১৮ এপ্রিল পড়ন্ত বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবেশ করতেই দেখা গেল উত্সবমুখর পরিবেশে তরুণ ছেলেমেয়েদের পদচারণে মুখর হয়ে আছে পুরো আয়োজনের স্থলটি। কারণ, সেখানে বসেছে দ্বিতীয়বারের মতো ডিউক অব এডিনবরা অ্যাওয়ার্ডের স্বীকৃতি প্রদান অনুষ্ঠান। এবারে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৮০ শিক্ষার্থী ব্রোঞ্জ ও সিলভার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫৮ জন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) থেকে ১৯ জন, বুয়েটের ১৪ জন, বিআইটির ৪৭ জন, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল থেকে ১ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬৭ জন, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের ৮১ জন, মাস্টার মাইন্ড স্কুলের ৬২ জন, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে ৫৯ জন, দ্য রেড ব্রিক স্কুল থেকে ১৪ জন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে ৩২ জন এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ১৩ জন শিক্ষার্থী।ডিউক অব এডিনবরা অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার স্টিফান ইভানস। তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তরুণদের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকা খুবই জরুরি। এতে নিজের সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের উন্নয়নেও তাঁরা চিন্তাশীল হয়।’এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ‘প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ক্ষেত্রে তরুণদের জন্য ডিউক অব এডিনবরা অ্যাওয়ার্ড একটি সুযোগ।’ডিউক অব এডিনবরা অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান জিম ম্যাকক্যাব ছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের উপাচার্য, সহ-উপাচার্য ও অধ্যক্ষরা। ফিরে দেখা:তরুণদের বিভিন্ন সাংগঠনিক কাজের স্বীকৃতিস্বরূপ পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে ‘ডিউক অব এডিনবরা’ অ্যাওয়ার্ড। শুধু ছেলেদের জন্য ১৯৫৬ সালে ব্রিটেনে প্রিন্স ফিলিপকে (ডিউক অব এডিনবরা, ব্রিটেনের বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী) প্রধান করে শুরু হয় একটি প্রকল্প। এর মূল উদ্দেশ্য ছিল তরুণ ছেলেদের বিভিন্ন ভালো কাজে উত্সাহ প্রদান ও স্বীকৃতি। পরবর্তী সময়ে ১৯৫৮ সালে তা মেয়েদের জন্য আলাদাভাবে শুরু করা হয়। এটি তিনটি পর্যায়ে ভাগ করে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড, সিলভার অ্যাওয়ার্ড, গোল্ড অ্যাওয়ার্ড নামকরণ করা হয়েছে।কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ভীষণ জনপ্রিয় এ অ্যাওয়ার্ডটি বিশ্বের অন্যান্য দেশেও সমানভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও এর কার্যক্রম শুরু হয়েছে ২০০৮ সালের ২০ আগস্ট। এ কার্যক্রমের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, প্রত্যেকের পছন্দমতো বিষয় নির্বাচনের জন্য সুযোগ, যা অংশগ্রহণকারীদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে।