তরুণদের ভোজনবিলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনাদের মধ্যে সবচেয়ে ভোজনরসিক কে?’প্রশ্ন করতেই সব চোখ ঘুরে গেল একজনের দিকে। দলের মধ্য থেকে একজন পরিচয় করিয়ে দিলেন, ‘ওর নাম তাসনিম। একটু পর পরই নানা খাবারের খবর নিয়ে আসে। “দোস্ত, চল এটা খাই, চল ওটা খাই...।”’ যাকে নিয়ে এত কথা, সেই তাসনিম মাথা নেড়ে তীব্র প্রতিবাদ করলেন, ‘মোটেই না। আমি কি সব সময় খাই নাকি? যখন মন ভালো থাকে, তখন খাই। আর যখন মন খারাপ থাকে, তখন খাই!’ এক দফা হাসাহাসি হলো এমন মন্তব্য শুনে। তাসনিম নিজেও হেসে কুটিকুটি।কথা হচ্ছিল ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে বসে। আড্ডার মাঝখানে কে যেন এক প্লেট ফুচকা নিয়ে হাজির। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে দুই মিনিটেই হাপিস! কোথাকার ফুচকা খেলে ঝালে চোখের পানি-নাকের পানি এক হয়, কোথায় ফুচকার চেয়ে ফুচকার টকটা বেশি মজা, কোথাকার ফুচকা খেতে একেবারেই জঘন্য—এই নিয়ে চলছিল বিশেষজ্ঞ মতবিনিময়! উচ্ছ্বসিত আড্ডার এক ফাঁকে খাবারগুলো স্বাস্থ্যসম্মত কি না, এ নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করলাম। এমন ‘বেরসিক প্রশ্নে’ তাঁরা বোধ হয় কিছুটা বিরক্তই হলেন। তবে কথায় কথায় জানালেন, স্বাস্থ্যের দিকটাও সবাই মাথায় রাখতে চেষ্টা করেন। কিন্তু সব সময় তো আর জিবটাকে শাসন করা যায় না। বাইরের খাবার সব সময় খাওয়াও হয় না। তবে কোনো না কোনো উপলক্ষ পেলে নিস্তার নেই, দলবেঁধে কোথাও না কোথাও খেতে যেতেই হবে।তরুণদের মতে, পেটের ক্ষুধা নয়, মনের ক্ষুধা মেটাতেই এই ঘন ঘন ভোজনবিলাস। সিটি কলেজের শিক্ষার্থী আকিব জামানের মতে, একা একা কোরমা-পোলাও খেলেও নাকি মুখ রোচে না। কিন্তু বন্ধুরা সবাই মিলে রাস্তার পাশের ঝালমুড়ি খেলেও মনে হয় অমৃত! খেতে খেতে আড্ডা হয়। এ ওরটা কেড়ে খায়, ও একে তাড়া করে—এগুলোই আসলে মজা।তরুণদের এই আগ্রহকে পুঁজি করেই শহরজুড়ে গড়ে উঠেছে ফাস্টফুডের দোকান আর রেস্তোরাঁ। হরহামেশা তরুণদের যাতায়াতের সুবাদে এসব ব্যবসাও এখন বেশ জমজমাট। অভিভাবকেরা কী ভাবছেন? কথা হলো ঢাকার শাহজাহানপুরের অধিবাসী হোসনে আরার সঙ্গে। ‘মাসে দু-একবার দলবেঁধে খেতে গেলে মানা করি না। উল্টাপাল্টা খেয়ে পেটের অসুখ না বাধালেই হয়। ছোটবেলায় আমরাও তো এসব করেছি। আমাদের সময় তো এত ফাস্টফুড ছিল না। একজনের ঘর থেকে মুরগি আসত, আরেকজন চাল আনত। কেউ আনত তেল, পেঁয়াজ। সবাই মিলে চড়ুইভাতি করতাম।’চিকিৎসকেরা নিয়মিতই বলছেন ফাস্টফুড আর বাইরের খোলা খাবারের অপকারিতার কথা। টেলিভিশন, ইন্টারনেট ও পত্রিকার কল্যাণে তরুণেরা সে সম্পর্কে ভালোই অবগত। স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব তাই নিজেকেই নিতে হবে।রামপুরার সৌরভের কাছে খাওয়া একটা বড় বিনোদন। ফাস্টফুডের চেয়ে মোগলাই নাকি তাঁর বেশ পছন্দ। নান্নার বিরিয়ানি, হাজির বিরিয়ানি, মুস্তাকিমের চাপ, স্টারের মগজ ভুনা, খাসির লেগ রোস্ট—সৌরভের তালিকা লম্বা হতেই থাকে। সবশেষে যোগ করলেন, ‘আহ্! আপনার সঙ্গে এসব নিয়ে কথা বলতে গিয়ে খিদে লেগে গেল। আজকেই একবার পুরান ঢাকার দিকে যেতে হবে!’ এই না হলো এখনকার তরুণদের হালচাল।