তরুণী পাত্রীই চাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কারণে বিয়েটা করা হয়নি। বয়স পেরিয়েছে চল্লিশ। পরিবার-পরিচিতজনেরা বললেন, বিয়ে করো। এমন কোনো বয়স হয়নি। পাত্রের জন্য মেয়ে খোঁজা হচ্ছে। হবু পাত্রীর বয়স ২০-২৫ বছর...

বয়সের বড় ব্যবধান স্বামী-স্ত্রীর মানসিক বোঝাপড়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে। ছবি: অধুনা
বয়সের বড় ব্যবধান স্বামী-স্ত্রীর মানসিক বোঝাপড়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে। ছবি: অধুনা

আরিফ পেশায় প্রকৌশলী। নানা কারণে ঠিক সময়ে বিয়ে করা তাঁর হয়ে ওঠেনি। সবকিছু গুছিয়ে বিয়ের জন্য তৈরি হতে হতে বয়স ৪০ পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব যে হয়নি তা নয়, তবে প্রেম বা বিয়ে পর্যন্ত এগোয়নি কোনোটাই। তাই শেষ পর্যন্ত পরিবারের সদস্য ও বন্ধু-স্বজনেরাই এবার উঠে পড়ে লাগল পাত্রী দেখতে। অবাক ব্যাপার, আরিফ লক্ষ করলেন যে পাত্রী হিসেবে সবাই ২২ থেকে ২৩ বড়জোর ২৫ বছরের মেয়েদেরই বিবেচনায় রাখছে। নিজের চেয়ে প্রায় ১৫ থেকে ২০ বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করাটা তাঁর কাছে চরম অস্বস্তিকর মনে হলেও, অন্যদের কাছে সেটাই স্বাভাবিক! কেননা, শুভাকাঙ্ক্ষীদের মতে, ছেলেদের জন্য ৪০ থেকে ৪২ কোনো বয়সই নয়, কিন্তু বিয়ের পাত্রীর তো অত বয়স হলে চলবে না। তা ছাড়া সন্তান ধারণের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। এ রকম পরিস্থিতিতে আরিফের কী করণীয়?
আমাদের চলতি ধ্যানধারণা ও সামাজিক নিয়মকানুন আরিফের আত্মীয়স্বজনকেই সমর্থন করবে। কিন্তু আরিফ কিছুটা বেঁকে বসেছিলেন। কম বয়সী অনেক মেয়ের বাবা-মায়ের এমনকি অল্প বয়সী মেয়ের নিজেরও কোনো আপত্তি না থাকা সত্ত্বেও আরিফ ব্যাপারটায় আপত্তি তোলেন। বিয়ের ব্যাপারটা কেবল নিয়মরক্ষা, সন্তান ধারণ বা সংসারধর্ম পালনের জন্যই জরুরি—তা মানতে রাজি নন তিনি। বিয়ে হলো দুজন মানুষের আজীবন পাশাপাশি থাকার, চিরকালীন সমঝোতার একটা অঙ্গীকার। সে ক্ষেত্রে তিনি তাঁকেই বিয়ে করবেন, যিনি মানসিকতায় বা চিন্তাচেতনায় অন্তত কিছুটা তাঁর কাছাকাছি হবে—বয়সের বিরাট ব্যবধান এই সমঝোতার পথে কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে বৈকি। শেষ পর্যন্ত তাই আরিফ বিয়ে করলেন ৩৫ বছর বয়সী এক চিকিৎসককে—সমাজ ও পরিবারের না-খুশিকে পাত্তা না দিয়েই।

