তরুণীদের নজর কাড়ছে ‘তাগা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশজ জিনিসের মধ্যে যে ভিন্নতা ও কোয়ালিটি আছে তা এখানে আসলে বোঝা যায়। তা ছাড়া এক ছাদের নিচে জামাকাপড় থেকে ঘরকন্নার সব জিনিসই পাওয়া যায়।’ বলছিলেন পাঞ্জাবি কিনতে আসা দক্ষিণ খুলশির মেরিন প্রকৌশলী মাহবুবুর রহমান। গত শুক্রবার আড়ং ঘুরে দেখা যায়, সকাল থেকেই কেনাকাটা বেশ জমে উঠেছে। আড়ংয়ের আউটলেট তত্ত্বাবধায়ক মরিয়ম আক্তার বলেন, ‘২২ জুলাই থেকে ঈদের পণ্য আসতে শুরু করেছে। এবার নতুন এসেছে তাগা। নিটিং ফেব্রিক দিয়ে তৈরি এ পোশাক বিদেশিরাও বেশ পছন্দ করছে। আর সালোয়ার-কামিজে ট্রেন্ড এসেছে লম্বা কাট। এ ছাড়া শাড়ি, পাঞ্জাবি ও বাচ্চাদের সব পোশাকেই এসেছে নতুনত্ব।’ শাড়ির বিভাগে কথা হয় কেনাকাটা করতে আসা ক্যান্টনমেন্ট এলাকার নাজিয়া রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘যেহেতু গরম তাই সুতির মধ্যে কাজ করা শাড়ি খুঁজছি। পছন্দ হলেই কিনে ফেলব।’আড়ংয়ে সাধারণ সুতি ও তাঁতের ব্লক, অ্যাপ্লিক, হাতের কাজের শাড়ি পাওয়া যাবে ৭০০ থেকে সাত হাজার টাকায়। কাতানে এসেছে বেশ কিছু নতুন ডিজাইন, এগুলোর দাম পড়বে প্রায় সাত হাজার থেকে ১৩ হাজার টাকা। হাফ সিল্ক ও পাবনার জামদানি পাওয়া যাবে চার হাজার থেকে ২১ হাজার টাকায়। আর সিল্ক, মসলিন, অ্যান্ডি ও সুতির মিশ্রণে তৈরি সুতা, ইরি ও জরির কাজ করা শাড়ি পাওয়া যাবে আট হাজার থেকে ২৬ হাজার টাকায়।সুতি, মসলিন, অ্যান্ডি, সিল্ক কাপড়ের ওপর ব্লক, হাতের কাজ, মেশিন অ্যামব্রয়ডারি, অ্যাপ্লিক করা সালোয়ার-কামিজ পাওয়া যাবে এক হাজার ৫০০ থেকে ১৪ হাজার টাকায়। শাড়ি ও সালোয়ার-কামিজের সঙ্গে মিলিয়ে ক্ল্যাচ ব্যাগ পাওয়া যাবে ৪০০ থেকে এক হাজার ৩০০ টাকায়। জুতা পাওয়া যাবে ৬০০ থেকে এক হাজার ৭০০ টাকায়। তাগা ফতুয়া বা টপস পাওয়া যাবে এক হাজার ১০০ থেকে এক হাজার ৩০০ টাকায়। তাগা স্কার্ট ৫০০ থেকে দুই হাজার টাকা। ট্রাউজার ৪৪৬ থেকে এক হাজার ২০০ টাকা। পাঞ্জাবির মধ্যে নতুন এসেছে কটিদার পাঞ্জাবি। ছেলেদের দোপিয়ান, সুতি, সিল্ক, মসলিন ও কাতানের কাপড়ে হাতের কাজ, জারদৌসি, হ্যান্ড অ্যামব্রয়ডারি করা পাঞ্জাবি পাওয়া যাবে ৭০০ থেকে সাত হাজার টাকায়। ছেলেদের জুতা পাওয়া যাবে ৬০০ থেকে এক হাজার ৬০০ টাকায়। শর্ট কুর্তা ৫০০ থেকে এক হাজার ১০০ টাকা। শার্ট ৯৮৫ থেকে এক হাজার ৫০০ টাকা। ছোটদের দুই বছর থেকে ১৫ বছর পর্যন্ত সুতির ফতুয়া পাওয়া যাবে ৩০০ থেকে ৬৫০ টাকায়। গ্রেভারটিন, জিন্স ও সুতির থ্রি কোয়ার্টার প্যান্ট পড়বে ৩৫০ থেকে ৬৫০ পর্যন্ত। গরমের কারণে বাচ্চাদের সুতির স্লিভলেস সালোয়ার-কামিজ ও ফ্রকের চাহিদা বেশি। এগুলোর দাম পড়বে ৩৩০ থেকে এক হাজার ৫০০ পর্যন্ত। বাচ্চাদের সুতির চেক শার্ট পাওয় যাবে ২৫০ থেকে ৪৫০ পর্যন্ত। ফরমাল শার্ট এক হাজার থেকে এক হাজার ২০০ পর্যন্ত। শার্ট-প্যান্টের সেট পড়বে ৪৫০ থেকে ৭০০ পর্যন্ত। এ ছাড়া রয়েছে বাচ্চাদের জুতা। যা পাওয়া যাবে ৩০০ থেকে এক হাজার ২০০ টাকায়। জামদানি, বালুচরি, মসলিন, হাফসিল্ক, সুতির দোপাট্টা ও স্কার্ফ পাওয়া যাবে ২৫০ থেকে ৬০০ টাকায়। এ ছাড়া আছে সোনা, রুপা ও হীরার জুয়েলারি ও কিছু ফ্যাশন জুয়েলারি। আর গৃহসজ্জার যাবতীয় জিনিসপত্র তো রয়েছেই।