তরুণেরাই সত্যিকারের মেধাবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেলসন ম্যান্ডেলা ১৮ জুলাই ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। বিশ্বের বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। ম্যান্ডেলা জীবনের ২৭ বছর কারাগারে কাটিয়েছেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান ১৯৯৩ সালে। তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি (১৯৯৪-৯৯)। ১৯৯৯ সালের ৬ মে চীনের বেইজিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে এই ভাষণ দেন তিনি।বেইজিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা, আজ আপনাদের মাঝে আসতে পেরে এবং কিছু বলার সুযোগ পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। আমার কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার আগে সম্ভবত এটাই আমার শেষ বক্তৃতা, দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক সরকারপ্রধান হিসেবে এটাই হয়তো বা আমার শেষ রাষ্ট্রীয় সফর। নতুন মিলেনিয়াম মানে ২০০০ সালে আমি প্রবেশ করব বেকার হয়ে। আমি জানি না, এরপরে আর কোনো বিশ্ববিদ্যালয় আমাকে এভাবে আমন্ত্রণ জানাবে কি না, সাবেক রাষ্ট্রপতি হিসেবে যে কিনা বুড়ো হয়ে গেছে। আমি অনেক বছর ধরে অনেক দেশে, অনেক বিশ্ববিদ্যালয়ে, প্রতিষ্ঠানে গিয়েছি এবং এর প্রতিটা উপলক্ষই আমার কাছে বিশেষ কিছু বলে মনে হয়েছে। প্রতিটি জায়গাতেই অসংখ্য মানুষের সঙ্গে সম্পর্কের শুরু হয়েছে, এখানে যেমন আজ চীন আর দক্ষিণ আফ্রিকার মধ্যে নতুন সম্পর্কের সূচনা হচ্ছে।গণতন্ত্রের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা সুযোগ পেয়েছিল সেখানকার মানুষের মৌলিক চাহিদাগুলো কী সেগুলো ঠিকভাবে বুঝে ওঠার এবং সেটা করতে গিয়ে আমরা সবার অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছিলাম। আমরা বুঝেছিলাম যে আমরা যদি সঠিকভাবে গণতন্ত্র বিনির্মাণ করতে চাই, তাহলে দক্ষিণ আফ্রিকার সংখ্যাগুরু দরিদ্র মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে হবে সবার আগে।স্বাধীনতা আমাদের কাছে অভিশাপ হয়ে দেখা দেবে যদি-না আমরা লাখো মানুষের অন্ন, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার অভাব দূর না করতে পারি। এসবের জন্য দরকার ছিল শক্ত অর্থনীতি এবং মসৃণ পথচলা। এই একই চ্যালেঞ্জ সব দেশকেই মোকাবিলা করতে হয়—ভালোভাবে বললে পুরো বিশ্বকেই। এই সমস্যার উদ্ভব হয় বিভিন্ন দেশের ওপর, বিশ্ব অর্থনীতির ওপর নির্ভরশীলতা থেকে এবং ধনী-দরিদ্রের ব্যাবধান থেকে। এ সমস্যার সমাধান কোনো দেশ একা করতে পারে না। এ জন্য উন্নয়নশীল দেশগুলোর দিকে বৈদেশিক দাতা সংস্থা, সাহায্যকারী সংস্থাগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।আরেক ধরনের সমস্যা রয়েছে, যা পুরো বিশ্বকেই নাড়া দিচ্ছে। যেটা কিনা বিশ্বশান্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দেশে দেশে যুদ্ধবিগ্রহ থামছে না। এ কারণে কোটি কোটি টাকা, লাখো জীবন নষ্ট হচ্ছে। এসব দূর করে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল।