তরুণদের দূত মনিক
২৪ মার্চ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে তখন। হলিউডের টিনএজ তারকা মনিক কোলম্যানের জন্য অপেক্ষার পালা ফুরোতে চায় না কিছুতেই।সাউথ ক্যারোলাইনার মেয়ে মনিকের সঙ্গে পরিচয়টা অনেক আগে থেকেই। ডিভিডির কল্যাণে ২০০৬ সালে মুক্তি পাওয়া হাইস্কুল মিউজিক্যাল চলচ্চিত্রে দেখেছি তাঁকে টেলিভিশনের পর্দায়। একই সঙ্গে অভিনয়, গান গাওয়া এবং নাচতে জানা এই মেয়ের গুণের যেন কোনো শেষ নেই।মনিক কোলম্যান বর্তমানে জাতিসংঘের হয়ে কাজ করছেন তরুণদের জন্য। তরুণদের নানা বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যে ঘুরে বেড়াচ্ছেন বিশ্বের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে। অস্ট্রেলিয়া থেকে যাত্রা শুরু করে থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, চীন, জাপানসহ আরও কয়েকটি দেশ ঘুরে অবশেষে এসেছেন বাংলাদেশে। এ দেশে এসে অল্প সময়ের ভেতরেই তিনি কথা বলেছেন পথশিশুদের সঙ্গে। ঘুরেছেন বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র ও বিদ্যালয়ে। স্বাস্থ্য, সংস্কৃতি, স্বপ্ন, কুসংস্কার, হতাশাসহ আরও নানা বিষয় নিয়ে আলাপ করেছেন তরুণ শিক্ষার্থীদের সঙ্গে।২০১০ সাল ছিল জাতিসংঘ ঘোষিত তরুণদের বছর। মনিক কোলম্যানকে নির্বাচন করা হয়েছে তরুণদের চ্যাম্পিয়ন (ইয়ুথ চ্যাম্পিয়ন) হিসেবে। ডিজনি চ্যানেলের জনপ্রিয় সব নাটকে সফলভাবে অভিনয় করে যাওয়া এই তারকার দারুণ প্রভাব রয়েছে যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে। অভিনয়ের পাশাপাশি তিনি সমাজসেবামূলক নানা কাজও করছেন।মনিককে দেখে চিনতে দেরি হয় না একটুও। মিলিয়ে নিই পর্দায় দেখা কিশোরী তারকার সঙ্গে। ঢাকায় ব্যস্ত সময় কেটেছে মনিকের। একটু তাড়াহুড়ো করেই শুরু হয় কথা। চায়ে চুমুক দিতে দিতে মনিক বলে যান বিভিন্ন দেশে ঘুরে পাওয়া অভিজ্ঞতা নিয়ে। ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মনিকের যাত্রা। পথে পথে ঘুরে দেখেছেন অনাহারে দিন কাটানো পথশিশুদের। ‘দারিদ্র্য বড় নিষ্ঠুর। এটা তরুণদের সৃজনশীলতা নষ্ট করে দিতে পারে। সব সময় চেষ্টা করতে হবে অসহায় অবস্থা থেকে বেরিয়ে আসার। কারণ, তরুণেরাই পারে নতুন এক পৃথিবী গড়তে।’ বলছিলেন মনিক কোলম্যান।জীবনে খারাপ সময় থাকবেই। এ অবস্থা থেকে উত্তরণের চেষ্টা থাকতে হবে সবার ভেতর। হতাশ হলেই বিপদ। যারা ভালো কাজ করে সময় কাটায়, তাদের কখনো হতাশা চেপে ধরতে পারে না। তরুণেরা সৃজনশীল। উদ্ভাবনী শক্তি তাদের প্রবল। মনিকের বিশ্বাস, শুধু তাদেরই ক্ষমতা আছে জঞ্জালে ভরা এ পৃথিবীকে বদলে দেওয়ার।চটজলদি বদলে দেওয়া যায় না কিছুই। তাই ধৈর্য ধরতে হবে সবাইকে। মনিক বুঝেছেন, সব দেশের তরুণেরাই সম্ভাবনাময়; শুধু অজ্ঞতা দূর করে জাগিয়ে তুলতে হবে তাদের। দিতে হবে সংস্কৃতি সম্পর্কে সঠিক ধারণা। জানতে হবে ইতিহাস।‘এ দেশ মুগ্ধ করেছে আমাকে। রিকশায় চড়ে অবাক হয়েছি আমি। এখানকার নানা খাবার, বিরিয়ানির স্বাদ কখনো ভুলব না। তবে সবকিছুর পরেও পথে দেখা অসহায় শিশুদের দেখে কষ্ট পেয়েছি খুব।’ বলছিলেন মনিক। বাংলাদেশের তরুণদের সঙ্গে কথা বলে মনিক বুঝতে পেরেছেন, তারা অনেক সাহসী। সঠিক পথে এগোতে পারলে একদিন ঠিক ঠিক সফল হয়ে উঠবে এই তরুণেরা। তাদের স্বপ্নগুলোকে ঠিকমতো বেড়ে উঠতে দিতে হবে; করতে হবে স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম। পরিশ্রমের কোনো বিকল্প নেই। শিক্ষাপদ্ধতিও এমন হওয়া উচিত, যাতে প্রতিভাবান তরুণেরা সামনে চলে আসে, উৎসাহ নিয়ে কাজ করতে পারে নিজ নিজ জায়গায়। সব সময় ভালো ধারণা নিয়ে কাজ করতে হবে। হারলে চলবে না। সৎ থেকে কঠোর পরিশ্রম করলে কাজে সফলতা আসবেই। তরুণদের নিয়ে মনিকের অনেক স্বপ্ন। আর সব মানুষের মতো তিনিও ভাবেন নতুন এক পৃথিবীর কথা, যেখানে কোনো অনাহারী মানুষ নেই, নেই অশিক্ষিত আর কুসংস্কারে আক্রান্ত মানুষ। পথশিশুরা সে পৃথিবীতে পথ ছেড়ে সময় পার করবে বিদ্যালয়ে পড়াশোনা করে। সেই পৃথিবীতে থাকবে না কোনো কষ্ট। থাকবে না অনাহারী মানুষ। মনিক তাই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করছেন। ঘুরছেন দেশে দেশে। তরুণেরা সচেতন হয়ে উঠলেই সফল হবেন তিনি।অনেক বড় দায়িত্ব যে তাঁর অল্প বয়সী কাঁধে। বিদায় তাই নিতেই হয়। পরদিন তাঁকে যেতে হবে ভারত। অনেক কাজ। মনিকের প্রত্যাশা, ‘পৃথিবীটা বদলে দিক তরুণেরা’।