তরুণেরা গেয়েছিল জীবনের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুমী, আজাদের মতো তরুণেরাই জীবন বাজি রেখে উত্তরসূরিদের উপহার দিয়ে গেছে একটি দেশ। ছবি: সংগৃহীত
রুমী, আজাদের মতো তরুণেরাই জীবন বাজি রেখে উত্তরসূরিদের উপহার দিয়ে গেছে একটি দেশ। ছবি: সংগৃহীত

একাত্তরে যুদ্ধ করল কারা?
যে কেউ হেসে বলবে, পুরো জাতি।
একদম খাঁটি কথা। ‘দেশের মানুষ একটি দণ্ডে একাত্ম হয়েছিল সেদিন প্রথম’। ওই যে এক বাঁশিওয়ালা বাজালেন বাঁশি আর হাজার বছরের ঘুম থেকে একটি জাতি জেগে উঠল যেন! এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ—তখন এ-ই ছিল এ দেশের পরিচয়।
আমরা যখন মুক্তিযুদ্ধের ওপর তৈরি প্রামাণ্য ছবিগুলো দেখি, তখন অদ্ভুত এক অনুভূতি হয় মনে! আতঙ্কে নীল হয়ে যাওয়া হাজার হাজার মানুষের দল উদ্বাস্তু হয়ে দেশ ছাড়ছে—এ দৃশ্য দেখে কেঁপে ওঠে মন। তারপরই যুদ্ধের মাঠে খালেদ মোশাররফের দৃঢ়চিত্ত নেতৃত্বের ছবি দেখে বুঝতে পারি, আশার আলো কোন দিক থেকে আসছে। হ্যাঁ, ফ্রন্টে তখন মুক্তিকামী মানুষের কাফেলা।
কত ফ্রন্টেই না যুদ্ধটা হয়েছে। অস্ত্র হাতে যুদ্ধের পাশাপাশি প্রবাসী সরকার বিচক্ষণ নেতৃত্ব দিয়ে, জনগণ সেবা দিয়ে, গান দিয়ে, ফুটবল খেলে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শব্দের গোলা ছুড়ে একাত্ম হয়েছে এই সমরে। আমরা তা ভুলতে পারি না।
এখন, মুক্তিযুদ্ধের সময় থেকে আরও অনেকগুলো বছর পেরিয়ে যখন নৈর্ব্যক্তিক চোখে সেদিকে ফিরে তাকাই, দেখতে পাই লাখো তরুণকে। হ্যাঁ, এ যুদ্ধে অন্য সবার পাশাপাশি তরুণেরা গেয়েছিল জীবনের জয়গান। সে রকম কজন তরুণের কথাই আজ হোক না!
আমরা রুমীর কথা বলতে পারি। জাহানারা ইমামের স্নেহময়ী হাতে উঠে এসেছে রুমীর কথা। সেই সঙ্গে আমাদের চোখের সামনে ভেসে ওঠে হাবিবুল আলম, কাজী কামাল, বদি, বাচ্চু, আজাদ, শাহাদত, স্বপনের মতো আরও অনেক তরুণের মুখ। যদিও তাঁদের সবার ছবি পাওয়া যায় না, তবু মুক্তিযোদ্ধাদের একটা স্থায়ী অবয়ব খোদাই হয়ে যায় আমাদের মনে। আমরা বুঝতে পারি, তরুণেরা সেদিন পাকিস্তানি সেনাদের ভয়ে পালিয়ে যায়নি। তারা বুঝেছে, বাঁচার একটিই পথ—আর তা হলো মৃত্যুর সঙ্গে অবিরাম লড়াই করা।
এখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নির্বিবাদ ছেলে বা মেয়েটি হয়তো ভাবতেও পারবে না, তাদের বয়সে একটি প্রজন্ম পড়ার বইকে কিছুকাল বিশ্রামে রেখে হাতে তুলে নিয়েছিল অস্ত্র। কত যে ঘটনা! প্রাপ্তবয়স্ক হতে না পারায় মুক্তিবাহিনীতে নেওয়া হবে না জেনে কত কিশোর কান্নায় ভিজিয়েছে চোখ, তারপর তাদেরই কেউ কেউ জেদের কারণে থেকে গেছে মুক্তিযোদ্ধাদের সঙ্গে। করেছে যুদ্ধ!
রুমী, বদি, বাচ্চু বা যাঁদের নাম বলা হলো একটু আগে, তাঁদের সবার বয়স তখন কুড়ির ঘরে। রুমীর স্কলারশিপ হয়ে গিয়েছিল, বিদেশে গিয়ে নিজেকে বাঁচাতে পারতেন তিনি। জুয়েল ছিলেন তুখোড় ক্রিকেটার, প্রাদেশিক দলের হয়ে কায়েদে আজম ট্রফিতেও খেলে এসেছিলেন, কাজী কামাল ছিলেন বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড়। ওয়ান্ডারার্স দলে খেলতেন তিনি। পাকিস্তানের জাতীয় অলিম্পিকেও অংশ নিয়েছেন তিনি কয়েকবার। ১৯৭১ সালে জাতীয় দলের ট্রায়ালেও ডাক পান তিনি। কিন্তু তখন তাঁকে দেশমাতৃকা ডাকছে। মায়ের ডাকটাকেই আপন করে নিয়েছিলেন কাজী কামাল। মুফতি মোহাম্মদ কাসেদের তখনকার পূর্ব পাকিস্তানে দাবায় র্যাঙ্কিং ছিল ২। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তখন। অংশ নিয়েছেন যুদ্ধে। আবার বিপরীত গল্পও তো আছে। আমরা যদি মজিব নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট্যান্সির দ্বিতীয় বর্ষে পড়ুয়া এক ছেলের কথা বলি, তাহলে দেখা যাবে মুসলিম লীগের এক কুখ্যাত দালালের ছেলে তিনি। মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে এসেছেন। তিনি বলেন, ‘আমার বাবা আর দালালি করবেন না। আমরা যুদ্ধ করতে চাই। আমরা জয় বাংলা চাই। বাংলাদেশের স্বাধীনতা চাই।’ (গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে, মাহবুব আলম)।
আমরা দেখছি, গ্রামের কৃষক সন্তান, মুদি দোকানদার, যাত্রার সং, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী—কে যাননি যুদ্ধে? জীবন যখন বাঁচা-মরার মধ্যে একটা সরু সুতা হয়ে ঝুলতে থাকে, তখন তরুণেরা আর হাল ছেড়ে বসে থাকতে পারে না। তারা সে যুদ্ধে নিজেদের সেরাটাই ঢেলে দেয়। এ পথই তরুণদের চলাচলের পথ।
এখন যারা তরুণ, তারা নিশ্চয়ই তাদের সেই সব পূর্বসূরির কথা মনে রাখবে। এবং বুঝবে, তাদের বয়সী একটি প্রজন্ম জীবন বাজি রেখে উত্তরসূরিদের উপহার দিয়ে গেছে একটি দেশ।
এ বড় গর্বের। এ বড় অহংকারের।