তরুণেরা এখনই নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল রেজওয়ান ইয়ুথ ইন অ্যাকশন অন ক্লাইমেটের পক্ষ থেকে গিয়েছিলেন কোপেনহেগেনে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে। এই তরুণ জানাচ্ছেন তাঁর অভিজ্ঞতার কথাকোপেনহেগেনে বসে আমরা যখন চিন্তা করছি বাংলাদেশের তরুণদের আরও কীভাবে জলবায়ু আন্দোলনে সম্পৃক্ত করা যায়, ঠিক তখন নেপালের রিশি, মানজিত, সুসিলারা দক্ষিণ এশিয়ার তরুণদের নেতৃত্ব দিচ্ছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনে। ভারতের দীপা, লীলা, রুচিদের সময় কাটে বিশ্বের দক্ষিণের দেশগুলোর তরুণদের জন্য একটি সমন্বিত জলবায়ু আন্দোলনের সূচনায়। তরুণদের সবাই ব্যস্ত কোপেনহেগেনের জলবায়ু সম্মেলনে। কেউ ব্যস্ত বিভিন্ন প্রচারে, কেউ বা ব্যস্ত বিভিন্ন কর্মসূচিতে। এবারই প্রথম জাতিসংঘ তরুণদের আনুষ্ঠানিক অনুমোদন দেয় সম্মেলনে অংশ নেওয়ার। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থাকে সংক্ষেপে বলা হয় ইউএনএফসিসি। আমাদের দাবি-দাওয়া ও বিভিন্ন কর্মসূচি তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল সিঙ্গাপুরের উইলসন আর চীনের লিনার। সম্মেলন শুরু হওয়ার মাসখানেক আগে থেকেই কাজটি করে যাচ্ছিল তারা এবং পুরোটাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে।আমরা যেন সফলভাবে অংশ নিতে পারি, সে জন্য সম্মেলন শুরুর আগেই দুই দিনব্যাপী ৫-৬ ডিসেম্বর ২০০৯ ছিল কনফারেন্স অব ইয়ুথ। কোপ-১৫তে কীভাবে কার্যকর দিন কাটাতে পারি, অভিযোজন, প্রযুক্তির ব্যবহারসহ জলবায়ুবিষয়ক আলোচনার পাশাপাশি আমরা আমাদের অভিজ্ঞতা বিনিময় করেছি অন্য দেশের তরুণদের সঙ্গে। আন্তর্জাতিক ও আঞ্চলিক জলবায়ু আন্দোলনে তরুণদের অংশগ্রহণ, বিশ্বনেতারা যেন জলবায়ুবিষয়ক আইনগত চুক্তিতে পৌঁছাতে পারেন, সে জন্য তরুণদের পক্ষ থেকে কী ধরনের কর্মসূচি পালন করা যায়, তাও আলোচনা হয়েছে তরুণদের এই কনফারেন্সে। পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিসের মহাসচিব কুমি নাইডুসহ অনেকেই এসেছিলেন আমাদের আনুপ্রাণিত করতে। ‘তরুণেরা শুধু ভবিষ্যতের নেতা নয়, তরুণেরা এখনই নেতা’—এ কথা বলে আমাদের উত্সাহিত করেছেন তাঁরা। সম্মেলনের শেষ দিন আমরা বিভিন্ন দলে নিজেদের ভাগ করে নিই কোপ-১৫তে আমাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে। আমাদের কাজ যেন আমরা ঠিকভাবে করতে পারি, সে জন্য ছিল বটম লাইনিং টিম, গণমাধ্যমে তরুণদের কথা তুলে ধরতে ছিল মিডিয়া টিম, তাত্ক্ষণিক অ্যাকশন আয়োজনের জন্য অ্যাকশন টিম ছিল সদা তত্পর; পলিসি টিম ব্যস্ত ছিল জলবায়ু পরিবর্তনের ইস্যুতে আমাদের অবস্থান নির্ধারণে।কনফারেন্স অব ইয়ুথ শেষ হওয়ার পরদিনই শুরু হয় কনফারেন্স অব পার্টিজ, যাকে সংক্ষেপে বলা হয় ‘কোপ’। কিন্তু অনেকেই মনে করেন, কোপেনহেগেনে অনুষ্ঠিত হচ্ছে বলেই একে কোপ বলা হয়। সম্মেলন কেন্দ্র বেলা সেন্টারের বাইরে থেকে বোঝার উপায় নেই যে ভেতরে কী বিশাল আয়োজন! এমন কোনো আন্তর্জাতিক সংস্থা নেই, যারা কোপ-১৫তে অংশ নেয়নি। কোপ-১৫-এর প্রথম দিন থেকেই শুরু আমাদের কার্যক্রম—কখনো সাইড ইভেন্টে, কখনো প্লিনারিতে, কখনো ৩৫০-এর স্টলে। বিভিন্ন দলে ভাগ হয়ে নানা ধরনের কার্যক্রম, নানা জায়গায় হরেক রকম সভা—সকাল থেকে রাত, কখনো বা মধ্যরাত; তার পরও ঘুম নেই কারও চোখে। আগের দিনের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি পরের দিনের কাজের পরিকল্পনা চলে রাতভর। নির্ঘুম রাত, তার পরও কোনো ক্লান্তি নেই। চলে একের পর এক কার্যসূচির পরিকল্পনা।