
রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত বানমুন ২০১৫ সম্মেলন পরিণত হয় সারা দেশের শিক্ষার্থীদের এক মিলনমেলায়। ১০০টি স্কুল ও কলেজ থেকে মোট ৫৭১ জন শিক্ষার্থী অংশ নেয় এ সম্মেলনে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, কারডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, হলিক্রস কলেজ, নটর ডেম কলেজ।
১ আগস্ট শেষ হওয়া চার দিনের’ বাংলাদেশ ছায়া জাতিসংঘ সম্মেলন’ (বানমুন)-এর সপ্তম আসর আয়োজন করে জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি (ইউনিস্যাব)। সম্মেলনের সহযোগী হিসেবে ছিল জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউএনআইসি) ঢাকা।
একজন একেক দেশের প্রতিনিধিত্ব করবে, এটাই মুন বা ছায়া জাতিসংঘের নিয়ম। চলছে বিতর্ক: তারুণ্যের শক্তি বনাম বিশ্বের নয়া পরাশক্তি। আর তারুণ্যের এই শক্তি দিয়ে পৃথিবী বদলানোর প্রত্যয় নিয়ে ফিজির প্রতিনিধি ফারিহা রাইসা, ভারতের প্রতিনিধি আবদুল্লাহ ও রাশিয়ার প্রতিনিধি হিসাবে হাসনাইন হাজির হয়েছে এক প্রতীকী জাতিসংঘে।
এই ছায়া জাতিসংঘের প্রতিপাদ্য ছিল সামাজিক উন্নয়নে তরুণদের ভূমিকা। ইকোনমিক ও ফাইন্যান্সিয়াল কমিটি, সোশ্যাল কালচারাল অ্যান্ড হিউম্যানিটারিয়ান কমিটি, ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল, ওয়ার্ল্ড ব্যাংক, স্পেশাল কমিটি ফর বাংলাদেশ অ্যাফেয়ার্সসহ ১০টি কমিটির অধীনে অংশ নেয় শিক্ষার্থীরা।
কুয়েতের প্রতিনিধি ফরিজমা শওকাত বলে, ‘বিশ্ব বাণিজ্য সংস্থাকে অনুকরণ করে অল্প বয়সী তরুণেরা বিশ্ব বাণিজ্যের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে জ্ঞানলাভ করছে।’
চার দিন ধরে চলা এই সম্মেলনে মোট আটটি কমিটির বিভিন্ন সেশনে ছিল জোর কূটনীতির লড়াই। যুক্তির তর্কে অন্যকে পরাজিত করার আপ্রাণ চেষ্টা এবং স্মৃতিতে রাখার মতো অসংখ্য মুহূর্ত। তবে কূটনীতির লড়াইয়ে সকাল-বিকেল ব্যস্ত প্রতিনিধিদেরই সন্ধ্যা গড়াতেই দেখা গেল বন্ধু হিসেবে নিজেদের অভিজ্ঞতা নিয়ে আড্ডায় মেতে উঠতে কিংবা দুই দিন ধরে চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে একসঙ্গে নাচতে। এভাবে শিক্ষার্থীরা এই বার্তাই দিয়ে গেল—অতীতে যা-ই হোক না কেন, স্বার্থের লড়াইয়ে কোনো রাষ্ট্রই যেন মনুষ্যত্ব বিসর্জন না দেয়।
১ আগস্ট বানমুন ২০১৫-এর মহাসচিব মোহাম্মাদ মামুন মিয়ার উপস্থিতিতে একটি প্লেনারি সেশনের মাধ্যমে সফলভাবে শেষ হয় সম্মেলন। প্লেনারির ১০টি কমিটির ১০টি রেজুলেশনের মধ্যে ৯টিই পাস হয়।
সমাপনী অনুষ্ঠানে বেস্ট ডেলিগেট, আউটস্ট্যান্ডিং ডেলিগেট, স্পেশাল মেনশন ও বেস্ট পজিশন পেপার ক্যাটাগরিতে ৪০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বেস্ট ডেলিগেশন হিসেবে পুরস্কার পায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।
তরুণ প্রজন্মকে নিত্যনতুন তথ্য অবহিত করতে এবং তাদের বিভিন্ন জনমুখী কর্মসূচি বাস্তবায়নে সহায়তার ব্রত নিয়ে ২০০২ সাল থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি (ইউনিস্যাব)।