তরুণদের নিয়ে ভাবছে র্যাংগস

দেশের বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে র্যাংগস অন্যতম। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন সেক্টরে নানা পদে কর্মরত আছেন প্রায় ১৫ হাজার কর্মকর্তা ও কর্মী। এখানে তরুণদের গুরুত্ব দেওয়া হয়। প্রধান প্রশাসনিক ও মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানালেন, গত তিন মাসে তাঁদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তা পর্যাংয়ে ৫০ জন তরুণকে নিয়োগ করা হয়েছে। আরও নিয়োগ হচ্ছে।
নজরুল ইসলাম বলেন, ‘আমরা সারা বছর ধরেই চৌকস ও বুদ্ধিমান তরুণদের নিয়ে থাকি। সবচেয়ে বেশি নেওয়া হয় সেলস, মার্কেটিং, ফিন্যান্স, মানবসম্পদ ও প্রশাসন—এসব ক্ষেত্রে বেশি নিয়োগ হয়। এ ছাড়া বিভিন্ন ধরনের কারিগরি কাজের জন্য তরুণ প্রকৌশলী নিয়োগ করা হয়।
র্যাংগসের অধীনে র্যাংগস লিমিটেড, র্যাংকন মটরস, মোটরবাইক, র্যাংগস ওয়ার্কশপ, প্রোপার্টিজ, র্যাংকন ইঞ্জিনিয়ারিং, সার্ভিস, অটোমোবাইল, অটো, র্যাংগস ইন্ডাস্ট্রি, র্যাংকস পেট্রোলিয়ামসহ মোট ১৩টি প্রতিষ্ঠানের প্রধান প্রশাসনিক ও মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। এ বছরের ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের ২৩তম আসরে বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে ‘হান্ড্রেড মোস্ট ট্যালেন্টেড গ্লোবাল এইচআর লিডার’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি।
তরুণদের সম্পর্কে নজরুল ইসলাম বললেন, তাঁরা খুব শিগগিরই ‘ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম’ নামে একটি কর্মসূচি হাতে নিচ্ছেন। এখানে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি দুভাবেই তরুণদের নেওয়ার কথা ভাবছেন। প্রতিবছর তিনবারে ৩০ জন করে (প্রতিবার) নিয়োগ দেবেন। তিনি জানান, তাঁরা কিছু নেবেন সরাসরি আর কিছু নেবেন ইনটার্ন থেকে। এই তরুণদের এমনভাবে তাঁরা গড়ে তুলতে চান, যাতে একটা সময় গিয়ে তাঁরা প্রতিষ্ঠানের বড় দায়িত্ব সামলাতে পারেন।
নজরুল ইসলাম বলেন, যাঁরা নিজেকে সর্বোচ্চ পর্যাংয়ে নিতে চান, এমন তরুণদেরই খুঁজছেন তাঁরা। কিন্তু অনেক সময়ই যোগ্য সিভি পাচ্ছেন না। তিনি জানালেন, নিয়োগ বিজ্ঞপ্তি দিলে প্রচুর সিভি পড়ে। কিন্তু ভালো সিভি খুব কমই আসে। তিনি বলেন, ‘আমরা কী চাচ্ছি, তা না দেখেই সিভি পাঠাচ্ছেন চাকরিপ্রার্থীরা। এটা একটা বড় সমস্যা।’ তাঁর মতে, অধিকাংশ ক্ষেত্রেই চাকরির বিজ্ঞাপন না পড়ে সিভি পাঠানো হয়। এ ছাড়া অধিকাংশ সিভিই অন্যের থেকে ধার করে ‘কপি পেস্ট করা’। তিনি বলেন, ‘আবেদনকারীকে মনে রাখতে হবে, তাঁর সিভিটি চাকরিদাতার দেখার জন্য মাত্র ৩০ সেকেন্ড সময় আছে। এই সময়ের মধ্যে সিভি দিয়ে আকর্ষণ করতে পারলে কেবল তিনি চাকরির পরের ধাপের জন্য ডাক পাবেন। এ জন্য সিভি লিখতে হবে যত্ন নিয়ে। আরও চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে মিল রেখে যেসব যোগ্যতা চাওয়া হয়েছে, তা সামনে নিয়ে আসতে হবে সিভিতে। প্রয়োজনে বিজ্ঞপ্তি কয়েকবার পড়ে নিতে পারেন।’
সেলস বা মার্কেটিংয়ের ক্ষেত্রে নজরুলের মত, পড়াশোনার বাইরে যদি খেলা, বিতর্ক, সেমিনারে অংশগ্রহণ করার অভিজ্ঞতা থাকে তো ভালো। কোথাও ভ্রমণ করলে তা উল্লেখ করা যায়। সাক্ষাৎকারে কী ধরনের প্রশ্ন করেন, জানতে চাইলে এ প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘তিনটি সাধারণ প্রশ্ন আছে, যেটি আমরা প্রায় সবাইকে জিজ্ঞাসা করি। এক. নিজের সম্পর্কে বলা, দুই. তাঁর ইতিবাচক ও নেতিবাচক দিক। আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনাকে কেন আমরা এই পদের জন্য নিয়োগ দেব। এই প্রশ্নের যাঁরা ব্যতিক্রম ও গঠনমূলক উত্তর দেন বা চমকে দেওয়ার মতো করে কিছু বলেন, তাঁর জন্য আমাদের ইতিবাচক ধারণা তৈরি হয়।’