২০৫০ সালে আপনার বয়স কত হবে—এ স্লোগান সামনে রেখে ১০ ডিসেম্বর বেলা সেন্টারে পালন করা হয় তরুণ ও ভবিষ্যত্ প্রজন্ম দিবস। কমলা রঙের টি-শার্ট পরে আমরা ঘুরে বেড়াই পুরো বেলা সেন্টার; চেষ্টা করি বিভিন্ন দেশ থেকে যাঁরা মূল আলোচনায় অংশ নিতে এসেছেন, তাঁদের দৃষ্টি আকর্ষণের, যেন তাঁরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা কার্যকর চুক্তি উপহার দেন।ফিজির সুভাষিণী রাজের সঙ্গে দেখা হয় এই দিনে। সে বলেছিল সমুদ্রের বুকে পরম মমতায় গড়ে ওঠা তার দেশের কথা। জলবায়ু পরিবর্তনের ফলে তারা কী ধরনের সমস্যা মোকাবিলা করে, তা নিয়েও কথা হয়েছিল তার সঙ্গে। তাদেরও একটাই দাবি, আইনগত চুক্তি। পাহাড়ের বরফ গলে গেলে কী ধরনের সমস্যা হবে, তা প্রদর্শনের মধ্য দিয়ে ১২ ডিসেম্বর আমরা পালন করি বিশ্ব পাহাড় দিবস। জলবায়ু পরিবর্তনের ফলে পাহাড়ের বরফ যে গলতে শুরু করেছে, তা জানতে বাকি নেই কারোরই। এ আয়োজনেই দেখা হয় মাদাগাস্কারের প্রিসকার সঙ্গে। সে বলছিল, আমাদের ভবিষ্যত্ জীবন কীভাবে কাটাব তা নির্ভর করছে আমাদের সরকার ও বিশ্বনেতাদের হাতে। এটা এখন তাঁদের নৈতিক দায়িত্ব যে আমাদের সুন্দর একটি ভবিষ্যত্ উপহার দেওয়া।বিশ্বনেতাদের সচেতন করার জন্য তরুণদের আরেকটি কর্মসূচির নাম ছিল ‘ক্লাইমেট জাস্টিজ ফাস্ট’। অস্ট্রেলিয়ার আনা কেনান, সুইডেনের সারা সেভেনসন, ফ্রান্সের ম্যাথিউ পুরো ৪৪ দিন শুধু পানি খেয়ে ছিলেন কোপেনহেগেনে একটি ন্যায্য ফলের আশায়। সারাকে জিজ্ঞেস করেছিলাম, তাদের দেশে তো জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির সমস্যা আমাদের চেয়েও কম, তার পরও তারা এত সোচ্চার কেন। সারা বলল, বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে যারা দুর্ভোগে পড়ছে, তাদের প্রতি সহমর্মিতা জানানোর জন্যই তাদের এই আয়োজন। সে আরও বলল, ‘আমি যদি আমার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের বাইরে গিয়ে কিছু করতে পারি, তাহলে বিশ্বনেতারা কেন পারবেন না?’ বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য তরুণদের পক্ষ থেকে বেলা সেন্টারে আয়োজন করা হয় ‘ফ্ল্যাগ অ্যাকশন’ নামে আরেকটি কর্মসূচি। বিশ্বের মানচিত্র থেকে একটি দেশও যেন হারিয়ে না যায়, এই দাবি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পতাকা হাতে ছিল আমাদের এই আয়োজন। বাংলাদেশের পতাকা নিয়ে জার্মানির কাইয়ের পাশেই দাঁড়িয়েছিলাম আমি। পরিবেশ বিষয়ের ওপর পিএইচডি করতে জার্মানি থেকে ডেনমার্ক আসা তার। বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর তরুণদের অভিজ্ঞতা শুনতেই সম্মেলনে যোগ দেয় সে। সে বলছিল তার আশার কথা। বিশ্বনেতারা পৃথিবীকে বাঁচাতে হয়তো দ্রুতই কোনো পদক্ষেপ নেবেন। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অব ক্লাইমেট চেইঞ্জের (আইপিসিসি) প্রধান রাজেন্দ্র পাচুরিও আমাদের আশার বাণী শোনাতে এসেছিলেন। সেখানেই তাঁকে প্রশ্ন করেছিলাম, শুধু আশা নিয়ে আর কত কাল আমাদের চলতে হবে? তিনি বলেছিলেন, ‘খুব বেশি দিন নয়, কারণ তরুণেরাই আশাকে বাস্তবে রূপায়ণ করবে। কিন্তু সেই জন্য যেতে হবে বহু দূর।’এত কিছুর পরও শেষ পর্যন্ত কোপেনহেগেন ‘হোপেনহেগেন’ হতে পারেনি। আইনগত চুক্তির বদলে শেষ পর্যন্ত আমরা পেয়েছি অঙ্গীকারনামা, যা আদৌ বাস্তবায়ন হবে কি না, কেউ জানি না। আসলেই আমাদের যেতে হবে বহু দূর—আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের বাংলাদেশের জন্য।[email protected]