তরুণদের জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বসেছে ‘জাতিসংঘে’র বিশাল এক আসর। রীতিমতো ঠান্ডাযুদ্ধ শুরু হয়ে গেছে বলা যায়। ভারতের প্রতিনিধি নিজের দাবির পক্ষে সোচ্চার, অনেক দেশই তা দিতে নারাজ। বাংলাদেশের প্রতিনিধি নিজের দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে দাবি-দাওয়া আদায়ের পথ রচনায় ব্যস্ত। যুক্তরাষ্ট্র তার উৎপাদিত খাবারের একটা বিশাল অংশ ফেলে দিচ্ছে ফি-বছর। খাওয়ার লোক নেই তার। আর অন্যান্য দেশ? অনেক দেশের মানুষ তো খাবারই পায় না। তানজানিয়ার প্রতিনিধি যুক্তরাষ্ট্রকে অবশেষে বোঝাতে সমর্থ হলো, এত খাবার নষ্ট না করে তারা কাউকে দিয়ে দিতে পারে। সমর্থন জানাতে একসঙ্গে টেবিলে হালকা আওয়াজ তুলছে নাইজেরিয়া, পাকিস্তান, লুক্সেমবার্গ। জাতিসংঘের অধিবেশনে এমন পরিবেশ থাকবে, সেটাই তো স্বাভাবিক। সবারই তা জানা। কিন্তু এটি তো আর সত্যি সত্যি জাতিসংঘের অধিবেশন ছিল না, এটি ছিল শিক্ষার্থীদের প্রতীকী অধিবেশন। ১৩-১৫ অক্টোবর এই আসর বসেছিল আমাদের প্রিয় বাংলাদেশে।ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্রের সহায়তায় প্রতীকী এ জাতিসংঘের আয়োজন করেছিল ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)।প্রথম দুদিন এই অধিবেশন বসেছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাসে আর শেষ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে।প্রতীকী জাতিসংঘের এ ধরনের অধিবেশন সারা বিশ্বে ‘মডেল ইউনাইটেড ন্যাশনস’ বা মুন নামে পরিচিত। আর দেশের এ আয়োজনকে বলা হচ্ছে, ‘বাংলাদেশে মুন’ বা ‘বানমুন’ নামে। দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৫০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন এই আয়োজনে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ, ইস্টওয়েস্টসহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আয়োজনে যোগ দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তানমিন প্রতিনিধিত্ব করছিলেন গ্রিসের, ‘আমরা তিন বন্ধু এখানে এসেছি একসঙ্গে। তিনজন তিন দেশের প্রতিনিধিত্ব করছি।’ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ছেন আসিফুল ইসলাম। ‘ডিইউ মুনা নামের একটি সংগঠন আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। ওদের কাছ থেকেই মূলত আমরা শুনেছিলাম এই আয়োজনের কথা। বেশ লাগছে কিন্তু। মনে হচ্ছে, সারা পৃথিবীর নেতারা এখানে সমবেত হয়েছেন! নিজের দেশকে কীভাবে অন্য দেশের কাছে উপস্থাপন করতে হবে, সেটারও একটা ধারণা পেয়েছি এখান থেকে।’ইউআইইউয়ের শিক্ষার্থী জান্নাতুল ফারজানা পড়ছেন বিবিএ দ্বিতীয় বর্ষে। বানমুনে অংশ নেওয়ায় তাঁর চোখে-মুখে অবাধ উচ্ছ্বাস। ‘আমি নিয়মিত বিতর্কচর্চা করি। এই বানমুন অধিবেশনে বিতার্কিক হিসেবে নিজেকে আর একবার নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেলাম। এখানে আমি প্রতিনিধিত্ব করছি তানজানিয়ার। এ জন্য আমাকে তানজানিয়া সম্পর্কে অনেক কিছু জানতে হয়েছে—ভালো-মন্দ সব। তা ছাড়া, কোন যুক্তি দিলে আমার প্রস্তাব গৃহীত হবে, সেটাও মাথায় রাখতে হয়েছে।’আয়োজক প্রতিষ্ঠান ইউনিস্যাবের অন্যতম পরিচালক কানিজ ফাতেমা বলেন, ‘আমরা ছোট ছোট কিছু কাজের মাধ্যমে সবাইকে প্রশিক্ষণ দিই। অনুষ্ঠান শেষে চারটা কমিটি থেকে মোট ১১ জনকে পুরস্কার দেওয়া হয়।’ইউনিস্যাবের আরেক পরিচালক আনিকা বিনতে কাসেম জানান, ‘আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। তা ছাড়া, আমাদের নিজস্ব ওয়েবসাইটও (www.unysab.org) আছে। দেখতে পারেন সেটাও।’