কুড়িতে বুড়ি?
বিয়ের পাত্রের বয়স যা-ই হোক না কেন, পাত্রীর বয়স যথেষ্ট কম থাকাই ভালো। কুড়িতে বুড়ি—কথাটা এখন আর চলে না বটে, তবে পাত্রীর বয়স ৩০ পেরিয়ে যেতে থাকলে মুখ অন্ধকার হয়ে আসে। ‘এই মেয়ের জন্য বর পাওয়া সত্যি কঠিন।’ কিন্তু হয়তো তাঁর সমবয়সী বা তাঁর বয়সের সঙ্গে মেলে এমন পাত্রের অভাব নেই চারপাশে। কিন্তু তাঁরাও যে বিয়ের জন্য তরুণীদেরই খোঁজেন। তবে দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে না, তা নয়। আরিফের উদাহরণই এর প্রমাণ।
বিয়ের জন্য কম বয়সী পাত্রী বিবেচনা করার মৌলিক কারণটা হয়তো কিছুটা দেহজ, কিছুটা সন্তান ধারণের ক্ষমতার সঙ্গে জড়িত। সাধারণ ধারণা এই যে মেয়েরা অল্প বয়সেই যৌবন হারান এবং স্বামী যথেষ্ট তরুণ থাকাকালেই স্ত্রীর বুড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। এ ছাড়া বেশি বয়সী নারীকে বিয়ে করলে সন্তান হওয়ার ক্ষেত্রেও কিছুটা ঝুঁকি থেকে যায়। বেশির ভাগ পুরুষ এই ঝুঁকিগুলো নিতে নারাজ। কিন্তু বিশেষজ্ঞরা এ বিষয়ে কী বলছেন?
সন্তান ধারণের জন্য ২০ থেকে ২৫ বছর বয়সটা সবচেয়ে চমৎকার হলেও আজকের দুনিয়ায় যেখানে মেয়েরা লেখাপড়া ও পেশাজীবন গোছাতে ব্যস্ত—তাঁদের বেশির ভাগই সন্তান নিচ্ছেন এর যথেষ্ট পরে। এই সময়ে মেয়েরা ৩০ বা ৩৫-এর পরেও নিশ্চিন্তে সন্তান ধারণ করছেন ও জন্ম দিচ্ছেন। এ প্রসঙ্গে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসুতিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুনা সালিমা জাহান বলেন, ‘তিরিশের পর থেকে মেয়েদের উর্বরতা কমে যেতে থাকে এটা সত্যি, আর সন্তান ধারণের জটিলতা বা ঝুঁকিগুলোও যায় বেড়ে। তাই বলে একটু বেশি বয়সে বিয়ে হলে একেবারে আশা নেই, তা-ও তো বলা যাবে না। যদিও চিকিৎসাবিজ্ঞান বলে, পঁয়ত্রিশের আগেই পরিবার গোছানোর কাজটা সম্পন্ন করে ফেলা ভালো। কিন্তু এর চেয়ে বেশি বয়সে সন্তান হওয়ার ঘটনা তো আর বিরল নয়।’
আর তারুণ্য ফুরিয়ে যাওয়া, বুড়িয়ে যাওয়ার ব্যাপারটা? জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকারের মতে, এটা অনেকটাই মনের ব্যাপার। অনেক বেশি বয়স পর্যন্ত তারুণ্য আর সজীবতা ধরে রাখার উদাহরণ চারপাশে আকছারই দেখা যায়। আর বিয়ের মতো একটা দীর্ঘমেয়াদি চিরন্তন ঘটনায় সৌন্দর্য বা তারুণ্যের মতো বিষয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো অন্তর্গত বোঝাপড়া, সমঝোতা ইত্যাদি বিষয়। এই সৌন্দর্য বা এই যৌবন তো আর চিরকাল থাকবে না, কিন্তু পারস্পরিক যে বোঝাপড়া বা বন্ধন দুজনের মাঝে গড়ে উঠবে, সেটাই সুখী দাম্পত্যের মূল বিষয়। বয়স বা প্রজন্মের বড় ব্যবধান এতে অনেকটাই বাধা হয়ে দাঁড়াতে পারে। ভুল বোঝাবুঝি, সন্দেহপ্রবণতা বা নিরাপত্তাহীনতাবোধ কিংবা অল্প বয়সী স্ত্রীর প্রতি অতিরিক্ত সচেতন বা প্রটেকটিভ হয়ে ওঠা—এগুলো বিচিত্র নয় বেশি বয়সী স্বামীটির পক্ষে। অন্যদিকে, একটি কম বয়সী মেয়ে স্বামীর কাছে যা আশা করেন বা যে স্বপ্ন দেখেন, তা পূরণে ব্যর্থ হলে হতাশা বা অতৃপ্তির জন্ম হতে পারে তাঁর মধ্যে। অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা যেমন পরকীয়া—এ ধরনের অসম বয়সী বিবাহে ঘটে যাওয়াটা আশ্চর্যের নয়। একটি সম্পর্ক গড়ে তোলা ও লালন করার ক্ষেত্রে দুজনের মানসিক বোঝাপড়াটা তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর বিষয়টা সহজ হয় দুজনের বয়স ও মনন কাছাকাছি হলে। বিয়ের সিদ্ধান্তের সময় তাই সঙ্গীর চিন্তাভাবনার জগৎ বা মানসিকতা কতটা মিলবে, সেদিকেই জোর দেওয়া উচিত—অন্য কোনো কিছুর চেয়ে।