তরুণেরা কী না পারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণরা কী না পারে? তারুণ্যে সজীবতা, তারুণ্যেই শক্তি। তাই প্রাণচঞ্চল যুবসমাজকে কেন্দ্র করে যাত্রা শুরু হয় ‘জাতিসংঘ যুব ও ছাত্র সংঘ’ বা ইউসি (ইউনাইটেড নেশনস ইউথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন-ইউনিস্যাব)। জাতীয় এবং আন্তর্জাতিক নানা বিষয়ে যুবসমাজের সচেতনতা সৃষ্টির প্রয়াসে গঠিত হয় জাতিসংঘ যুব ও ছাত্র সংঘ। স্বেচ্ছাপ্রবৃত্ত নানা কর্মকাণ্ডের মাধ্যমে নিজের যোগ্যতাকে প্রমাণ করাই জাতিসংঘ যুব ও ছাত্র সংঘের মূলমন্ত্র। সংঘের সদস্যরা মনে করেন, তাঁদের জন্য ইউনিস্যাব এমন একটি সংগঠন, যার তত্ত্ব্বাবধানে তাঁরা জাতীয় ও বহির্বিশ্বে নিজেদের সামর্থ্য ও যোগ্যতাকে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। ইউনিস্যাবের সদস্য আলী ওয়াসি বলেন, ‘ইউনিস্যাব আমাদের জন্য এমন এক মিলনমেলা, যা সমাজের অসংগতির বিরুদ্ধে দাঁড়াতে এবং ভালো কাজ করতে অনুপ্রাণিত করে।’ জাতিসংঘ যুব ও ছাত্র সংঘ স্থাপনের স্বপ্ন প্রথম দেখেছিলেন সংঘটির সাবেক প্রেসিডেন্ট শাইখ ইমতিয়াজ। ইউনিস্যাবের বর্তমান প্রেসিডেন্ট নাফজ ইমতিয়াজ জানান, সংঘের নির্বাহীসহ সভাপতি ও সহসভাপতির দায়িত্ব পালন করছেন যথাক্রমে শেখ মো. ইরফান উদ্দীন ও জাকির হাসান তিতাস। এ ছাড়া পরিচালক পদে আছেন শুভাশীষ রায়।জাতীয় দিনগুলোর পাশাপাশি জাতিসংঘ প্রবর্তিত নানা দিবসও ইউনিস্যাব যথার্থ মর্য়াদা ও আয়োজনের মাধ্যমে উদ্যাপন করে থাকে। বৈশ্বিক ও জাতীয় বিভিন্ন চাঞ্চল্যকর বিষয়ের সঙ্গে তরুণ সমাজকে সংশ্লিষ্ট করার প্রয়াসে আয়োজন করা হয় গোলটেবিল, মানববন্ধন, শোভাযাত্রা এবং বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান। শুধু তা-ই নয়, যুবসমাজকে সামর্থ্য ও যোগ্য করে তোলার জন্য আয়োজন করা হয় নানা কর্মশালা, প্রতিযোগিতার। বিতর্ক ও উইথ আইকনের মতো প্রতিযোগিতার আয়োজন ইউনিস্যাব প্রতিবছরই বিভিন্ন সময়ে করে থাকে। এ ছাড়া ইউনিস্যাব সদস্যদের নানা অনুষ্ঠান, কর্মকাণ্ড হয়ে থাকে জাতিসংঘ প্রবর্তিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো হলো দারিদ্র্য দূরীকরণ, বিশ্বব্যাপী প্রাথমিক শিক্ষা, নারীর অধিকার প্রতিষ্ঠা, মানসিক স্বাস্থ্যের উন্নতি, শিশু মৃত্যুর হার কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা, এইডস ও বিভিন্ন মরণব্যাধির প্রতিকার এবং বৈশ্বিক উন্নতির জন্য আন্তর্জাতিক বন্ধন জোরদার করা। ইউনিস্যাবের সদস্যরা বিভিন্ন দেশে অনুষ্ঠিত মডেল অব ইউনাইটেড নেশনসে (মুন) অংশ নিয়ে থাকে। সংঘের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ মো. ইরফান উদ্দীন বলেন, মুনের মাধ্যমে ইউনিস্যাব সদস্যদের জ্ঞানের পরিধি বৃদ্ধি ও সুযোগ সৃষ্টি হয় এবং মুনে অংশ নিয়ে তারা সংঘবদ্ধভাবে কাজের শিক্ষা পেয়ে থাকে।ইউনিস্যাব প্রতিবছর সদস্য নিয়ে থাকে। নতুন সদস্যভুক্তির ফলে ক্রমেই সংস্থাটির পরিধি বিস্তৃতি হচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়—সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইউনিস্যাবের সদস্য হিসেবে কাজ করে থাকেন।