুরু হচ্ছে ডিসেম্বর থেকে। এ সময় তাঁরা ঢাকার একটি বস্তিতে কাজ করবেন। সেখানকার মানুষের সমস্যাগুলো কী, এসব সমাধানের জন্য কী করা যায়, তা এই তরুণেরা খুঁজে বের করতে চেষ্টা করবেন। মূলত অ্যাডভোকেসি, সচেতনতা তৈরি করাই হবে তাঁদের কাজ।‘আগে ভাবতাম নেতৃত্ব বলতে বোধহয় রাজনৈতিক নেতৃত্বই বোঝানো হয়। এখানে প্রশিক্ষণ নিতে এসে সে ধারণা ভেঙে গেছে। নেতৃত্ব মানে কোনো রাজনৈতিক ক্ষমতার ব্যবহার নয়, বরং যেকোনো ভালো কাজে উদ্যোগ নেওয়াই হতে পারে নেতার দায়িত্ব। নিজ নিজ অবস্থান থেকেই দেশের জন্য কাজ করা যায়। এ জন্য খুব বড় কোনো উদ্যোগ বা সাহায্যের আশায় বসে থাকার তো প্রয়োজন নেই। আর সবার ছোট ছোট চেষ্টার মধ্য দিয়েই আসতে পারে বড় পরিবর্তন।’ কথা হয় বিওয়াইএলসির পঞ্চম ব্যাচের প্রশিক্ষণার্থী আদনীন মৌরিনের সঙ্গে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন। বাংলা, ইংরেজি ও মাদ্রাসা—দেশের তিনটি মাধ্যম থেকে শিক্ষার্থীরা এসেছেন বিওয়াইএলসিতে। এখানকার পরিবেশ তাই অনেক বৈচিত্র্যময়। তবে এ জন্যই তা অনেক বেশি উপভোগ্য হয়ে উঠেছে প্রশিক্ষণার্থীদের কাছে। এমন মনে করেন আরেক প্রশিক্ষণার্থী মায়িশা তাসনিম। ‘প্রথম প্রথম একটু চিন্তায় ছিলাম সবার সঙ্গে বন্ধুত্ব হবে কি না, মিশতে পারব কি না এসব নিয়ে। কিন্তু কদিন যেতেই দেখলাম, এখানে সবাই বেশ বন্ধুত্বপূর্ণ। আর সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারাও তো নেতৃত্বের একটা প্রয়োজনীয় গুণ। এখন তাই আমরা একটা দল হয়ে গেছি।’ বলেন মায়িশা।‘আগে ভাবতাম বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা আমাদের মতো মাদ্রাসা শিক্ষার্থীদের চেয়ে বেশি জানে, বেশি সুবিধা পায়। আমরা কি ওদের সঙ্গে মিলে কোনো কাজ করতে পারব? এখানে এসে দেখলাম, ধারণাটা একদম ভুল। আমরা সবাই বন্ধু হতে পারি। সবাই মিলে কাজ করে এগিয়ে নিতে পারি দেশকে।’ বলেন গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী কাফী আহমেদ।