তরুণদের জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত বড় আয়োজন, সবাই দলবেঁধে একটা ছবি না তুললে চলে?
এত বড় আয়োজন, সবাই দলবেঁধে একটা ছবি না তুললে চলে?

তরুণেরা সেখানে হাজির বৈশ্বয়িক নানা সমস্যা নিয়ে। যুক্তি-তর্কে এসব সমস্যার সমাধানের পথও বাতলে দিলেন তাঁরাই। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যসহ বৈশ্বয়িক এসব বিষয়ে তাঁরা একেকজন কথা বলেন বনেদি বিশ্ব নেতার মতো! আগামীর পৃথিবী নিয়ে দেশ ও বিদেশের প্রায় ৮০০ তরুণের এমন উচ্চকিত কণ্ঠ শোনা গেল বাংলাদেশ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনসের সম্মেলনে (বিআইমুন)। ২১ থেকে ২৪ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় তরুণদের এই সম্মেলন।
মডেল ইউনাইটেড নেশনস সংক্ষেপে ‘মুন’। এটি মূলত জাতিসংঘের অধিবেশনের প্রতীকী উপস্থাপনা, যেখানে শিক্ষার্থীরা জাতিসংঘের আলোচ্যসূচির আদলে নিজেদের ভাবনা তুলে ধরেন।
এবারের ছায়া জাতিসংঘ সম্মেলন (বিআইমুন) অনুষ্ঠিত হয় জাতিসংঘ ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় ও জাতিসংঘের তথ্যকেন্দ্রের সহযোগিতায়। চার দিনের এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন’।
২৪ নভেম্বর বিকেলে ছিল সম্মেলনের সমাপনী অনুষ্ঠান। সেখানেই কথা হয় কয়েকজন অংশগ্রহণকারীর সঙ্গে। সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা বলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফ আহসান চৌধুরী, ‘আমি প্রথমবার এমন বড় আয়োজনে অংশ নিয়েছি। এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে মিশে নানা বিষয়ে জানার সুযোগ পেলাম।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মিছবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে এই সম্মেলন আমাকে অনেক বিষয় হাতে-কলমে শেখার সুযোগ করে দিল।’
সম্মেলনে জাতিসংঘ অধিবেশনের মতো আটটি কমিটি ষোলোটি বিষয়ে আলোচনা করে। শুধু বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন না, যুক্তরাষ্ট্র, কানাডা, তুরস্ক, ভারত, শ্রীলঙ্কা, সিয়েরা লিয়ন, নেপালসহ বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধি অংশ নেন সম্মেলনে। সেখানে তাঁরা প্রতিনিধিত্ব করেন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধি হয়ে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী পিংকি রানী পাল প্রতিনিধিত্ব করেন জ্যামাইকার। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে জ্যামাইকা কী পরিমাণ ঝুঁকির মুখে রয়েছে সেসব তথ্য-উপাত্তই তুলে ধরেছি সবার সামনে। অন্য দেশের হয়ে কথা বলতে গিয়ে বারবার আমাদের দেশের সমস্যার কথাই মনে হচ্ছিল।’
এমন বড় একটি আয়োজন সফলভাবে আয়োজন করেছে ইউনিস্যাব। সংগঠনটির কার্যক্রম সম্পর্কে বিআইমুন-এর সেক্রেটারি জেনারেল ও ইউনিস্যাব সভাপতি মোহাম্মদ মামুন মিয়া বলেন, ‘ইউনিস্যাব সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মুন চর্চার প্রসারে কাজ করছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার পর জাতিসংঘ ঘোষিত নতুন লক্ষ্য টেকসই উন্নয়ন লক্ষ্য, যেখানে বাংলাদেশের অংশগ্রহণ সবচেয়ে বেশি। আমরা এমন সম্মেলনের মাধ্যমে তরুণদের ভাবনাগুলো নীতিনির্ধারক মহলে উপস্থাপন করি।’