তরুণদের রেডিও
তারেক মেহ্দীর মাথায় বিষয়টা ঘুরপাক খাচ্ছিল নেপালে ইউনিসেফের একটি প্রশিক্ষণে অংশ নেওয়ার পর থেকেই। এরপর ভাই আতিক মেহ্দীকে সঙ্গে করে শুরু করে দেন এই রেডিওর পরিকল্পনা। ধীরে ধীরে বাস্তবায়ন করেন তরুণদের স্বাস্থ্যসেবা নিয়ে অনলাইন এই রেডিওর কার্যক্রম।হ্যালো লিসেনারস, আপনারা শুনছেন ই-ডক্টর রেডিও। আর বয়ঃসন্ধি অনুষ্ঠানের নতুন একটি পর্ব নিয়ে সঙ্গে আছি আমি অনিমা। আমাদের আজকের অতিথি সজীব। আমরা সজীবের মুখ থেকেই শুনব তার বয়ঃসন্ধির সময়টাতে সে কী কী অসুবিধার সম্মুখীন হয়েছিল। সে সময়ে ভালো বা মন্দ লাগা কিছু অনুভূতি আর সঙ্গে থাকবে সজীবের পছন্দের গান...ই-ডক্টর রেডিওর একটি জনপ্রিয় অনুষ্ঠান লেটস টক। এসএসসিতে খুবই ভালো ফল করে শামীম (ছদ্মনাম)। জিপিএ-৫ পায় সে। কিন্তু সমস্যাটা দেখা যায় তার পর থেকে। খুব দ্রুতই তার কিছু বন্ধু হয়, যারা তাকে বিভিন্ন খারাপ কাজে প্রভাবিত করার চেষ্টা করতে থাকে। বন্ধুদের পাল্লায় পড়ে সে ধূমপান শুরু করে। পরিবারের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। ই-ডক্টর রেডিও শুনতে শুনতে একদিন চলে আসে লেটস টক শোতে। সেখানে মন খুলে বলে তার সব কথা। পরের পর্বে কথা বলা হয় শামীমের পরিবারের সদস্যদের সঙ্গে। একসময় শামীম বুঝতে পারে তার ভুলগুলো। ছেড়ে আসে সে অসৎ সঙ্গ। এখন সে আবারও মন দিয়ে পড়ালেখা করছে, ফিরে এসেছে পরিবারে।হ্যাঁ, বলছিলাম অনলাইন ই-ডক্টর রেডিওর কিছু অনুষ্ঠানের কথা। এ অনলাইন রেডিওটি তৈরি করেছেন দুই ভাই—আতিক মেহ্দী ও তারেক মেহ্দী। আতিক মেহ্দী সদ্য ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস পাস করে এখন ইন্টার্নশিপ করছেন এবং তারেক মেহ্দী বর্তমানে পড়ালেখা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পঞ্চম সেমিস্টারে। তাঁদের সাহায্য করছেন তাঁদের আরও কিছু শিক্ষার্থী বন্ধু।শোনা যাক তারেকের এ স্বপ্নের শুরুটা। ২০০৭ সালে তারেক মেহ্দী ইউনিসেফে ইয়াং চ্যাম্পিয়ন ফর এডুকেশন হিসেবে নেপালে যান ট্রেনিং অব ট্রেইনার্স ওয়ার্কশপে প্রশিক্ষণ নিতে, যার মূল বিষয় ছিল শিশু অধিকার, উন্নয়ন, নারীশিক্ষা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের ভূমিকা। সেখানে সার্কভুক্ত আটটি দেশ থেকে ইয়াং চ্যাম্পিয়নরা একত্র হয়েছিলেন। তারেক মেহ্দী সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। নেপালে ট্রেনিংয়ে তারেক জানতে পারেন, নেপালের কজন তরুণ একটি রেডিও করেছে এসএসএমকে (সাথি সাঙ্গা মাঙকা কুরা) নামে। আর তার পুরোটাই করেছে তরুণরা। দেশে ফিরে কিছুদিন পর তারেক ও আতিক মিলে শুরু করেন ই-ডক্টর নামে একটি সংগঠন। সংগঠনটির মূল কাজ হলো তরুণদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা সৃষ্টি করা। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, রোকেয়া হলসহ আরও অনেক জায়গায় করেছেন সচেতনতামূলক এই কার্যক্রম। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় ২০১০ সালে একটি অনলাইন রেডিও প্রতিষ্ঠা করতে সক্ষম হন তাঁরা, যেটার সম্পূর্ণ দায়িত্বে রয়েছে ছাত্রছাত্রীরা। সম্প্রতি ইউনিসেফের কনসালটেন্ট রিচার্ড পারকিন তাঁদের অফিস ঘুরে গেছেন।আতিক মেহ্দী বলেন, ‘স্বাস্থ্য নিয়ে সচেতনতার বিষয়গুলো তরুণদের বোঝার উপযোগী করে সঠিকভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য। আমরা চাই আমাদের কাজগুলোর মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্যগুলো তরুণদের কাছে পৌঁছে দিতে। এ জন্যই আমরা তৈরি করছি ডক্টর ডিরেক্টরি, মেডিকেল ডিরেক্টরি, ব্ল্যাড ব্যাংক পোর্টাল, যাতে ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তেই সবাই খুঁজে পায় কাঙ্ক্ষিত তথ্য।’তারেক মেহ্দী বললেন, ‘এটি তৈরির প্রথম দিকে অনেক বাধা ছিল। ইউনিসেফ আমাকে ধরিয়ে দিয়েছে কোথায় কোথায় আমাদের মতো তরুণদের এগিয়ে যাওয়া উচিত। তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে এটি আরও এগিয়ে যাবে বলে আমার আশা।’রেডিওটিতে টিউন করতে চাইলে আপনি ক্লিক করতে পারেন www.edoctorradio.com অথবা ডাউনলোড করতে www.edoctorbd.com/radiowww.edoctorbd.com/apps