‘কয়েক মাস আগেও বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে আমার সাইকেলটা একা দাঁড়িয়ে থাকত। এখন সাইকেলের ভিড়ে আমার সাইকেল রাখার জায়গা পাই না!’ বলছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্বপ্নিল। সত্যিই তাই। গাড়ি, বাস কিংবা রিকশা নয়, যানবাহন হিসেবে ইদানীং তরুণেরা ‘লাইক’ দিচ্ছেন সাইকেলকেই! বাসের ভিড়ে চিড়ে-চ্যাপ্টা হওয়া, সিএনজিচালিত অটোরিকশাচালকদের অতিরিক্ত ভাড়া দাবি আর রিকশাচালকদের নির্বিকার ভঙ্গিতে বলে দেওয়া, ‘যামু না’—এ অবস্থায় সাইকেল তরুণদের কাছে ‘স্বাধীন যানবাহন’। নিজের ইচ্ছামতো ঘুরে বেড়ানো যায় যখন যেখানে খুশি। তীব্র যানজটে বিশালদেহী গাড়ি-বাসগুলো যখন ঠায় দাঁড়িয়ে থাকে, সাইকেল ঠিকই এঁকেবেঁকে এগিয়ে যায়! এই সুবিধা তরুণদের আগ্রহ বাড়িয়ে দিচ্ছে আরও বহু গুণ।মাহফুজুর রহমান লেখাপড়ার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করছেন। তিনি বলেন, ‘বাসা থেকে প্রথমে ক্লাস, ক্লাস থেকে আবার অফিস। প্রতিদিন রাস্তায় আমার চার-পাঁচ ঘণ্টা কেটে যেত। এখন সাইকেল কিনে নিয়েছি। যাতায়াতে সব মিলিয়ে খুব বেশি হলে এক ঘণ্টা খরচ হয়।’শুধু যে ছেলেরাই সাইকেলে যাতায়াত করছেন, তা না। মেয়েরাও প্রতিদিনের বাহন হিসেবে বেছে নিচ্ছেন সাইকেল। কথা হলো এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মার্জিনা আক্তারের সঙ্গে। মার্জিনা সাইকেল চালানো শিখেছেন মাত্র ১৫ দিন আগে। এরই মধ্যে সাইকেল নিয়ে মূল সড়কে নেমে গেছেন! ‘জানি, চারপাশের মানুষ তাকিয়ে থাকবে। সাইকেল নিয়ে পড়ে গেলে তারা হাসবে। এসব জেনেই সাইকেল নিয়ে রাস্তায় নেমেছি।’ মার্জিনার সোজাসাপ্টা কথা। দল বেঁধে সাইকেল চালানোতরুণদের সাইকেলের প্রতি আগ্রহী করে তোলার পেছনে একটা অবদান আছে বিডি সাইক্লিস্টের। এমনটাই মনে হলো উত্তরাবাসী আমজাদ হোসেনের কথায়। তিনি বলেন, ‘একদিন দেখি, রাস্তায় দল বেঁধে একটার পর একটা সাইকেল যাচ্ছে। প্রথমে ভাবলাম, বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়েছে। এক, দুই, তিন... করে সাইকেল গুনতে গুনতে আমি ক্লান্ত হয়ে গেলাম, সাইকেল আর শেষ হয় না! খোঁজ নিয়ে জানলাম বিডি সাইক্লিস্টের কথা। ওদের কাছ থেকেই অনুপ্রাণিত হয়ে সাইকেল কিনে ফেললাম।’বিডি সাইক্লিস্ট বাংলাদেশে সাইকেলচালকদের একটি দল। সাইকেলচালকদের নিয়ে তৈরি এ দলটির প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক বলেন, পরিবেশবান্ধব এ বাহনটির প্রতি মানুষকে আগ্রহী করে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য। যখন সাইকেল চালাই, নিজেকে অনেক স্বাধীন মনে হয়। সময় বাঁচে, খরচ বাঁচে, ব্যায়াম হয়, মনটাও প্রফুল্ল থাকে। আমাদের এই আনন্দটা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই।’ বিডি সাইক্লিস্টের দলে যোগ দিতে পারেন তাদের ফেসবুক পেইজের মাধ্যমে। অথবা ঢুঁ মারতে পারেন তাদের ওয়েব ঠিকানায়: www.bdcyclists.comসাবধানতাসাইকেল চালানোর স্বাধীনতায় একটু ভয় যোগ করে দেয় দুর্ঘটনা আর সাইকেল চুরি হওয়ার শঙ্কা। দুর্ঘটনা এড়াতে সাবধানতার কোনো বিকল্প নেই। ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি হেলমেট ব্যবহার করা উচিত। চুরি ঠেকানোর জন্য ভালো মানের তালা ব্যবহার করুন। এ ছাড়া কোথাও সাইকেল রাখলে আশপাশের কোনো দোকানদার কিংবা দারোয়ানকে ‘একটু দেখে রাখার’ অনুরোধ করতে পারেন। তরুণেরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অফিসগুলোতে সাইকেল রাখার ব্যবস্থা থাকলে এ বাহনটি আরও জনপ্রিয়তা পাবে।যেখানে পাবেনদেখেশুনে, বেছে সাইকেল কিনতে চাইলে ঢাকার বংশালের বিকল্প নেই। ঘুরেফিরে সাধ্যের ভেতর পছন্দের সাইকেল কিনতে পারবেন। এ ছাড়া ব্র্যান্ডের সাইকেল পাবেন তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত সাইকেল লাইফ এক্সক্লুসিভ এবং ধানমন্ডির এ আর এ সেন্টারের তিনতলায় অবস্থিত লায়ন সাইকেলের শোরুমে। পাঁচ-ছয় হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকার বেশি দামের সাইকেলও পাবেন। আর ওজনের দিক থেকে সাইকেল একটু হালকা হলে ভালো।