
ইন্টারনেটে একটা মজার উক্তি প্রচলিত আছে, ‘প্রযুক্তি হলো নিউইয়র্কের মতো...কখনো ঘুমায় না!’ তাই তো! ঘুমাই বরং আমরা। আর প্রতিদিন ঘুম থেকে উঠে আবিষ্কার করি, নতুন কোনো প্রযুক্তি হয়তো পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছে।
দেশের তরুণ প্রকৌশলী, প্রকৌশলের শিক্ষার্থী বা যাঁরা প্রকৌশল নিয়ে পড়বেন বলে ভাবছেন, তাঁরা কি আগামী দিনের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের এগিয়ে নিতে প্রস্তুত? স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযুক্তিবিষয়ক নানা ধরনের প্রতিযোগিতা হচ্ছে। তরুণেরা সফটওয়্যার, মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন (অ্যাপ), রোবোটিকস এমনকি মহাকাশ গবেষণা নিয়েও কাজ করছেন। কিন্তু ভবিষ্যতের ‘চাওয়া’ হয়তো তার চেয়েও বেশি কিছু!
ফেসবুকের মেসেঞ্জারে কথা হচ্ছিল হিমেল দেবের সঙ্গে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রভাষক ছিলেন, এখন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট করছেন। হিমেলের আরও একটা পরিচয় হলো, ২০১৪ সালে তিনি কম্পিউটার কৌশল বিভাগে ‘আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’ পেয়েছেন। স্নাতক পর্যায়ের গবেষণাপত্রের ওপর ভিত্তি করে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনসের তত্ত্বাবধানে আন্তর্জাতিকভাবে এই পুরস্কার দেওয়া হয়। প্রসঙ্গ শুনে বললেন, ‘ভবিষ্যতের যেসব প্রযুক্তি আমার দৃষ্টিতে অত্যন্ত সম্ভাবনাময়, তার মধ্যে হিউম্যান অগমেন্টেশন, ইন্টারনেট অব থিংস ও অগমেন্টেড রিয়্যালিটি অন্যতম।’
‘একটু বুঝিয়ে বলা যায়?’ হিমেল ব্যাখ্যা করলেন এভাবে, ‘“হিউম্যান অগমেন্টেশন”-এর মূল লক্ষ্য হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা থ্রিডি বায়োপ্রিন্টিংয়ের মতো প্রযুক্তির মাধ্যমে মানুষের শরীরের সক্ষমতা বৃদ্ধি করা, যা অদূর ভবিষ্যতে মেটা-হিউম্যানদের (অতিমানব) গল্পকে বাস্তবে পরিণত করবে। ইন্টারনেট অব থিংস বলতে বোঝায় সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রকে নেটওয়ার্কে সংযুক্ত করার একটা প্রক্রিয়া। এই ধারণা ইতিমধ্যেই প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলেছে। আমার মনে হয়, এই বিষয়টি নিয়ে আমাদের দেশের তরুণদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। পোকেমন গো বা গুগল গ্লাস-এর মাধ্যমে “অগমেন্টেড রিয়্যালিটি” অর্থাৎ একধরনের কাল্পনিক জগতের কিছু নমুনা আমরা দেখেছি। এই বিষয়ে সামনের ৫-১০ বছর অনেক বেশি কাজ হবে বলে আমার বিশ্বাস।’
হিমেল দেবের কথা শুনে চোখে ভাসছিল হলিউডের সাই-ফাই চলচ্চিত্রগুলোর দৃশ্য। প্রযুক্তির সাহায্যে অতিমানব হয়ে ওঠা, সব ধরনের যন্ত্রকে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা কিংবা পরাবাস্তব জগৎ—এসব তো আমরা বিজ্ঞান কল্পকাহিনিতেই পেয়েছি! তবে কল্পকাহিনিকে ছুঁয়ে ফেলার ক্ষেত্রে সীমাবদ্ধতাগুলোও বলছিলেন আরেক তরুণ ফাতিন হাসনাত চৌধুরী। গ্লোবাল রোবোটিকস চ্যালেঞ্জ ২০১৬ প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে জয়ী দলের দলনেতা ছিলেন তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষে পড়ুয়া এই শিক্ষার্থীর মতে, ‘আমাদের দেশে দেখা যায়, সাধারণত শিক্ষার্থীরা এমন সব বিষয়ে কাজ করেন, যেটা নিয়ে এরই মধ্যে বাইরের বিশ্বে কাজ চলছে। ফলে আমাদের গবেষণা শেষ হওয়ার আগেই হয়তো ভিনদেশের কেউ সেটা বাস্তবায়ন করে ফেলেন। তাই আমার মনে হয়, ভাবনার দিক থেকে অন্তত বাইরের বিশ্বে যা চলছে, আমাদের কখনো কখনো তার চেয়েও আরও এক ধাপ এগিয়ে থাকা উচিত।’
এগিয়ে থাকার ইচ্ছা কিংবা চেষ্টা নিশ্চয়ই তরুণদের আছে। প্রযুক্তির দুনিয়ায় কী চলছে, সে খবর অনেকেই রাখেন। নটর ডেম কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ওবায়দুর রহমান। এখন বুয়েটে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। বলছিলেন, ‘আমার আগ্রহ মাইক্রো প্রসেসর নিয়ে। সব যন্ত্র ছোট হয়ে আসছে। ছোট্ট ছোট্ট প্রসেসরে কত বড় বড় কর্মকাণ্ড হয়ে যাচ্ছে। সে জন্যই বুয়েটে তড়িৎকৌশল নিয়ে পড়তে চাই।’
প্রযুক্তিতে নতুন কোন চমকের অপেক্ষায় আছে পুরো পৃথিবী? এই প্রসঙ্গে কথা হচ্ছিল যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি বিদ্যুৎ বিশেষজ্ঞ ড. আরশাদ মনসুরের সঙ্গে। তিনি যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (গবেষণা ও উন্নয়ন)। বুয়েটের এই সাবেক ছাত্র কিছুদিন আগে প্রথম আলোর কার্যালয়ে এসেছিলেন। ভবিষ্যতের বিদ্যুৎব্যবস্থা নিয়ে কাজ করছে তাঁর প্রতিষ্ঠান। আরশাদ মনসুরের কাছে জানতে চেয়েছিলাম, ‘এমন কোনো প্রযুক্তি নিয়ে কি আপনারা কাজ করছেন, যেটা এখন হয়তো “সায়েন্স ফিকশনের” মতো শোনাবে; কিন্তু অদূর ভবিষ্যতে সত্যি হতেও পারে?’ প্রশ্ন শুনে তিনি রহস্যময় হাসি হাসলেন। বললেন, ‘তারহীন বিদ্যুৎ! ছোট্ট পরিসরে এখনই এই গবেষণায় সফলতা এসেছে। কিন্তু মাইলের পর মাইল দূর থেকেও যদি তার ছাড়াই অনেক বেশি বিদ্যুৎ পরিবহন করা যায়, সেটা পৃথিবীতে একটা বিপ্লব আনবে।’ প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশি তরুণদের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলোর দিকে দেখুন, ভারতীয়রা প্রধান নির্বাহী পদে আছেন। আমাদের ছেলেমেয়েরা কেন পারবে না? আমার মনে হয়, আমরা যতটুকু পারি, নিজেদের ওপর ততটুকু বিশ্বাস রাখি না। তরুণেরা যদি আত্মবিশ্বাসী হয়, তাহলে ভবিষ্যতের প্রযুক্তিতে অবদান রাখতে পারে।’