তরুণেরা জানুক একাত্তরের গণহত্যা

অনেক গুছিয়ে হয়তো গণহত্যার সংজ্ঞা বলা যায়। তবে একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ প্রচলিত গণহত্যার সংজ্ঞাকেও যেন হার মানায়। মুক্তিযুদ্ধের সেই দুঃখগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি উদ্যোগ ‘উইন্টার স্কুল’। এখানে তরুণেরা জানছেন মুক্তিযুদ্ধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া সম্পর্কে। মুক্তিযুদ্ধ জাদুঘরের সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিস আয়োজিত এই আবাসিক কর্মশালার এবার ছিল তৃতীয় আয়োজন। যেখানে অংশ নিয়েছিলেন দেশ ও বিদেশের ৩২ জন তরুণ। তাঁরা যেমন বিশ্বখ্যাত গবেষকদের ক্লাস করেছেন, তেমনি ছুটে গেছেন মুক্তিযোদ্ধাদের কাছে, পরিদর্শন করেছেন বধ্যভূমি ও পাকিস্তানি বাহিনীর নির্যাতনকেন্দ্র।
এক সপ্তাহের এই কর্মশালার শেষ দিন ছিল ১৯ ডিসেম্বর। সেদিন সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে তাঁরা এসেছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন আঙিনা আগারগাঁওয়ে। চোখে-মুখে তাঁদের তখনো লেগে আছে দৃঢ়প্রত্যয়ী অভিব্যক্তি। সেখানেই কথা হয় চট্টগ্রাম থেকে আসা নিহার দাশের সঙ্গে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে আমি সব সময়ই আগ্রহী। সে জন্যই এখানে আসা। গণহত্যা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু এখানে এসে জেনেছি।’
উইন্টার স্কুলে বাংলাদেশিদের সঙ্গে ছিলেন কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা থেকে আসা চার তরুণ। কম্বোডিয়ার ন্যু সেরি ভেথনার কাছে জানতে চেয়েছিলাম কী জানালেন এই স্কুলে? ‘এই সুযোগ আমার জন্য সম্মানের। এখানে অনেক বুদ্ধিজীবীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। সুন্দর বাংলাদেশ গড়তে তাঁদের সংগ্রামের অতীত অভিজ্ঞতা শুনেছি।’
উইন্টার স্কুলের আরেক অংশগ্রহণকারী জেরিন আন্নি। সাতজনের একটি দলের সঙ্গে গিয়েছিলেন ঢাকার কেরানীগঞ্জে। সেখানে তাঁরা মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা শুনেছেন, পরিদর্শন করেছেন গণকবর ও স্মৃতিস্তম্ভ। কেমন ছিল সে অভিজ্ঞতা? জেরিন আন্নি বলেন, ‘কেরানীগঞ্জে মুক্তিযুদ্ধের নিদর্শন দেখে আমি সমৃদ্ধ হয়েছি। নিজেকে খুব ভাগ্যবান মনে হয়েছে এমন মানুষদের সঙ্গে কথা বলে।’
তাঁরা কেরানীগঞ্জে গিয়েছিলেন চার দলে ভাগ হয়ে। সেখানকার ঘাটারচর এলাকার গণকবর, মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ, আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী ও প্রত্যক্ষদর্শী এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ ও ঘটনাবহুল স্থান পরিদর্শন করেন। কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের আলীনগর গ্রামে নিখোঁজ ১১ জন শিক্ষার্থীর স্মৃতিস্তম্ভ দেেখ এই দলটি। নারী মুক্তিযোদ্ধা শরীফুননেছার বাড়িতে গিয়ে তাঁর মুখ থেকে মুক্তিযুদ্ধে তাঁর অভিজ্ঞতার কথা শোনা হয়। তারানগর ইউনিয়নের ভাওয়াল এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় পুড়িয়ে দেওয়া খানবাড়ি পরিদর্শন করেন তাঁরা।
উইন্টার স্কুলের একজন পরামর্শদাতা ইমরান আজিজ বলেন, উইন্টার স্কুল এমন একটি কার্যক্রম, যা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও তথ্য, মুক্তিযুদ্ধ-পরবর্তী নানান বিতর্ক নিয়ে এই সময়ের তরুণ প্রজন্মকে জানায়। তাঁদের মধ্যে দেশপ্রেম জাগায় উইন্টার স্কুল।

মুক্তিযুদ্ধ হয়েছে ৪৫ বছর আগে। এখনো অনেক গণকবর অরক্ষিত রয়েছে। যুদ্ধাপরাধীদের অনেকে এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়ান। কেমন হতে পারে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া? ঠিক কেমন করে একটি বিচার-প্রক্রিয়া পরিচালিত হয়ে থাকে, সত্য উদ্ঘাটনের উপায়গুলো কী কী হতে পারে বা কেমন করে করতে হয় প্রকৃত সত্যের উদ্ঘাটন—এসবই জানানো হয় উইন্টার স্কুলে।
শিক্ষার্থীদের শেখানো হয় যুদ্ধ শেষে একটি জাতি কী করে উঠে দাঁড়াবে, মানুষের মধ্যে কী করে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। কেননা যুদ্ধ-পরবর্তী সময়ে মানুষের মধ্যে আত্মবিশ্বাসের অভাব ঘটে থাকে। শুধু এ দেশের গণহত্যাই নয়, পৃথিবীর যেসব দেশে গণহত্যা সংঘটিত হয়েছে সেসব দেশের তথ্য-উপাত্ত জানানো হয়, দেখানো হয় তথ্যচিত্র। শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় সেসব জায়গায়, যেখানে একাত্তরে গণহত্যা সংঘটিত হয়েছিল। সরাসরি মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলার এবং তাঁদের অভিজ্ঞতা শোনার সুযোগও থাকে।
উইন্টার স্কুল কার্যক্রমে কীভাবে শিক্ষার্থীদের যুক্ত করা হয় জানতে চাইলে ইমরান আজিজ বলেন, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। আগ্রহীরা অনলাইনে নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন করেন। সেখানে আমাদের কিছু প্রশ্ন থাকে মুক্তিযুদ্ধ, গণহত্যা, বিচার-প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে। সে সম্পর্কে ছোট্ট একটা সাক্ষাৎকার দিয়ে এই কার্যক্রমে যোগ দেওয়া যায়।
এভাবেই উইন্টার স্কুল মুক্তিযুদ্ধের সঠিক বার্তা পৌঁছে দিচ্ছে আজকের প্রজন্মের কাছে।