কসভোতে কী হলো? আজকের এই সময়েও কসভোতে যা হলো, তা সত্যিই হতাশার। সেখানে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। সে সময়ে জাতিসংঘের কিছু স্থায়ী সদস্যের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছিল। কিন্তু এগুলো কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে। এ ঘটনার কোনো সুদূরপ্রসারী ভূমিকা নেই তা ভাবলে ভুল হবে। এসব ঘটনার বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ভূমিকা হাজারো প্রশ্নের জন্ম দিচ্ছে। এই সময়ে এসে আন্তর্জাতিক বিশ্ব সংস্থাগুলো, যেগুলো কিনা বিশ্ববাসীর মানবাধিকার নিয়ে, সব রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাজ করে, সেগুলোর অবনমনের ধকল কি বিশ্ব সামলাতে পারবে? বন্ধুরা, বিশ্বভ্রাতৃত্বের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও চীন শুধু নিজেদের সঙ্গে নয়, বরং দুই মহাদেশের সব দেশের সঙ্গেই যুক্ত। ব্যবসা-বাণিজ্য থেকে সবকিছুতেই।আজ এশিয়া মহাদেশ নতুনভাবে মাথা তুলে দাঁড়াচ্ছে, আফ্রিকা নিজেকে নতুন করে গড়ে তুলছে। আর এটা নিশ্চিত করার জন্য এশিয়া ও আফ্রিকার মধ্যে অবশ্যই সুসম্পর্ক থাকতে হবে। এ জন্য সবাইকে সমান বলে বিবেচনা করতে হবে, বিশ্বশান্তির নিরাপত্তা বিধান করতে হবে, আন্তর্জাতিক সংস্থাগুলোকে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সেটাও গণতান্ত্রিকভাবে নেওয়ার অনুশীলন করতে হবে। আফ্রিকাকে হিসাবের বাইরে রাখার প্রবণতা বাদ দিতে হবে অবশ্যই।বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর একটি হিসেবে, বিশ্বে অগ্রগামী হিসেবে চীনের ভূমিকা অনেক। সে জন্য দক্ষিণ আফ্রিকাও চীনের সঙ্গে হাতে হাত রেখে কাজ করতে চায়। দুই সংস্কৃতির মধ্যে পার্থক্য থাকলেও আমরা সবকিছু ভুলে হাতে হাত রেখে কাজ করতে চাই।বন্ধুরা, আজ আমরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি, সেগুলো একেবারেই নতুন, তা কিন্তু নয়। এগুলোর মধ্যে অনেকগুলোই বেশ পুরোনো। এখন ভয় পাওয়ার সময় নয়। এখন সময় হলো নতুন দিনের পথে যাত্রা শুরু করার, নতুন সম্ভাবনার দিনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। নতুন প্রজন্ম যা করতে পারে তা হলো, নতুন দিনের আসছে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া।আমি আগেও যত জায়গাতেই কথা বলেছি, সবাই আমাকে নিশ্চিত করেছেন যে যখনই প্রয়োজন অথবা সুযোগের সৃষ্টি হয়েছে, তখনই পুরো বিশ্ব বিশ্বমানবতার খাতিরে এক হয়ে কাজ করেছে বা এগিয়ে এসেছে।জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতি আজ এমন এক স্থানে এসে উপনীত হয়েছে, যেখানে কিনা নারী-পুরুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করে চলেছে। সবার একটাই লক্ষ্য—মানুষের কল্যাণ সাধন, মানুষের সুন্দর, ঝামেলামুক্ত জীবনযাপন নিশ্চিত করা।আমরা তাই তোমাদের তরুণদের মেধাবী বলে সম্বোধন করি। আহ্বান জানাই ভবিষ্যতে এমন ধরনের নিয়মনীতি প্রণয়ন করার, যেগুলো কিনা আমি যে বিষয়গুলো তুলে ধরলাম, সেগুলো নিশ্চিত করে। যেন চীন ও আফ্রিকার সম্পর্ককে সমুন্নত রাখে। এশিয়া ও চীনের সম্পর্ককে সমুন্নত রাখে।আজ আমাকে যে সম্মান দেখিয়েছেন আপনারা, এ জন্য আরও একবার ধন্যবাদ জানাই আপনাদের।জিয়ে জিয়ে নি (ধন্যবাদ তোমাদের।)সূত্র: ওয়েবসাইট, ইংরেজি থেকে ভাষান্তর: ফয়সাল হাসান