
তরুণদের হাতেই আজ ও আগামীর বাংলাদেশ। তঁারাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা ও কৃষ্টি সবকিছুকে সমৃদ্ধ করবেন।
‘দৃষ্টি ডিবেট ফর জেনারেশন নেক্সট’–এর সমাবর্তন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত বৃহস্পতিবার থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ সাবিহা মূসা। বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম আচার্য, হাবিব তাসকিরাজের পরিচালক সৈয়দ জালাল আহমেদ ও মানবাধিকারকর্মী সাইফুল আলম খান।
বক্তারা আরও বলেন, যুক্তিবোধ যার মধ্যে নেই, সে যেকোনো হিংসাত্মক কাজ করতে পিছপা হয় না। কারণ, তার মধ্যে ন্যায়-অন্যায় বোধ থাকে না। যুক্তিবোধের আলোয় মানুষ কেবল দক্ষ বিতার্কিকই নয়, বোধশক্তিসম্পন্ন সুনাগরিক হয়ে গড়ে ওঠে।
তাঁরা আরও বলেন, বিতার্কিকেরা যখন কিছু ভাবেন, তখন তা যুক্তি দিয়ে বিচার করেন। যুক্তির যেখানে শেষ, সহিংসতার সেখানেই শুরু।
তৃণমূল পর্যায় থেকে বিতার্কিক তুলে আনতে দৃষ্টি এই পাইলট প্রকল্পটি চালু করে। চট্টগ্রামের চারটি বিদ্যালয়ের ১৭৪ জন শিক্ষার্থীকে গত চার মাসব্যাপী বিতর্ক, উপস্থাপনা ও উচ্চারণের নানা দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারী স্কুলগুলো হলো অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয়, সানোয়ারা ইসলাম বালক উচ্চবিদ্যালয়, রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও ইমারুতুন্নেসা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়।
দৃষ্টির সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সাইফ চৌধুরী, যুগ্ম সম্পাদক সাবের শাহ, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক জুনায়েদ কৌশিক, বিতর্ক সম্পাদক কাজী আরফাত, উপবিতর্ক সম্পাদক রিদোয়ান আলম, ডিবেট ফর জেনারেশন নেক্সটের সমন্বয়কারী সৌরভ নাথ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর মধ্যে সনদ প্রদান করা হয়।