তরুণের সুগন্ধি
গরম মানেই ঘাম, আর ঘাম মানেই দুর্গন্ধ। অনেকে এমন মনে করলেও, একটু চেষ্টাতেই গরমেও থাকা যায় ঝরঝরে, সতেজ। আর এ জন্য চাই সুগন্ধি। কেতাদুরস্ত তরুণদের কাছে বডি স্প্রে ও পারফিউম পোশাকের মতোই অপরিহার্য। কলেজের তরুণ, বিশ্ববিদ্যালয়ের যুবা কিংবা অফিসের ট্রেন্ডি কর্মকর্তা—সবার কাছেই বাড়ছে বডি স্প্রে ও পারফিউমের চাহিদা।এইচএসবিসি ব্যাংকে কাজ করছেন আসিফ। প্রতিদিন গোসলের শেষে রোল অন এবং একটা বিশেষ ব্র্যান্ডের পারফিউম ব্যবহার না করলে দিন যেন শুরুই হতে চায় না তাঁর। বললেন, ‘কর্মব্যস্ত দিনে মনটা সতেজ রাখতে রোল অন এবং একটা ব্র্যান্ডেড পারফিউমের জুড়ি নেই। অফিসে আমার স্মার্ট ইমেজ ধরে রাখতেও এটি সাহায্য করে।’হেয়ারোবিক্সের রূপবিষয়ক পরামর্শদাতা তানজিমা শারমিন জানান, মেয়েদের তুলনায় ছেলেদের বাইরে থাকতে হয় বেশি, তাই তাঁদের ঘামও হয় বেশি। ছেলেদের রূপচর্চা বলতে আসলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাকেই বোঝায়। আর এ কারণেই ছেলেদের রোল অন অথবা বডি স্প্রে এবং পারফিউম ব্যবহার করা জরুরি।ভাবছেন, রোল অন, বডি স্প্রে আর পারফিউমের মধ্যে আবার পার্থক্য কী, সবই তো সুগন্ধি! তাই আপনাকে জানিয়ে দিই, প্রতিটির ধরন আর ব্যবহার কিন্তু আলাদা। প্রতিদিন গোসল শেষে রোল অন ব্যবহার করলে সারা দিন ঘামের দুর্গন্ধ থেকে মুক্ত থাকবেন। এটি ব্যবহার করলে সারা দিন আপনার ঘাম হবে না। বডি স্প্রে ব্যবহার করেও সুগন্ধি পাওয়া যায় বটে, তবে তা ক্ষণস্থায়ী। কাজের ফাঁকে হুট করে কোথাও চলে যাওয়ার আগে গায়ে বুলিয়ে নেওয়া একটুখানি বডি স্প্রের পরশ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে অনেকখানি। আর পারফিউমের কথা তো বলাই বাহুল্য, একটি ভালো ব্র্যান্ডের পারফিউম আপনার পোশাককে সুবাসিত করে রাখবে অনেকক্ষণ।বিশেষ অনুষ্ঠানে কিংবা অফিসে যাওয়ার আগেও ছেলেরা পারফিউম ব্যবহার করেন। সে ক্ষেত্রে ফুলের সুগন্ধি নির্বাচন না করাই ভালো। বাজারে শুধু ছেলেদের জন্য তৈরি সুগন্ধি পাওয়া যায়, সেটাই ব্যবহার করা উচিত। বহুল পরিচিত কোম্পানির সুগন্ধিই নির্বাচন করুন। আর হালকা করে স্প্রে করে নিন ঘাড়ে ও গলায়। একটি ভালো মানের সুগন্ধি যেকোনো পরিবেশে আপনার গুরুত্ব বাড়িয়ে তুলবে অনেকখানি।রোল অন, বডি স্প্রে, ডিওডোরেন্ট কিংবা পারফিউম—যে নামেই চিনুন আর যেভাবেই ব্যবহার করুন, ব্যবহারে হতে হবে একটু সাবধানী। অনেকেরই রোল অন ব্যবহার করার পর র্যাশ, দাগ অথবা হালকা চুলকানি হতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই ব্র্যান্ড পরিবর্তন করা উচিত এবং বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো উচিত।ঢাকার পান্থপথে অবস্থিত দোকান জর্ডানার বিক্রয়কর্মী মিঠুন জানান, বাজারে এখন নতুন অনেক ব্র্যান্ডের বডি স্প্রে এসেছে। এক্স, নাইকি, নিভিয়া, এক্স মেন, রেক্সোনা মেন, স্মার্ট, কোরাম, নেটওয়ার্ক, সিগার, গলফ মেন, এডিডাস, ডেনিম, ডেভিড বেকহ্যাম—হরেক রকম বডি স্প্রের ব্র্যান্ড এসেছে। পারফিউমের চেয়ে বডি স্প্রের দাম কম। ২০০ থেকে ৭০০ টাকার মধ্যেই ছেলেদের বডি স্প্রে পেয়ে যাবেন। এর মধ্যে সবচেয়ে পরিচিত ব্র্যান্ড এডিডাসের দাম পড়বে ৪০০, এক্স ২৫০, বেকহ্যাম ৩৫০, ডেনিম ২০০, জোভান ২২০ টাকা ।ঢাকার ধানমন্ডিতে অবস্থিত নন্দন মেগাশপের ডেপুটি ম্যানেজার ডলি বলেন, ছেলেরা পারফিউমের ক্ষেত্রে পরিচিত ব্র্যান্ডগুলোই বেশি ব্যবহার করেন। জানা-অজানা পারফিউমের ব্র্যান্ড আছে অনেক। যেমন টু মেন, ওয়ান ম্যান শো, অ্যাটিটিউড, পোলো ব্ল্যাক, শ্যানেল, ল্যাকোস্টে, আরমানিস ডেভিন, ডেভিডফের অ্যাডভেঞ্চার, অ্যাডিডাস ইত্যাদি। ব্র্যান্ড অনেক, তাই দামেও আছে রকমফের। যেমন, ডাবল ৭৫০, ওয়ান ম্যান শো ৯০০, ল্যাকোস্টে ২০০০, হুগো বস ২২৫০, ডেভিডফের অ্যাডভেঞ্চার ২২৫০, টু মেন ৩০০০, শ্যানেল ৩২০০, অ্যাটিটিউড ৩২৫০, পোলো ব্ল্যাক ৩২৫০ টাকা।